
কুয়াশার দাপট, কনকনে ঠান্ডা হাওয়া—এসব কোনো কিছুই বাদ সাধতে পারেনি ভোটে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমিয়েছেন নারীরা। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন তাঁরা। এমনকি বয়স্ক নারীদের কেউ কেউ এসেছেন স্বজনের কোলে চড়ে। গতকাল বুধবার পটিয়া পৌরসভার তিনটি কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা যায়।
সকাল সাড়ে আটটায় পটিয়া আবদুস সোবাহান রাহাত আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের নারী বুথে দেখা যায় ভোটারদের লম্বা লাইন। ভোট দিতে অপেক্ষায় আছেন তাঁরা। নারীদের ছয়টি বুথের সামনেই একই অবস্থা। সকাল নয়টার দিকে লাইন আরও দীর্ঘ হয়। এ সময় এই কেন্দ্রে উপস্থিত হন একে একে তিন মেয়র পদপ্রার্থী বিএনপির তৌহিদুল আলম, আওয়ামী লীগের মো. হারুনুর রশিদ ও জাতীয় পার্টির শামসুল আলম। তাঁরা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আলমগীর জানান, এই কেন্দ্রে মোট নারী ভোটার ১ হাজার ৯১০। পৌনে নয়টা পর্যন্ত ১২০টির বেশি ভোট পড়েছে। তিনি আরও বলেন, নারীরা সকাল থেকে ভোটকেন্দ্রে ভিড় করেছেন। সে তুলনায় পাশের পুরুষ বুথে ভোটার উপস্থিতি কম।
পটিয়ায় মোট ১৮টি কেন্দ্র রয়েছে। দক্ষিণ গোবিন্দরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ছিল নারীদের উপচে পড়া ভিড়। পৌনে ১০টায় এই কেন্দ্রে নারীদের দীর্ঘ সারি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। একই কেন্দ্রে পুরুষ বুথগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল আওয়াল পৌনে ১০টায় বলেন, ‘সকালে নারীদের উপস্থিতিতে আশ্চর্য হয়েছি। পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে এই আগ্রহ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে।’
এই কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হচ্ছিলেন কলেজছাত্রী তানজিলা নওশিন। তিনি বলেন, ‘আগেভাগে ভোট দিয়ে চলে যাচ্ছি। কখন কী হয় বলা যায়!’
এই কেন্দ্রে সব বয়সের নারীদের দেখা যায়। লাঠিতে ভর দিয়েও এসেছেন বৃদ্ধারা। মোমেনা নামে এক বৃদ্ধা ভোট দিতে এসেছেন নাতির কোলে চড়ে।
সকাল সাড়ে ১০টায় বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, এই কেন্দ্রে পুরুষ ভোটার ১ হাজার ৪৫৭ এবং মহিলা ভোটার ১ হাজার ২৩৯ জন। কিন্তু মহিলাদের সারি ছিল দীর্ঘ। পুরুষের উপস্থিতি তুলনামূলক কম বলে জানান ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোতাহের বিল্লাহ। পৌনে ১১টায় পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র দেখা গেছে। এখানে নারী ও পুরুষের দুটি কেন্দ্র। এর মধ্যে পুরুষের চেয়ে নারী কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশি।