চিংড়িঘেরের মালিকেরা কালভার্টের পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের প্রায় ১০০ মিটার এলাকা ভেঙে গেছে। কালভার্টের নিচ দিয়ে পানি চলাচল করতে না পারায় জোয়ারের পানিতে সড়ক প্লাবিত হয়েছে। ফলে সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ওই এলাকার ৫০ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের চার কিলোমিটার কাঁচা সড়কের মধ্যে তিন কিলোমিটার সড়ক কার্পেটিং করা হয়। পরে বাকি এক কিলোমিটার কাঁচা সড়কে ইট বিছিয়ে সংস্কার করা হয়। গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ উপজেলা সদরসহ চকরিয়া, কক্সবাজার ও চট্টগ্রাম শহরে যাতায়াত করতেন। কিন্তু ১০ আগস্ট দুপুরে হঠাৎ ধারাঘোনা চিংড়িঘেরের ইজারাদার ইসমাইল হোসেন ও পাশের চিংড়িঘেরের মালিক নুরুল ইসলামের লোকজন ওই সড়কের দুটি কালভার্টের পানি চলাচলের পথ বন্ধ করে দেন। এতে সড়ক জোয়ারের পানিতে প্লাবিত হয়। ফলে সড়কের দুটি অংশে প্রায় ১০০ মিটার এলাকায় ভাঙন দেখা দেয় ও বড় বড় গর্তের সৃষ্টি হয়। এ কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
১১ আগস্ট বিকেলে মাতারবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুটি অংশ ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ভাঙা সড়কের ওপর দিয়ে হেঁটে চলাচল করা দায় হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতে পারছেন না। কয়েকটি সার ও সবজিবাহী গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদিকে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করেও ধারাঘোনা চিংড়িঘেরের ইজারাদার মোহাম্মদ ইসমাইল হোসেনকে পাওয়া যায়নি। তবে চিংড়িঘেরের মালিক নুরুল ইসলাম বলেন, ‘আমার লোকজন কালভার্টের পানি চলাচলের পথ বন্ধ করেননি।’
মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এনামূল হক চৌধুরী বলেন, ভাঙা সড়কের কারণে ৫০ হাজার মানুষের কষ্টের শেষ নেই। তাই জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন বলেন, চিংড়িঘেরের ইজারাদার ও মালিকের কারণে সড়ক ভেঙে যাওয়ায় অন্তত ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। তাই জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করে দেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, চিংড়িঘেরের ইজারাদার মোহাম্মদ ইসমাইল ও ঘেরের মালিক নুরুল ইসলামের লোকজন কালভার্টের নিচে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার কারণে সড়কটি ভেঙে গেছে। ১৪ আগস্ট তাঁদেরসহ ১০ জন ঘেরমালিককে নোটিশ দেওয়া হয়েছে।
তাঁরা তিন দিনের মধ্যে সড়ক সংস্কার না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।