কক্সবাজারের রামু চৌমুহনী স্টেশনে ভেজাল ও বাসি মিষ্টি বিক্রির দায়ে মধুবন রেস্তোরাঁ নামের একটি দোকানের ব্যবস্থাপককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবী চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২৫ জুন সকালে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা ছিল। ওই সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এক বছর পূর্তি উপলক্ষে মিষ্টি খাওয়ানো হয়। কিন্তু মিষ্টি খাওয়ার পর অনেকে অস্বস্তিতে পড়েন। কারণ, মিষ্টিগুলো ছিল বাসি। এরপর বিকেল পাঁচটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মধুবন রেস্তোরাঁর ভেজাল ও বাসি মিষ্টি জব্দ করে দোকানের ব্যবস্থাপক মোহাম্মদ ইদ্রিসকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া মদ্যপ অবস্থায় আটক আবদুল করিম নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড এবং ৪০ লিটার মদসহ আটক আবদুল জব্বারকে এক বছরের কারাদণ্ড দেয়।