রাঙামাটিতে জন্ম জিনাত সুলতানার। স্কুল-কলেজের পড়াশোনা রাঙামাটিতে। ২০১৩ সালে মায়ের মৃত্যুতে জীবনে বেশ কিছু পরিবর্তন আসে। চট্টগ্রাম কলেজে অনার্সে ভর্তির পর ইচ্ছার বিরুদ্ধেই বিয়ের পিঁড়িতে বসতে হয় তাঁকে। পাকাপোক্তভাবে চলে আসেন চট্টগ্রামে। বিয়ের পরে চট্টগ্রাম কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেন।
জিনাত সুলতানা জাতিসংঘের একটি সংস্থার অধীনে পুষ্টি ও ভেজাল মসলা নিয়ে কাজ করার সুযোগ পান ২০১৭ সালে। মাঠপর্যায়ে সমীক্ষা করতে গিয়ে দেখেন, বাজারের নামী ব্র্যান্ডের মসলাসহ ৯০ শতাংশ মসলাই ভেজাল। পরে গবেষণা করারও সুযোগ পাওয়া যায়। গত বছর ভেজাল মসলা নিয়ে ভোক্তাদের সচেতন করতে শুরু করেন ‘রন্ধন মসলা’ অনলাইন শপ।
টেলিফোনে জিনাত সুলতানা বলেন, বাজারজাত হওয়া মরিচের গুঁড়ার সঙ্গে পাপরিকা ও ফটকা মরিচ, হলুদের সঙ্গে লেড ক্রোমেট এবং ধনের সঙ্গে হাইড্রোজ ও কাঠের গুঁড়া আর জিরার সঙ্গে পরিকল্পিতভাবে নিম্নমানের কাঁচামাল ভুট্টা ও চালের গুঁড়া মেশানো হচ্ছে। মানুষ ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
জিনাত রাঙামাটির প্রাকৃতিক উপায়ে চাষ করা পাহাড়ি হলুদ ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরিচ এবং হাইড্রোজমুক্ত দেশীয় ধনে, জিরা প্রান্তিক কৃষকের কাছ থেকে কিনে ধুয়ে, রোদে শুকিয়ে তারপর গুঁড়া মসলা তৈরি করছেন। মাছ, মাংস, সবজি ও নুডলসের মসলা পণ্য নিয়ে ই-কমার্সের দেশীয় পণ্যের উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।
জিনাত দৃঢ় গলায় বললেন, টেস্টিং সল্ট ছাড়া পুষ্টি, স্বাস্থ্য ও স্বাদের একটা অপূর্ব মেলবন্ধনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তৈরি হচ্ছে রন্ধন মসলা। রান্নার সময় রন্ধন মসলা অল্প পরিমাণে ব্যবহারেই খাবারের আসল স্বাদ পাওয়া যায়। ব্যক্তিগতভাবে ক্রেতারা দেশ থেকে ফেরার সময় সৌদি আরব, মালয়েশিয়া, জাপান, ইতালি, কানাডা ও দুবাই নিয়ে যাচ্ছেন।
জিনাত জানালেন, এবার কোরবানি ঈদে অনেকেই রন্ধন মসলা স্বজনদের উপহার দিয়েছেন। ঈদের উপহারের গতানুগতিক যে ধারা, তা থেকে বের হওয়ারও নজির তৈরি হয়েছে।
জিনাত ফেব্রুয়ারি মাসে দেশীয় পণ্যের অনলাইন প্ল্যাটফর্ম ‘উই’তে যুক্ত হন আর ১৮ আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭৪ হাজার টাকার বেশি মসলা পণ্য বিক্রি করেছেন। করোনাভাইরাসের কারণে লকডাউনে ২৭ মার্চ থেকে ৫ জুন কার্যক্রম বন্ধ ছিল, তা না হলে বিক্রির পরিমাণ আরও বাড়ত।
নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচিত করানোর ক্ষেত্রে মূলধন সমস্যাসহ বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে বলে জানালেন জিনাত সুলতানা। তবে ব্যবসা করবেন, এ মনোবল বিভিন্ন প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে সামনে এগোতে সহায়তা করেছে।
রাসায়নিক ও কেমিক্যাল সারের ব্যবহার ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজস্ব জমিতে মসলা পণ্য উৎপাদন করে নির্ভরযোগ্য মসলার ব্র্যান্ড হিসেবে পৃথিবীতে সুনাম কুড়ানোর স্বপ্ন দেখছেন জিনাত সুলতানা।