ভেজালের রাজ্যে অন্য রকম খামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম খাবার, অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড জাতীয় ওষুধ ছাড়াই মুরগি লালন-পালন এবং ডিম উৎপাদন করছেন ফখরুল ইসলাম। স্বাস্থ্যসম্মত উপায়ে খামার করার স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে সনদও পেয়েছেন তিনি। পেশায় শিক্ষক হলেও সাতকানিয়ার মাদার্শা এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম মুরগির খামারের সঙ্গে যুক্ত হন ১৯৯৬ সাল থেকে। তখন প্রচলিত পদ্ধতিতেই মুরগি পালন করতেন। পরে নিজের চেষ্টায় শুরু করেন ওষুধ ও রাসায়নিক ছাড়া মুরগি ও ডিম উৎপাদন। এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে মুরগি লালনপালনের নাম দিয়েছেন তিনি ‘অর্গানিক ফার্মিং’।১৯৯৫ সালে চট্টগ্রামের এম এম আগা পোলট্রি অ্যান্ড হ্যাচারিজ লিমিটেডের বিপণন ব্যবস্থাপক পদে চাকরি করতেন ফখরুল ইসলাম। ওই সময় চট্টগ্রামে মুরগির মড়ক দেখা দেয়। চিকিৎসা করতে ভারত থেকে আসে বিশেষজ্ঞ দল। ওই দলের সঙ্গে চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন মুরগির খামারে যান ফখরুল। ফখরুল ইসলাম বলেন, ‘মুরগির মৃত্যু নিয়ন্ত্রণে চিকিৎসকদের দেওয়া অ্যান্টিবায়োটিক কাজ করেনি। এরপর তাঁরা হোমিও ওষুধ প্রয়োগ করেন। এতে কাজ হয়। তখন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিল কীভাবে হোমিও ওষুধ আর বিশুদ্ধ খাবার ব্যবহার করে মুরগি ও ডিম উৎপাদন করা যায়।’‘অর্গানিক’ মুরগি ও ডিম উৎপাদনের জন্য ফখরুল ইসলাম, একদিন বয়সী ফার্মের মুরগির বাচ্চা সংগ্রহ করেন। তারপর এসব মুরগিকে খাওয়ানো হয় ভুট্টা, দেশীয় সয়াবিনের খৈল, কুঁড়া, ঝিনুক ভাঙা ও সয়াবিন তেল। এ ছাড়া রোগ প্রতিরোধ ও হজমের জন্য খাওয়ানো হয় লেবু ও আমলকীর রসে তৈরি পানীয়। ফখরুল বলেন, সাধারণত খামারে যেসব খাবার দেওয়া হয় তাতে ডিমে কোলস্টেরলের পরিমাণ বেশি থাকে। আমার খামারে উৎপাদিত ডিমে কোলস্টেরল তুলনামূলক কম। মুরগির মাংসে ও ডিমে কোলস্টেরলের মাত্রা আরও কমানোর চেষ্টা করছেন তিনি। জৈব প্রযুক্তি ব্যবহার করে মুরগি ও ডিম উৎপাদনের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম অ্যানিমল সাইয়েন্স অ্যান্ড ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি ট্রেনিং রিসার্চ সেন্টার থেকে সনদ দেওয়া হয়েছে ফখরুল ইসলামের রহমানিয়া অ্যাগ্রো ইন্ডাস্ট্রিকে। বর্তমানে ফখরুলের খামারে এক হাজার চার শ লেয়ার ও এক হাজার ব্রয়লার মুরগি আছে। খামারটি আরও বড় করার পরিকল্পনা আছে তাঁর। ইতিমধ্যে বাজারে ‘অর্গানিক’ ডিম ও মুরগির চাহিদাও তৈরি হয়েছে। নগরের খুলশী মার্ট, মীনা বাজার, স্বপ্ন ও কেয়ারফোরসহ বিভিন্ন সুপার স্টোর ও খাবারের দোকানে বিক্রি হচ্ছে এসব মুরগি ও ডিম। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ফখরুল ইসলাম বলেন, ভবিষ্যতে খামারের পরিসর আরও বাড়িয়ে বাচ্চা উৎপাদনে যেতে চাই। এ নিয়ে অন্য কয়েকজন খামার মালিকের সঙ্গেও কথা হয়েছে।চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপপরিচালক মো. ফরহাদ উদ্দিন প্রথম আলোকে বলেন, মুরগির মাংস উৎপাদনে ক্রমাগত অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহার করলে এর ক্ষতিকর প্রভাব মানুষের শরীরেও দেখা দিতে পারে। এ কারণে রাসায়নিকমুক্ত উপায়ে উৎপাদিত ফখরুলের মুরগি ও ডিম স্বাস্থ্যসম্মত।