ভেজাল পোনা বিক্রির তৎপরতা অসাধু ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা-মাছ। তবে ওই ডিম পর্যাপ্ত নয়। অন্যান্য বছরের চাইতে এ বছর প্রায় এক পঞ্চমাংশ ডিম কম পাওয়া গেছে বলে সংগ্রাহকেরা জানান। পোনা সংকটকে কাজে লাগিয়ে কিছু অসাধু মৎস্যজীবী ভেজাল পোনা বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন। তারা রায়পুর এলাকার কৃত্রিমভাবে উৎপাদিত হ্যাচারির পোনা এনে নিজেদের পুকুরে মজুদ করছেন।২২ মে সরেজমিনে দেখা গেছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মদুনাঘাট থেকে সর্তারঘাট পর্যন্ত প্রায় নয় কিলোমিটার এলাকায় ডিম সংগ্রহ করতে তৎপর ছিলেন প্রায় তিন শ মৎস্যজীবী। তাঁরা নৌকা ও জাল নিয়ে ছোটাছুটি করছেন এপ্রান্ত থেকে ওপ্রান্ত। নদীর মদুনাঘাট থেকে নাপিতেরঘাট পর্যন্ত এলাকায় ডিম সংগ্রহের আশায় জাল পেতে বসে থাকতে দেখা গেছে অনেক সংগ্রহকারীকে। তাঁদের বেশির ভাগই এ মৌসুমে কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ করতে না পেরে হতাশ হয়েছেন। এঁদের একজন সোনা রাম দাস জানিয়েছেন, সামান্য ডিম তাঁর জালে উঠেছে। আজিমেরঘাট এলাকায় ডিম সংগ্রহ করতে আসা মৎস্যজীবী ভূপাল বড়ুয়া জানান, সর্তারঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ ছোটাছুটি করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁর মতে, যে পরিমাণ ডিম পাওয়া গেছে সেগুলো পোনায় রূপান্তর করা সম্ভব নয়। তাঁর একসঙ্গী মৎস্যজীবী বলেন, সাত-আট বালতি ডিম পাওয়া গেলে পাঁচ শ থেকে সাত শ গ্রাম পোনা উৎপাদন সম্ভব হতো। এবার কেউ এক-দুই বালতির বেশি ডিম পাননি।এদিকে, পোনাসংকটের সুযোগে স্থানীয় কিছু লোক রায়পুর থেকে কৃত্রিমভাবে উৎপাদিত পোনা এনে পুকুরে জমা করে সেগুলো হালদার পোনা বলে বিক্রির তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ করেন হালদা রক্ষা আন্দোলনের সভাপতি ইকবাল ফারুক। নুরুল হুদা ও মো. ইলিয়াছসহ কয়েকজন অসাধু পোনাব্যবসায়ী একাজে জড়িত বলে অভিযোগে জানা যায়। মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর ছেলে তাজউদ্দিন ফোন ধরে বলেন, দুবছর আগে তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভেজাল পোনা বিক্রির মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। এবারও মিথ্যা প্রচারণা চলছে।হালদা রক্ষা আন্দোলনের সভাপতি ইকবাল ফারুক দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে ডিম সংগ্রহকারীদের সঙ্গে থেকে ডিম সংগ্রহের পদ্ধতি পর্যবেক্ষণ করে প্রথম আলোকে বলেন, ‘এবার কেউ কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ করতে পারেননি।’ তিনি এ মৌসুমে পর্যাপ্ত ডিম না পাওয়ার জন্য হালদার মৎস্যসম্পদ রক্ষায় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন। তিনি জানান, কিছু অসাধু ব্যক্তি হ্যাচারির কৃত্রিম পোনাকে হালদা পোনা হিসেবে চালিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। স্থানীয় অনেকেই অভিযোগ করেছেন, গত এক বছরে নদীর বিভিন্ন স্থানে একশ্রেণীর লোভী মৎস্যজীবী কমপক্ষে এক ডজন মা-মাছ চুরি করে মেরেছে। যান্ত্রিক নৌযানের পাখার আঘাতে মারা গেছে আরও কয়েকটি মা-মাছ। পর্যাপ্ত ডিম না পাওয়া প্রসঙ্গে হালদা গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেছেন, ‘সরকার হালদার মৎস্যসম্পদ রক্ষায় যে প্রকল্প হাতে নিয়েছে তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। এ কারণে প্রতিদিন মা-মাছ চুরি হচ্ছে, যান্ত্রিক নৌযানের পাখার আঘাতে মারা যাচ্ছে। এর অশুভ প্রভাব পড়ছে এখন হালদার ওপর।’ উল্লেখ্য, চৈত্র থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত হালদা নদীতে বজ্রবৃষ্টির মধ্যে মা-মাছ তিন দফায় ডিম দেওয়ার নজির আছে। চলতি মৌসুমে মাসখানেক আগে ঝড়বৃষ্টির মধ্যে মৎস্যজীবীরা নদীতে জাল ফেলে সামান্য ডিম সংগ্রহ করেছিল। তাঁরা আশা করেছিলেন এবার পর্যাপ্ত ডিম সংগ্রহ করতে পারবেন। উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন জানিয়েছেন, এ মৌসুমে হালদায় তিন শ নৌকা নিয়ে ছয় শতাধিক মানুষ ডিম সংগ্রহ করেছেন। তিনি হালদায় পর্যাপ্ত ডিম পাওয়া গেছে দাবি করলেও কী পরিমাণ পাওয়া গেছে তা জানাতে পারেননি।