
ধরুন, বাজারে গিয়েই দেখলেন এক মজার ব্যাপার! বাজারে টহল দিচ্ছে স্বাস্থ্য পুলিশ, যে পুলিশের কাজ হচ্ছে খাবারের মান তদারকি করা। যেসব দোকানে দীর্ঘদিন ধরে ভেজালবিহীন খাবার বিক্রি হচ্ছে, সেসব দোকানে লাগানো আছে ভেজালমুক্ত লোগো, আর তাই নির্ভরতার সঙ্গে সেখান থেকে আপনি কিনে নিচ্ছেন আপনার পছন্দের খাদ্যসামগ্রী। আর দোকানিরাও এখন অনেক সচেতন, সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘ঘাতক’ তাঁদের মধ্যে এই বোধের উন্মেষ ঘটিয়েছে যে তারা যদি খাদ্যে ভেজাল মেশায়, তাহলে তাতে প্রাণনাশের সমান অপরাধ হয়। ক্রেতারা ভেজালমুক্ত খাবারের গুরুত্ব বুঝতে শিখেছেন ‘জাগরণ’ ক্যাম্পেইনের মাধ্যমে। টেলিভিশনে এখন নিয়মিত আয়োজিত হয় রিয়েলিটি শো ‘হাতেনাতে’—বাজার ঘুরে যেখানে খাদ্যে ভেজালের সঠিক অবস্থা তুলে ধরা হয়। প্রচারমাধ্যমে তুমুল আলোড়ন তুলেছে ভেজালবিরোধী স্লোগান—‘ভেজাল হটাও, জীবন বাঁচাও’।
এমনই সব সৃজনশীল উদ্যোগের উপস্থাপন করে এই বছরের ব্র্যান্ডউইটজ পুরস্কার জিতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর দল ‘দ্য এ ডিম’। দলের চার সদস্য আকিব মঈন, ইফতেকার মাহমুদ, ইমতিয়াজ শাহজাহান ও ইনামুজ্জামান। তাঁরা সবাই বিবিএ ২১তম ব্যাচের শিক্ষার্থী।
ব্র্যান্ডউইটজ আয়োজিত হয় আইবিএ কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে। এবারের ব্র্যান্ডউইটজ আয়োজনের মূল সহযোগী ছিল বম্বে সুইটস ও প্রথম আলো। এছাড়াও মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই এবং এফএম পার্টনার রেডিও এবিসি।
চ্যাম্পিয়ন দলে সদস্যরা জানান, ফাইনালে আমাদের চ্যালেঞ্জ ছিল খাবারে ভেজাল প্রতিরোধে একটি শক্তিশালী মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করা। আমরা আমাদের আইডিয়াগুলো নিয়ে প্রত্যয়ী ছিলাম। তার ফল আমরা বিজয়ী হওয়ার মাধ্যমে পেয়েছি। আমরা যে ধারণাগুলো উপস্থাপন করেছি, তাতে মাত্র সাত কোটি ছয় লাখ টাকায় ভেজালের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান সৃষ্টি করা যায়। তাছাড়া প্রতিবছরই আমাদের এই খরচের পরিমাণ কমে আসবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের অন্যতম বড় ব্র্যান্ডিং প্রতিযোগিতা ব্র্যান্ডউইটজ-এ বিজয়ী হিসেবে দ্য এ ডিম পেয়েছে এক লাখ ৫০ হাজার টাকার প্রাইজমানি। সারা দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ব্র্যান্ডউইটজের মূল পর্বে অংশ নেয়। কিন্তু গত ৩০ আগস্ট, হোটেল র্যাডিসনে আয়োজিত ফাইনালে আসার সুযোগ পায় পাঁচটি দল। তারা হলো আইবিএর তিনটি দল দ্য এ ডিম, সিমপ্লেক্স, শিন্ডিগ; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জেজে অ্যান্ড দ্য চৌধুরীস এবং বিইউপির দল মেডমেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে সেরা হয় দ্য এ ডিম এবং রানার-আপ হয় সিমপ্লেক্স দল। জেজে অ্যান্ড দ্য চৌধুরীস তৃতীয় স্থান অধিকার করে।