ভেন্ডি বাজারে সাহিত্য উত্সব!

কাইফি আজমি, শাহির লুধিয়ানভী, কামাল আরোহী, জানিসার খান এবং মাজরুহ সুলতানপুরীদের মতো কবি-সাহিত্যিকদের আড্ডা ছিল মুম্বাইয়ের এই ভেন্ডি বাজারে। সময়টা অবশ্য উনিশ শতকের তিরিশের দশক। সেই সময়েই অবিভক্ত ভারতে প্রগতিশীল সাহিত্য আন্দোলনের একটি কেন্দ্র হিসেবে পরিচিতি পায় এই ভেন্ডি বাজার।
পরবর্তী কয়েক দশকের রাজনৈতিক-সাংস্কৃতিক ঘটনাপ্রবাহে ভারতে এক সময়ের প্রভাবশালী উর্দু সাহিত্য আজ অনেকটাই বিবর্ণ হয়ে গেছে। কালের গহ্বরে হারিয়ে গেছে ভেন্ডি বাজারের কবি-সাহিত্যিকদের সেই বিখ্যাত আড্ডাও। অন্যদিকে, মুম্বাইয়ের অন্যতম ঘিঞ্জি এলাকায় পরিণত হওয়া ভেন্ডি বাজারের পরিচিতি তৈরি হয়েছে কুখ্যাত একটি অপরাধপ্রবণ এলাকা হিসেবেও।
সম্প্রতি ভেন্ডি বাজারের উন্নয়নে নানা সরকারি-বেসরকারি উদ্যোগের মধ্যে এগিয়ে এসেছেন ভারতের সাহিত্য-কর্মীরাও। ‘উর্দু মারকাজ’ নামের একটি সাহিত্য সংগঠন শিল্প-সাহিত্যে এখানকার সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে ‘ভেন্ডি বাজার উর্দু উত্সব’ নামে একটি বার্ষিক উত্সবের।
গুলজার, জাভেদ আখতার, ওয়াহিদা রহমান ও প্রসূন যোশিদের মতো কবি-শিল্পীদের কাজ নিয়ে আলোচনা এবং কবিতা পড়ার আসর থাকছে উত্সবের তিন দিনব্যাপী প্রথম আয়োজনে। বিখ্যাত উর্দু সাহিত্যিক সাদত হোসেন মান্টোর ‘মোহাম্মদ ভাই’সহ বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ হবে উত্সবে। এ ছাড়া থাকছে খুশবু খানমের গজল এবং সুফি সাধক আমীর খসরুর জীবনী নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রের প্রদর্শনীও।১৯০৩ থেকে ১৯৮০ সাল পর্যন্ত মুম্বাইয়ের সাহিত্যাঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ৩০০ আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হবে ভেন্ডি বাজার সাহিত্য উত্সবে।
উর্দু মারকাজের পরিচালক জুবায়ের আজমি জানিয়েছেন, মুম্বাইয়ের প্রগতিশীল সাহিত্য আন্দোলনের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উত্সব করছেন তাঁরা। এ আন্দোলন কীভাবে এত এত কিংবদন্তির জন্ম দিয়েছিল, তার প্রতিও সবার মনোযোগ আকর্ষণ করতে পারবে এ উত্সব। তিনি জানান, ‘শাবানা আজমি আক্ষরিক অর্থেই এখানে বেড়ে উঠেছেন। তরুণ জাভেদ আখতারও এই ভেন্ডি বাজার উর্দু এলাকার অংশ। এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব আছে।’
সাহিত্যের পাশাপাশি সংগীতচর্চায়ও ভেন্ডি বাজারের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। এই জায়গার নামেই গড়ে উঠেছে হিন্দুস্তানি সংগীতের একটি বিশেষ ধারা, যা পরিচিতি পেয়েছে ‘ভেন্ডি বাজার ঘরানা’ হিসেবে।ভেন্ডি বাজারের নামকরণের ইতিহাসও কিন্তু খুবই মজার। ব্রিটিশ আমলে দক্ষিণ মুম্বাইয়ের ‘ক্রফোড মার্কেট’র পেছনের এ জায়গাটিতে বসবাসকারীরা একে বলতেন ‘বিহাইন্ড দ্য বাজার’, যা কালক্রমে স্থানীয় উচ্চারণে ‘ভেন্ডি বাজার’ নামে পরিচিতি পেয়েছে।
১০ থেকে ১২ জানুয়ারি এখানকার ইমামবাড়া মিউনিসিপ্যাল সেকেন্ডারি স্কুলমাঠে অনুষ্ঠিত হবে এ সাহিত্য উত্সব।