ভোগান্তির কারণ রাস্তা থেকে সাত ফুট উঁচু কালভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের পুলিশ তথ্যকেন্দ্রের পাশে নির্মিত কালভার্টটি রাস্তা থেকে সাত ফুট উঁচু। পুরোনো কালভার্ট না ভেঙেই তার ওপর নির্মাণ করা হয়েছে নতুন এই কালভার্ট। এতে সংলগ্ন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। (ইনসেটে) কালভার্টে ওঠার খাড়া রাস্তা l প্রথম আলো
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের পুলিশ তথ্যকেন্দ্রের পাশে নির্মিত কালভার্টটি রাস্তা থেকে সাত ফুট উঁচু। পুরোনো কালভার্ট না ভেঙেই তার ওপর নির্মাণ করা হয়েছে নতুন এই কালভার্ট। এতে সংলগ্ন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। (ইনসেটে) কালভার্টে ওঠার খাড়া রাস্তা l প্রথম আলো

সড়ক থেকে প্রায় সাত ফুট উচ্চতায় কালভার্টটির অবস্থান। নিচে খালের ওপর পুরোনো কালভার্টটিও বহাল তবিয়তেই আছে। সেটি না ভেঙে এর ওপরই নতুন কালভার্ট নির্মাণ করেছেন ঠিকাদার। এর ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের পুলিশ তদন্তকেন্দ্রের পাশে এই কালভার্টের অবস্থান।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত কালভার্টের দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৭ ফুট। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২৬ লাখ টাকা। তবে এত টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটি কোনো কাজেই আসেনি। সড়কের উচ্চতার সঙ্গে সংগতি না রেখে কালভার্ট নির্মাণ করায় এটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে পাশের তবিদাসপাড়া ও আদর্শ গ্রামের দুই হাজার মানুষের চলাচলে কষ্ট বেড়েছে।

১১ অক্টোবর মাটিরাঙ্গা উপজেলা থেকে ৩২ কিলোমিটার দূরে তবলছড়ি ইউনিয়নে গিয়ে দেখা যায়, কালভার্টটি সড়কের উচ্চতার সঙ্গে সংগতি রেখে তৈরি করা হয়নি। পুরোনো কালভার্ট না ভেঙে তার ওপর নতুন কালভার্ট নির্মিত হয়েছে। রাস্তা থেকে সাত ফুট উঁচুতে অবস্থিত এই কালভার্ট হেঁটে পার হওয়াও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে অনেক পথচারীর জন্য।

তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল কাদের বলেন, ‘সড়ক থেকে সাত ফুট উঁচুতে এই কালভার্ট নির্মাণ করা হয়েছে। পুরোনো কালভার্ট না ভেঙেই এর ওপর নতুন কালভার্ট নির্মাণ করেছেন ঠিকাদার। নির্মাণকাজ চলার সময়ই আমি এই অনিয়মের প্রতিবাদ করেছিলাম। কিন্তু আমার কথা কেউ শোনেনি।’

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার মাটি কাটা ও পুরোনো কালভার্টটি ভাঙার ভয়ে রাস্তা থেকে সাত ফুট উঁচু করে নতুন কালভার্ট তৈরি করেন। অপরিকল্পিত এই কালভার্ট এখন ওই এলাকার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

এই রাস্তা দিয়ে কোনো ধরনের যানবাহন বর্তমানে চলাচল করতে পারে না। অথচ পুরোনো কালভার্ট থাকার সময় প্রতিদিন ইটবাহী ট্রাক ওই সড়কে চলাচল করত।

স্থানীয় কৃষক মো. আলী মিয়া ও মো. বেলাল হোসেন বলেন, ‘কিছুদিন আগেও আমরা মৌসুমি ফল ও কাঁচা সবজি গাড়ি বোঝাই করে হাটে নিয়ে যেতে পারতাম। যানবাহনের সুবিধার কারণে পাইকারি ব্যবসায়ীরাও গ্রামে গিয়ে সবজি কিনে আনতেন। কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। নতুন কালভার্ট হওয়ার পর মোটরসাইকেলও আসতে চায় না এই সড়কে।’

তবলছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হাশেম বলেন, ‘কালভার্টটি অপরিকল্পিতভাবে তৈরি করার কারণে আমার ওয়ার্ডের লোকজনের সীমাহীন কষ্ট হচ্ছে। আমি এবং গ্রামের লোকজন প্রথম থেকেই অনিয়মের জন্য বারবার বাধা দিয়েছি।’

তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জহির উদ্দিন বলেন, কালভার্ট নির্মাণে অনিয়ম হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের নকশা অনুযায়ী কালভার্ট তৈরি করা হয়েছে।

মাটিরাঙ্গা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রিয়াদ হোসেন বলেন, ‘আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে আছি। যিনি
কালভার্ট নির্মাণের সময় দায়িত্বে ছিলেন তিনি বর্তমানে প্রশিক্ষণে আছেন। জেলা প্রকল্প কর্মকর্তা ও আমি গিয়ে রাস্তাটির মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছি।’