বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটার খালেদা বেগম ও রাশেদা বেগম। এই দুই ভোটারের কেন্দ্র বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয়। সকাল আটটার কিছু পরে ভোট দিতে কেন্দ্রে চলে আসেন দুজনই। কিন্তু সকাল সোয়া নয়টাও ভোট দিতে পারেননি তাঁরা। তখনো তাঁদের সামনে অপেক্ষারত অর্ধশতাধিক ভোটার।
দুজনই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লাইনে দাঁড়িয়ে আছি এক ঘণ্টা ধরে। কিন্তু ভোটারদের লাইন একেবারেই এগোচ্ছে না। ভোট নেওয়া হচ্ছে ধীরে। দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা শুরু হয়েছে।’
গতকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাঁশখালী পৌর নির্বাচনের ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রের মধ্যে তিনটিতে গিয়ে দেখা যায়, কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ভালো। প্রতিটি বুথের সামনে দীর্ঘ সারি। পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। কিন্তু ভোটারদের অভিযোগ, ধীরগতিতে ভোট নেওয়া হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন তাঁরা।
অবশ্য ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা দাবি করেছেন, তাঁরা দ্রুতগতিতে ভোট নিতে যথাসাধ্য চেষ্টা করছেন। তিন ধরনের ব্যালট থাকায় কিছুটা সময় লাগছে।
বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার রমজান আলী ও নূর মোহাম্মদ গতকাল সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, তাঁরা সকাল আটটায় ভোটকেন্দ্রে এসেছেন। কিন্তু ভোট দিতে দেড় ঘণ্টা সময় লেগেছে। বুথের ভেতর বেশি সময় নেওয়া হচ্ছে।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রবিউল হোসেন বলেন, ‘বয়স্ক ভোটাররা ভোট দিতে সময় বেশি নিচ্ছেন। অনেকে হয়তো দেখে-শুনে ভোট দিচ্ছেন। আর এই নির্বাচনে ব্যালট রয়েছে তিনটি। এসব কারণে একটু দেরি হচ্ছে। তবে আমাদের পক্ষ থেকে কোনো দেরি হচ্ছে না।’ সাড়ে নয়টা পর্যন্ত কী পরিমাণ ভোট নেওয়া হয়েছে তিনি তা জানাতে পারেননি।
তবে এই কেন্দ্রের ৫ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রভাত রঞ্জন পাল জানান, সোয়া নয়টা পর্যন্ত তাঁদের বুথে ৫৩টি ভোট গ্রহণ করা হয়েছে।
বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৭৩৬ জন। এই কেন্দ্রে পুরুষদের জন্য চার ও মহিলাদের জন্য তিনটি বুথ রাখা হয়েছে।
৫ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী রহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভোটার ফারুক সিদ্দিকী ও মো. ইসমাইল অভিযোগ করেন, এখনো পর্যন্ত ভোট গ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ হলেও ভোট নেওয়া হচ্ছে খুবই ধীরগতিতে। একই অভিযোগ করেন হিরু আক্তার ও ফাতেমা আক্তার।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তুষার কান্তি ভারতী বলেন, সকাল সাড়ে ১০টার মধ্যে ২ হাজার ৬৫৮ ভোটের মধ্যে ৫৫০টি ভোট নেওয়া হয়েছে। এই কেন্দ্রে সাতটি বুথ রয়েছে।
বেলা ১১টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার নুরুল আলম ও আবু তাহেরও ধীরগতিতে ভোট নেওয়ার অভিযোগ করেন।
অবশ্য এই অভিযোগ অস্বীকার করে প্রিসাইডিং কর্মকর্তা সুদত্ত চাকমা বলেন, ১১টার মধ্যে এই কেন্দ্রের ২ হাজার ৪৭৮ ভোটের মধ্যে ৮০০ ভোট পড়েছে। তবে বৃদ্ধদের ভোট দিতে সময় বেশি লাগছে। এ জন্য ভোট নিতে কিছুটা দেরি হচ্ছে।