সর্বরোগের ওষুধ হিসেবে ব্যবহূত হরমোন ও স্টেরয়েড-জাতীয় ওষুধে যৌন উত্তেজক উপাদান রয়েছে। এসব সেবন করে ভালো লাগা ভাব অনুভূত হলেও এর ক্ষতিকর প্রভাব দীর্ঘমেয়াদি। ভেষজ ও মেটালিক-জাতীয় এসব ওষুধে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। সাউদার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান মুলকুতুর রহমান এই মত দিয়েছেন।সর্বরোগের চিকিৎসার নামে যা চলছে, মানুষের শরীরে তার প্রভাব সম্পর্কে বলুন।মুলকুতুর রহমান: যৌন চিকিৎসা বা সর্বরোগের চিকিৎসার যেসব ওষুধ রোগীদের দেওয়া হয়, সেগুলো হরমোন ও স্টেরয়েড-জাতীয়। এতে যৌন উত্তেজক উপাদানও রয়েছে। এসব সেবন করে আপাত ভালো লাগা ভাব হলেও কিংবা অবসাদগ্রস্ততা বোধ করলেও এর ক্ষতিকর প্রভাব দীর্ঘমেয়াদি। এসব ওষুধের প্রথমে নেতিবাচক প্রভাব পড়ে পাকস্থলীর ওপর। ভেষজ ও মেটালিক জাতীয় এসব ওষুধে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। সর্বরোগের ওষুধ সর্বনাশ ডেকে আনে। বিজ্ঞাপনসর্বস্ব হারবাল চিকিৎসার নামে এ অপচিকিৎসা চলছে কীভাবে? মুলকুতুর রহমান: অ্যালপ্যাথিক চিকিৎসায় একজন চিকিৎসককে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে নিবন্ধন নিতে হয়। কিন্তু হারবাল সেন্টারগুলোতে হেকিম হিসেবে যাঁরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন তাঁদের অনেকেরই বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের নিবন্ধন নেই। আমরা সবসময় এসব অপচিকিৎসার ব্যাপারে বিভিন্ন ফোরামে মানুষকে সচেতন করার চেষ্টা করি। পত্রপত্রিকা ও প্রাইভেট চ্যানেলে চটকদার বিজ্ঞাপন দেওয়া কিংবা একাধিক রোগের নির্দিষ্ট সময়ের মধ্যে আরোগ্য লাভের নিশ্চয়তা দেওয়া ড্রাগ অর্ডিন্যান্স অনুযায়ী নিষিদ্ধ। তবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এসব অপচিকিৎসার বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে সুষ্ঠু নীতিমালা প্রয়োজন। বিজ্ঞাপনকে নিরুৎসাহিত করা উচিত। ওষুধ প্রশাসনের ভূমিকাকে কীভাবে মূল্যায়ন করবেন?মুলকুতুর রহমান: আলটারনেটিভ চিকিৎসাপদ্ধতি বিষয়ে নজরদারি ও খবরদারি করার দায়িত্ব মনে হয় সরকার তাদের (ওষুধ প্রশাসন) দেয়নি। চট্টগ্রাম সিভিল সার্জনের ভূমিকা সম্পর্কে বলুন।মুলকুতুর রহমান: নগরে হারবাল চিকিৎসার নামে অপচিকিৎসা বিষয়টি তাঁদের অজানা থাকার কথা নয়। অলটারনেটিভ চিকিৎসাপদ্ধতি বিষয়ে সরকারকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। হারবাল জাতীয় ওষুধের কার্যকারিতা, এসবের গুণগতমান, কোন রোগীর ওপর কী পরিমাণ ওষুধ প্রয়োগ করতে হবে তা দেখতে হবে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করে তা সংরক্ষণ ও বিপণনের জন্য সরকারকেই উদ্যোগী হতে হবে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে অ্যালপ্যাথিক চিকিৎসা অনেকটা ব্যয়বহুল। তাই ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন রয়েছে। একটি হারবাল জাতীয় প্রোডাক্ট যেমন (শ্যাম্পু) যথাযথভাবে ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করে বাজারজাত করা হয়। কিন্তু হারবাল জাতীয় ওষুধের ক্ষেত্রে তা মানা হচ্ছে না বলে মনে হয়। এ জাতীয় চিকিৎসাপদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তিই বা কতটুকু তা-ও আমাদের জানা নেই। তবে সিভিল সার্জন এ ব্যাপারে নানা পদক্ষেপ নিতে পারেন। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের জন্য আপনার পরামর্শ কী?মুলকুতুর রহমান: মোড়ে মোড়ে প্রচারপত্র (লিফলেট) বিলি করে, পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে হারবাল চিকিৎসার নামে যে প্রতারণা চলছে এসব থেকে সবাইকে সচেতন হতে হবে। স্টেরয়েড ট্যাবলেট, পাওয়ার ফাইটার্স, বডি বিল্ডার সিরাপসহ আরও ১৫-২০ পদের ওষুধের কথা শোনা যায়। কিন্তু এগুলো ওষুধ নয়, যেন বিষ।