
আগস্ট মাসের শুরুতে পাহাড়ি ঢলে ভেঙে যায় কালভার্ট। এরপর গ্রামবাসীর চাঁদায় নির্মিত হয় বাঁশের সাঁকো। কিন্তু টিকল মাত্র সপ্তাহ খানেক। ঢলের পানিতে সেটি ভেসে যায়। এবার পৌর কর্তৃপক্ষ আরেকটি বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছে। তাও নড়বড়ে হয়ে গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় লোকজন। এই কষ্ট ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামের মানুষের।
সরেজমিনে দেখা গেছে, পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ি ছড়ার ওপর নির্মিত কালভার্টটির ভাঙা অংশ পড়ে আছে। তার ওপর দিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন। কালভার্ট ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ বাগানবািড় সড়কে।
স্থানীয় লোকজন জানান, সাঁকোটি নড়বড়ে হয়ে যাওয়ায় শিশু শিক্ষার্থীরা পার হচ্ছে ঝুঁকি নিয়ে। চলাচলে দুর্ভোগে পড়েছে প্রায় পাঁচ হাজার মানুষ।
পূর্ব ছাগলনাইয়া ওয়ালি উল্লাহ দ্বীনিয়া মাদ্রাসার ছাত্র মো. নুরন্নবী বলে, পারাপারের সময় বাঁশের সেতুটি কাঁপে। এ জন্য সেতুর ওপর দিয়ে যেতে ভয় লাগে।
গ্রামের বাসিন্দা মো. মামুন ও মো. ইউনুস জানান, কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণ না হলে এলাকাবাসীকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুন্সি হোসেন জানান, কালভার্টটি নির্মাণ করা হয়েছে ২০ থেকে ২৫ বছর আগে। ফলে এটি এমনিতেই নড়বড়ে হয়ে গেছে। এখন ঢলে ভেঙে গেছে। দ্রুত কালভার্ট নির্মিত না হলে দুই পাড় ভাঙতে থাকবে।
ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. আলমগীর জানান, কালভার্টটি জলবায়ু তহবিল থেকে পুনর্নির্মাণের জন্য ১৩ লাখ ৪২ হাজার টাকার একটি প্রকল্প তৈরি করে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু হবে।