নগরে কাউন্টারভিত্তিক বাস চলাচল ভেস্তে গেছে। পরিবহন শ্রমিক ও কিছু সংখ্যক মালিকের বাধার কারণে তা টিকিয়ে রাখা সম্ভব হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে হতাশা ব্যক্ত করেছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নগরের যানজট নিয়ন্ত্রণ ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে কাউন্টারভিত্তিক বাস চালুর সিদ্ধান্ত হয়। পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় নগর পুলিশ প্রশাসন। গত জুলাই মাসে কয়েকটি রুটে কাউন্টারভিত্তিক গাড়ি চলাচল শুরু হয়। কিন্তু পরিবহন শ্রমিক ও কিছু সংখ্যক মালিকের কৌশলগত বাধার কারণে তা বেশি দিন কার্যকর থাকেনি।নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পরিবহন শ্রমিক ও কিছু সংখ্যক মালিক কাউন্টার পদ্ধতির বিপক্ষে ছিলেন। শুরু থেকে তাঁরা যে আচরণ করেছেন তা দুঃখজনক। তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। বেশির ভাগ মালিক এই পদ্ধতির প্রশংসা করেছেন। যাত্রীরাও সহযোগিতা করেছেন। এর পরও আমরা পারলাম না।’জানা গেছে, এক-এগারোর জরুরি অবস্থার পর সেনা কর্মকর্তারা কাউন্টারভিত্তিক বাস চালুর উদ্যোগ নেন। এই ব্যবস্থায় কিছুদিন গাড়ি চলাচল করে। পরে পরিবহন শ্রমিক নেতারা কৌশলে তা অকার্যকর করে দেন। খোঁজ নিয়ে জানা গেছে, কাউন্টারভিত্তিক বাস চালুর কারণে শ্রমিক নেতাদের মজুরি নির্দিষ্ট অঙ্কের মধ্যে সীমিত হয়ে পড়ে। কাউন্টার পদ্ধতি ছাড়া যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী নিয়ে চালক-সহকারীদের দিনে দুই হাজার টাকার বেশি আয় হতো। কিন্তু কাউন্টার পদ্ধতিতে তা দৈনিক মোট ভাড়ার ২০ শতাংশ অর্থাৎ এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় নেমে আসে। বাস, মিনিবাস ও হিউম্যান-হলার পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পরিবহন শ্রমিকেরা কাউন্টারভিত্তিক বাস চলাচলে বাধা সৃষ্টি করেছেন। আসলে তাঁদের কাছে বেশির ভাগ পরিবহন মালিক জিম্মি।’গোলাম রসুল জানান, মালিকেরা পরিবহন শ্রমিকদের কাছে সারা দিনের জন্য একটি গাড়ি তুলে দেন। আর রাতে তাঁরা মালিকদের হাতে তুলে দেন এক হাজার ৮০০ থেকে আড়াই হাজার টাকা। জ্বালানি খরচের পর একটি গাড়ির দৈনিক আয় হয় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা। মোট আয়ের অর্ধেক পরিবহন শ্রমিকেরা রেখে দেন। কাউন্টারভিত্তিক গাড়ি চলাচলের কারণে শ্রমিকদের দৈনিক আয় কিছুটা কমে যায়। যদিও তা ৫০০ টাকার নিচে নামেনি। তিনি প্রশ্ন করেন, একজন পরিবহন শ্রমিকের মজুরি ৫০০ টাকা কি কম? খোঁজ নিয়ে আরও জানা যায়, সকালে বিভিন্ন অফিসমুখী ও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরমুখী কর্মজীবী মানুষেরা চরম ভোগান্তির শিকার হন। ওই সময় বেশির ভাগ বাস ইপিজেড ও বিভিন্ন কারখানার শ্রমিক পরিবহনের কাজে ব্যস্ত থাকে। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। কাউন্টারভিত্তিক বাস চালুর পর কৌশলে এই দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দেন পরিবহন-শ্রমিকেরা। এ কারণে যাত্রীদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়। এই ক্ষোভ কাজে লাগিয়ে কাউন্টারভিত্তিক পদ্ধতি অকার্যকর করা হয় বলে সংশ্লিষ্ট অনেকে মনে করেন। উপপুলিশ কমিশনার ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কিছু সংখ্যক মালিক পোশাক-কারখানা বা ইপিজেডের কারখানার মালিকের কাছ থেকে অগ্রিম ভাড়া নেন। এ কারণে রুটের বাসগুলো সাধারণ যাত্রী পরিবহন না করে শ্রমিক যাতায়াতের কাজে ব্যস্ত থাকে। কাউন্টারভিত্তিক গাড়ি চালুর পর এ সমস্যা আরও প্রকট হয়। যে কারণে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে দেখা গেছে।’ হিউম্যান হলার ও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ছাবের আহমেদ উপপুলিশ কমিশনারের অভিযোগ সঠিক বলে মন্তব্য করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কাউন্টারভিত্তিক বাস চলাচল-প্রক্রিয়া বাস্তবায়ন হলে নগরের যানজট অনেকাংশে কমে যেত। কিন্তু আমাদের শ্রমিকেরা অতি আয়ের লোভে সুন্দর এই পদ্ধতিকে বাস্তবায়ন করতে দেননি। তাঁদের সঙ্গে যুক্ত হয় কিছু সংখ্যক মালিক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে রুটের অনুমোদন নিয়ে তাঁদের গাড়ি সকালে ও বিকেলে পোশাক-কারখানার মালিকদের কাছে রিজার্ভ ভাড়ায় দিয়ে দেন।প্রসঙ্গত, নগরে ১১টি রুটে যাত্রীবাহী বাস ও হিউম্যান হলার চলাচল করছে। এসব রুটে বাসের সংখ্যা আট শতাধিক। যান্ত্রিক ত্রুটি ও নানা সমস্যার কারণে গড়ে প্রতিদিন ২০ শতাংশের বেশি গাড়ি চলাচল বন্ধ থাকে।