ভোগান্তি বাড়িয়েছে সরু নালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরু নালা উপচে প্রায় সময় ময়লা পানি রাস্তায় চলে আসে  l প্রথম আলো
সরু নালা উপচে প্রায় সময় ময়লা পানি রাস্তায় চলে আসে l প্রথম আলো

বৃষ্টি হলে বসতবাড়ির আশপাশে পানি জমে থাকে। সারা বছরই উঠানে স্যাঁতসেঁতে অবস্থা। সরু নালার পানি প্রায় সময় ছড়িয়ে-ছিটিয়ে থাকে রাস্তায়। ময়লা পানি ডিঙিয়ে চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের। এ চিত্র সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বলীপাড়া এলাকার। এখানে ৩০টি পরিবারের বসবাস।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বলীপাড়ার বাসিন্দাদের চলাচলের মূল পথের একপাশে প্রায় ৬০০ ফুট দীর্ঘ ও দেড় ফুট প্রস্থের নালা নির্মিত হয়েছে। নালাটির ওপর কোনো ঢাকনা নেই। নালার মধ্যে পড়ে আছে নানা ধরনের আবর্জনা। একপাশে টিনের তৈরি বসতঘর। আরেক পাশে পাকা দেয়াল। ফলে রাস্তাটিও সরু।
এলাকার বাসিন্দা নুরুল আলম (৫৫) ও আয়ুব আলী (৫০) বলেন, ‘এলাকাবাসীর সুবিধার্থে নালাটি নির্মিত হয়েছিল ১৫ বছর আগে। কিন্তু এখন এই নালা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় নালা উপচে বাড়ির ভেতর ও রাস্তায় ময়লা পানি জমে থাকে। দুর্গন্ধে ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারি না।’
এলাকার আরেক বাসিন্দা রহিমা আকতার (৪৩) বলেন, এক সপ্তাহ আগে তাঁর দুই নাতি খেলতে গিয়ে নালার ময়লা পানিতে পড়ে আহত হয়েছে। নালাটি বড় করে পুনর্নির্মাণ করার পাশাপাশি ঢাকনার ব্যবস্থা করতে হবে। তা ছাড়া দখলদারদের কাছ থেকে রাস্তার জায়গা উদ্ধারও জরুরি।
ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ওই এলাকার নালাটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে। তাঁরা বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে সাতকানিয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ বলেন, ৩ নম্বর ওয়ার্ডের বলীপাড়া এলাকার নালাটির ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। ওই এলাকায় ঘনবসতি ও রাস্তা সরু হওয়ায় পরিকল্পিতভাবে নালা পুনর্নির্মাণ করতে হবে।
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, নালাটি নির্মাণ করার সময় ভবিষ্যতের কথা চিন্তা করলে ভোগান্তির কারণ হতো না। এলাকার বাসিন্দাদের সুবিধার্থে নালাটি পুনর্নির্মাণের পাশাপাশি রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হবে।