
জমে উঠেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনের প্রচারণা। নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা। সবার দৃষ্টি মেয়র পদপ্রার্থীদের দিকে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে ভোটারদের মধ্যেও। গতকাল শনিবার প্রতীক বরাদ্দের পর নির্বাচনী পালে জোরেশোরেই হাওয়া লেগেছে।
এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর চৌধুরী ও বিএনপির নুরুল ইসলাম হায়দার ছাড়া আর কোনো প্রার্থী নেই। আলমগীর চৌধুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং নুরুল ইসলাম হায়দার পৌরসভা বিএনপির সভাপতি।
গত ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল হাকিম ঋণখেলাপি হওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় এখন নির্বাচনী মাঠে রয়েছেন নৌকার প্রার্থী আলমগীর চৌধুরী ও ধানের শীষের নুরুল ইসলাম হায়দার। ২০ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় দফার পৌর নির্বাচনে মেয়র পদে তাঁরা দুজনেই লড়বেন। তিনি জানান, মেয়র পদে দুজন ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন ও নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌর কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালের ২৭ জানুয়ারি চকরিয়া পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১১ হাজার ২২৭ ভোট পেয়ে চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম পেয়েছিলেন নয় হাজার ৫০৯ ভোট।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় নির্বাচনী আমেজে ভিন্নমাত্রা যোগ হয়েছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকেরা নৌকা-ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পাননি। সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। এ কারণে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকেরা উন্মুখ হয়ে আছেন তাঁদের পছন্দের প্রতীকে ভোট দেওয়ার জন্য।

সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা ফুল দিয়ে ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন। সবার বাড়ি বাড়ি পেঁৗছে দিচ্ছেন দলীয় প্রার্থীর শুভেচ্ছা স্মারক ফুল। অন্যদিকে, বিএনপির কর্মী–সমর্থকেরাও ভোটারদের মন জয় করার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা দলীয় প্রার্থীকে আরেকবার সুযোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।
চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন বলেন, গত পাঁচ বছরের মধ্যে বর্তমান মেয়র ছয় মাসও পৌরসভায় যাননি। ঘরে বসে পৌরসভা চালিয়েছেন। প্রথম শ্রেণির পৌরসভা হলেও অধিকাংশ এলাকার রাস্তাঘাটে সড়কবাতি স্থাপন করা হয়নি। পৌরসভার মানুষ ঠিক সময়ে কর পরিশোধ করলেও একটা সড়কও চলাচলের উপযোগী নয়। জনগণ ভোট দেওয়ার ক্ষেত্রে এসব বিষয় অবশ্যই বিবেচনা করবেন।
অন্যদিকে চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন বলেন, গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে দেড় হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন বিএনপির মনোনীত প্রার্থী। সরকারের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বর্তমানে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। কর্মী-সমর্থকেরাও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। এ কারণে বিএনপির প্রার্থী সহজেই নির্বাচনী বৈতরণি পার হওয়ার আশা রয়েছে।
তবে সাধারণ ভোটাররা দল নয়, ব্যক্তির ইমেজকে প্রাধান্য দিচ্ছেন। জালিয়াপাড়ার ভোটার আবদুল কাদের (৪৫) বলেন, ‘প্রতীক দেখে নয়, এবার ভোট দেব প্রার্থী দেখে। প্রতীক দেখে ভোট দিলে পৌরসভায় কোনো উন্নয়নই হবে না। যোগ্য প্রার্থীও নির্বাচিত হবেন না।’ বাটাখালীর ভোটার মো. কাইয়ুম রেজা বলেন, ‘যে প্রার্থী জনগণের জন্য নিরাপদ, যিনি নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নে গতি আসবে, তাঁকেই ভোট দেব।’
জানতে চাইলে বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, ‘আমি গত পাঁচ বছর পৌরসভার দায়িত্ব পালন করেছি। ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছি। আমাদের প্রতি জনগণের আস্থা রয়েছে। তা ছাড়া ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’
আওয়ামী লীগের প্রার্থী আলমগীর চৌধুরী বলেন, ‘জনগণের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। এবার তাঁরা পরিবর্তন চাইছেন। গত পাঁচ বছরে পৌরসভার মানুষ কাঙ্ক্ষিত নাগরিকসুবিধা পায়নি। বঞ্চিত হয়েছেন উন্নয়ন ও ন্যায়বিচার থেকে। তাঁরা এসব বিষয় বিবেচনা করবেন।’