ভোট পেতে নানা প্রতিশ্রুতি, অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণসংযোগের সময় মাটিরাঙ্গা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ময়না বেগম কুশল বিনিময় করছেন এক নারী ভোটারের সঙ্গে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা  l প্রথম আলো
গণসংযোগের সময় মাটিরাঙ্গা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ময়না বেগম কুশল বিনিময় করছেন এক নারী ভোটারের সঙ্গে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

সাতকানিয়া পৌরসভায় মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি নারী ভোটার। নির্বাচনে বড় ভূমিকা রয়েছে তাঁদের। তাই নারী ভোটারদের মন জয় করতে বিরামহীন প্রচারণায় সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থীরা। নারীদের কল্যাণে কাজ করার নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ও কর্মস্থলে গিয়ে ভোট চাইছেন। অঙ্গীকার করছেন বাল্যবিবাহ ও নারী অধিকার রক্ষার।
পৌরসভা এলাকায় মোট ভোটার ৩২ হাজার ৯৭০ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১৫ হাজার ৭৯০ জন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ২ নম্বর ওয়ার্ডে শুধু বর্তমান নারী কাউন্সিলর হাসিনা আক্তারই মনোনয়নপত্র জমা দেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর জন্নত আরা বেগম, রহিমা বেগম ও মাছুমা বেগম। ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বর্তমান কাউন্সিলর শিকু আরা বেগম ও নিলুফা আক্তার।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোট ও দোয়া চাইতে সব প্রার্থীরাই ছুটছেন। পুরুষ সঙ্গে সমান তালে নারী কাউন্সিলর পদপ্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। তাঁরা রাস্তাঘাট, দোকান থেকে শুরু করে রান্নাঘরও বাদ দিচ্ছেন না।
উপজেলা সড়কে গত বৃহস্পতিবার দুপুরে গণসংযোগের সময় কথা হয় ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী শিকু আরা বেগমের সঙ্গে। তিনি বলেন, দুস্থ নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। এলাকার লোকজন এখনো কুসংস্কারে ডুবে আছে। বেশির ভাগ অভিভাবক সচেতন নয়। তাঁরা বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভাবেনই না। তাঁদের সচেতন করে গড়ে তুলতে হলে নারীদের সচেতন হতে হবে। তাই নারীদের সচেতন করে গড়ে তুলতে কাজ করছি।
একই দিন সন্ধ্যায় মাইজপাড়া এলাকায় প্রচারণা চালানোর সময় কথা হয় ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী মাছুমা বেগমের সঙ্গে। তিনি বলেন, নিরক্ষরতা দূরীকরণসহ দরিদ্র নারীদের উন্নয়নে কাজ করব।
সাতকানিয়া উপজেলা নাগরিক কমিটির সভাপতি মো. ইদ্রিচ মিয়া বলেন, নারীরা এখন অনেক বেশি সচেতন। পৌরসভা নির্বাচনের প্রচারণায় পুরুষ কাউন্সিলর প্রার্থীদের চেয়ে নারী প্রার্থীরা অনেক বেশি এগিয়ে। তাঁরা নারী কল্যাণের নানা প্রতিশ্রুতি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। উঠান বৈঠকের মাধ্যমেও নারীদের এগিয়ে নেওয়ার কথা বলছেন।