
১১ অক্টোবর বেলা তিনটার পর ধানমন্ডির দৃক গ্যালারির দ্বিতীয় তলায় ঢুকলে যে কেউ একটু ভড়কে যেত। গ্যালারির প্রবেশদ্বারে একটা পোস্টারে বিচিত্র চিত্রের প্রদর্শন। চিত্রে দেখা যাচ্ছে, একটা আপেলের ভেতর থেকে একটা পোকা কোনো রকমে প্রাণ নিয়ে পালাচ্ছে। আপেলের ভেতর পোকা দেখে যেখানে মানুষেরই সেই আপেল ফেলে পালানোর কথা, সেখানে এ রকম প্যারালাল ইউনিভার্সের চিত্র কেন? উত্তরটা মিলবে পোস্টারেই। ‘খাবারে ভেজাল’ এটাই এবারের বাংলাদেশ কার্টুন ফেস্টের বিষয়বস্তু। দৃক গ্যলারির দ্বিতীয় তলায় ১২ থেকে ১৪ অক্টোবর হয়ে গেল সেটারই প্রদর্শনী।

শেষবার যখন কার্টুন ফেস্ট হয়েছিল, তখন ওবামা ছিলেন মার্কিন মুলুকের প্রেসিডেন্ট, টিভিতে সুলতান সুলেমান তখনো শুরু হয়নি। অর্থাৎ শেষ কার্টুন ফেস্ট ২০১৪-এর গল্প আজ ‘অনেক অনেক দিন আগের কথা’। দীর্ঘ সাড়ে তিন বছর পর আবারও বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন আয়োজন করল কার্টুন ফেস্টের। মজার ব্যাপার, স্পন্সরের অভাবে তিন বছর প্রদর্শনী আটকে থাকায় শেষমেশ নিজস্ব অর্থায়নে কোনো স্পন্সর ছাড়াই আয়োজিত হলো এবারের প্রদর্শনী, ঠিক যেন পদ্মা সেতুর মতো।

১১ অক্টোবর লাল রঙের নির্ভেজাল সিনথেটিক ফিতা কেটে কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব ও প্রেসিডেন্ট জাহিদ হাসান প্রদর্শনীর উদ্বোধন করেন। বক্তব্যে আহসান হাবীব ওরফে ‘বস’ বলেন, ‘কার্টুন একটা খুবই শক্তিশালী মিডিয়াম। পত্রিকায় একটা আট ইঞ্চির কলামের চেয়ে চার ইঞ্চির একটা কার্টুন মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে। আর এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। কোনো টেক্সট ছাড়া যেসব কার্টুন হয় সেগুলো পৃথিবীর যে কেউই বুঝতে পারবে, সে জন্য ভাষাও জানতে হয় না। আমরা প্রতিবার কার্টুন ফেস্টে সমাজের কোনো অসংগতি নিয়ে কার্টুন করি। আমাদের দেশের অসংখ্য সমস্যার মধ্যে খাবারে ভেজাল একটা অন্যতম সমস্যা। তাই এবার সেটাই কার্টুনের বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে।’ উদ্বোধনের পর সবাইকে মিষ্টির প্যাকেট দিয়ে শুরু হয় প্রদর্শনী, তবে মিষ্টিগুলো নির্ভেজাল ছিল কি না, তা এখনো জানা যায়নি!

তো কেমন হলো এই স্বনির্ভর প্রদর্শনী? এককথায় চমৎকার। ৪২ জন মূলধারার এবং ১৫ জন নবীন কার্টুনিস্টের কার্টুন নিয়ে মোট ৬৭টি কার্টুন ছিল এবার। সবাই এঁকেছেন খাবারে ভেজাল নিয়ে নানা পদের কার্টুন। কারও কার্টুনে রূপকথার স্নো হোয়াইটের বিষাক্ত আপেলটাই হয়ে গেছে প্রিজারভেটিভযুক্ত ভেজাল আপেল, কারও কার্টুনে দেখা যাচ্ছিল দুধে পানি মেশানোর বদলে পানিতে দুধ মেশানোর প্রক্রিয়া, আবার কারও কার্টুনে দেখা গেছে অসৎ ব্যবসায়ীরা চালে ছোট ছোট কংকরের বদলে ব্যবহার করছে ইয়া বড় বড় পাথরের চাঁই! তবে ‘খাবারে ভেজাল’ নিয়ে এসব কার্টুনের মধ্যে একটু ভেজাল কার্টুনও ছিল! মানে কিনা উন্মুক্ত ক্যাটাগরির কার্টুন আর ক্যারিকেচার। এগুলোর মধ্যে ছিল ব্যান্ডশিল্পী আজম খান, কথাশিল্পী হুমায়ূন আহমেদ, আর্টসেলের লিংকন থেকে হরিপ্রসাদ চৌরাসিয়া। আবদুল্লাহ আবু সায়ীদ কিংবা ক্রিকেট দলের কোচ হাথুরেসিংহে পর্যন্ত ‘নন পলিটিক্যাল’ চরিত্রের ক্যারিক্যাচারও ছিল প্রদর্শনীতে।

১৪ অক্টোবর রাত আটটায় পর্দা নামে তিন দিনব্যাপী এই উৎসবের। বরাবরের মতো এবারও কথা দেওয়া হয়, এখন থেকে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছরই হবে কার্টুন ফেস্ট। দেখা যাক, পরবর্তী প্রদর্শনীর জন্য আরও তিন বছর অপেক্ষা করতে হয় কি না!
