ভেসে যাওয়া জীবন
গল্পটা মিয়ানমারের। প্যান ইয়েন গ্রামে সন্ধ্যা নেমেছে মাত্র। নীল আকাশটা ঢেকে ফেলেছে কালো মেঘ। সন্ধ্যায়ই চারপাশটা ছেয়ে গেছে রাজ্যের আঁধারে। নীরব, নিশ্চুপ সব। ভাপসা গরম চারদিকে। বোঝা যায়, প্রকৃতির মেজাজ হয়ে আছে বেগড়বাই। ঝড় হবে। ভয়ংকর ঝড়। আতঙ্কিত মানুষ। সমুদ্র-তীরবর্তী এলাকাটিতে একে একে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। খুঁজে নিচ্ছে নিরাপদ আশ্রয়। ১৪ বছর বয়সী আই সোয়ের সৎবাবা পেশায় একজন জেলে। অনেক দিন পর আজ কাজ শেষে বাড়ি ফিরেই তিনি গিয়েছেন বাজারের দিকে। সংসারে অনেক কাজ। বাজার-সদাইয়ের কাজগুলো করতে হয় তাঁকেই। একটু জিরোনোরও উপায় নেই। এই খারাপ আবহাওয়ায় সোয়ের বাবাকেই খুঁজতে বেরিয়েছেন তার মা মি থিঠ। রাতের খাবার তৈরি করছিলেন তিনি। আবহাওয়াটা হঠাৎ করে বদলে যাওয়ায় ভয় ঢুকেছে মনে। সোয়ের কাছে ছোট ছেলেমেয়েকে রেখে গেলেন তাই বাজারে। ‘তোমার ভাইবোনকে দেখে রেখো। আমি গেলাম বাজারের দিকে। তোমার বাবার হদিস পাওয়া এখন মুশকিলই হবে মনে হচ্ছে।’ সোয়েকে বলা এটাই ছিল তার মায়ের শেষ কথা। একটু পরই আঘাত হানে সাইক্লোন নার্গিস। লন্ডভন্ড করে দিয়ে যায় পুরো গ্রাম। ১০ ফুট উঁচু এক একটা ঢেউ গায়ের সবচেয়ে বড় বাড়িটাকেও ধ্বংস করে দেয়। ভাসিয়ে নিয়ে যায় গবাদিপশু, গাছপালা। ২০০৮ সালের ২ মে ঘটে যাওয়া সে তাণ্ডবলীলায় প্রাণ হারায় এক লাখ ৪০ হাজার মানুষ। দুই হাজার শিশু বাবা-মাকে হারিয়ে হয় এতিম। আর সেই এতিম শিশুদেরই একজন আই সোয়ে। একটা পুরোনো গির্জায় আশ্রয় নিয়ে বেঁচে গিয়েছিল সেদিন আই সোয়ে এবং তার সৎভাই ও সৎবোন। ছোট এই ছেলেমেয়েগুলোর বেঁচে থাকার জন্য লড়াই করার গল্পগুলোই শুনব আমরা আজ।১.সাইক্লোন আঘাত হানার ছয় দিন পর গ্রামে আসে ত্রানকর্মীরা। তারা সবাইকে যেতে বলে লাপুত্তা শহরে। সেখানে আছে খাদ্য আর পানির ব্যবস্থা। আই সোয়ে তার আত্মীয়র সঙ্গে আশ্রয় নেয় পাঁচ মাইল দূরের একটি শরণার্থী শিবিরে। কয়েক সপ্তাহ পর সেটি বন্ধ হয়ে গেলে সবাই আবার ফিরতে বাধ্য হয় গ্রামে। আত্মীয়রা ছেড়ে গেলে অসহায় আই সোয়ে তার ছোট ভাইবোনদের নিয়ে পড়ে যায় বিপদে। খাবারের অভাবে উপোস করে কাটে দিনগুলো। এরই মধ্যে মিয়ানমার রেডক্রসের কিছু কর্মীর চোখে পড়ে যায় তারা। আই সোয়ে ও তার ভাইবোনকে নিয়ে আসা হয় মিয়ানমারের একটি আশ্রয়কেন্দ্রে। দুস্থ, এতিম শিশুরা জড়ো হয় এখানে সাহায্যের আশায়। ‘এটা যেন শিশুদের নিয়ে গড়ে ওঠা একটা বৃহৎ পরিবার। অসুস্থ শিশুগুলোকে সুস্থ করার জন্য রাতের পর রাত জেগে ছিলাম আমরা। শিশুদের খাওয়ানো, রান্না করা, পড়াশোনা করানো—সবকিছু নিয়ে কাজগুলো কঠিন হলেও ভালো কাজ করছি ভেবে কখনো তাই কষ্টটা অনুভব করিনি আমরা।’ বলছিলেন রেডক্রসের কর্মী নোয়েত উইন। সময়টা এখানে মন্দ যাচ্ছিল না আই সোয়ের। একটা আশ্রয়ের জায়গা তো হলো, এটা ভেবে শান্তি ছিল মনে। কিন্তু রেডক্রসের এই আশ্রয়কেন্দ্রে থাকাটা চিরকালের জন্য নয়। সময় ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে কর্মীরা তাই খুঁজছিলেন শিশুদের জন্য নতুন ঘর, নতুন করে থাকার জায়গা। সোয়ের মনে একটাই ভয় ছিল, ভাইবোন না আলাদা হয়ে যায় তার। মা-বাবাকে হারানোর পর ওদেরও হারানোর ভয় জেঁকে বসেছে তার ভেতর। সবাইকে হারিয়ে একা হওয়ার ইচ্ছা নেই তার। একদমই ইচ্ছা নেই।২.শিশুদের জন্য প্রয়োজন নিরাপদ আশ্রয়স্থল। আর সেটা খোঁজার জন্যই আটঘাট বেঁধে নামল ইউনিসেফ ও রেডক্রস। প্রত্যেক শিশুর ইতিহাস ঘেঁটে সন্ধান করা হচ্ছিল তাদের কাছের আত্মীয়দের ঠিকানা। ইয়াঙ্গুন থেকে পরিচালনা করা হচ্ছিল পুরো কাজ। নিরলস পরিশ্রম করে দেশের প্রায় প্রতিটি জায়গায় তন্নতন্ন করে খুঁজেছেন কর্মীরা। এভাবেই দুই হাজার ১৩৯ জন শিশুর জন্য আশ্রয়ের জায়গা খুঁজতে সক্ষম হন তাঁরা। যাদের কাছের কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাদের পৌঁছে দেওয়া হয় বিভিন্ন এতিমখানায়। আই সোয়ের আসল বাবাকে খুঁজে পাওয়াটা ছিল খুব কঠিন একটি কাজ। তিনি, তাঁর নতুন স্ত্রী এবং তিন সন্তানও আক্রান্ত হয়েছিলেন সাইক্লোনে। তারলু ফা তো নামের একটি গ্রামে নতুন করে ঘর বেঁধেছিলেন তাঁরা। রেডক্রসের কর্মীরা সোয়ের বাবার সঙ্গে যোগাযোগ করলে নিজের সন্তানকে নিতে চলে আসেন তিনি আশ্রয়কেন্দ্রে। তবে সোয়ের সৎভাই ও সৎবোনকে সঙ্গে নেওয়ার ইচ্ছা ছিল না তাঁর। ‘আমি আমার সৎভাই মন এবং সৎবোন তেতকে একা ফেলে যেতে পারব না। ওদের এখন আমাকে প্রয়োজন।’ নিজের বাবাকে ফিরিয়ে দেওয়ার সময় এ কথাগুলোই বলছিল আই সোয়ে। সেদিন ফিরে গিয়েছিলেন সোয়ের বাবা। কিছু করার উপায় ছিল না তাঁর। ঘরে খাবার নেই। একা কাজ করে এতগুলো মানুষের খাবার জোগানো চাট্টিখানি কথা নয়। কিছুদিন কাজকর্ম করে চারপাশটা গুছিয়ে ২০০৯-এর এপ্রিলে সোয়ে, মন ও তেতকে নিয়ে আসা হয় বাড়িতে। নতুন জায়গায় কাছের মানুষগুলোকে নিয়ে সোয়ে শুরু করে নতুন এক জীবন।সোয়ের স্কুলটা বাড়ি থেকে খুব একটা দূরে নয়। বিনে পয়সায় এখানে পড়াশোনা করার সুযোগ আছে সবার। পড়তে খুব ভালো লাগে সোয়ের। তার বাবা আর সৎমাও এ ব্যাপারে উৎসাহ জোগান তাকে। পড়াশোনার ফাঁকে বাবার ব্যবসা দেখাশোনা আর মায়ের সঙ্গে গৃহস্থালি কাজকর্ম করেই সময় কাটে আজকাল। সোয়ে গুনতে পারে খুব ভালো। বাবারও তাই গোনাগুনতির কাজে সাহায্য হয় খুব। দারুণ সুন্দর এখন জীবনটা। তবু মাঝেমধ্যে মন খারাপ হয় সোয়ের। মা আর সৎবাবার কথা মনে পড়লেই চলে যায় সে সমুদ্রতীরে। এই সমুদ্রের জলই কেড়ে নিয়েছে তার কাছের মানুষ দুজনকে। সবার অগোচরে লুকিয়ে চোখের জল ফেলে সোয়ে। আর সে জল মিশে যায় দূর থেকে দূরে উঁচু-নিচু সব ঢেউয়ের সঙ্গে।রিডার্স ডাইজেস্ট অবলম্বনে কিঙ্কর আহসান