ভোট দিতে গিয়ে ব্যালট পাইনি
আমি দুপুরের দিকে ভোট দিতে ভোটকেন্দ্র প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাই। কিন্তু গিয়ে দেখি ব্যালট পেপার নেই। পোলিং কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি আমাকে জানান দুপুর ১২টার আগেই সব ভোট দেওয়া শেষ হয়ে গেছে। আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারিনি। আমার মত অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটি গণতন্ত্রের জন্য ভালো না।
দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা এই নির্বাচন নিয়ে আশান্বিত হয়েছিলাম। উৎসাহিতও হয়েছিলাম। এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশের গণতান্ত্রিক সুস্থ অবস্থা বিরাজ করবে বলে ধারণা করেছিলাম। কিন্তু নির্বাচনে সেই পরিবেশটা থাকেনি। সকাল বেলায় স্বতঃস্ফুর্ত ভোটগ্রহণ দেখা গেলেও দুপুর গড়াতেই সেই স্থিতিশীল পরিস্থিতি আর থাকেনি। এটি কোনো নির্বাচন হয়নি। দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে এটি ইতিবাচক ভুমিকা রাখবে না বলে আমার আশঙ্কা।
নতুন মেয়রের কাছে প্রত্যাশা থাকবে তিনি যেনো চট্টগ্রাম শহরকে পরিকল্পিতভাবে বিকাশের জন্য ১৯৯৫ সালে নেওয়া মহাপরিকল্পনা ও ২০০৮ সালে নেওয়া ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুসরণ করে নগরের উন্নয়ন পরিচালনা করেন।