ভোরের বাঙ্গির হাটে

গোল খাঁজকাটা বাঙ্গি দেখতে মিষ্টি কুমড়োর মতো হলেও আকারে বেশ বড়। কোনোটি সবুজ, কোনোটির হালকা হলুদ রং এসেছে। সড়কের দুপাশেই বাঙ্গির স্তূপ। এই ভোরেও বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠেছে বেচাকেনা। ক্রেতাদের কেউ বাঙ্গি হাতে নিয়ে টোকা মেরে, টিপে দেখছেন, কেউ বা নাকের কাছে ধরছেন। চার দিকে বাঙ্গির মনকাড়া সৌরভ।
সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীর তৈলারদ্বীপ সেতুর পূর্বপাড়ে পশ্চিম পুকুরিয়া এলাকায় গিয়ে এই দৃশ্য দেখা গেছে। ক্রেতা-বিক্রেতারা জানান, মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেতুর ওই এলাকায় নিয়মিতই বাঙ্গির হাট বসে। চাষিরা খেত থেকে বাঙ্গি তুলে ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে সড়কের ওপর এনে হাট বসান। বেলা ১১টা পর্যন্ত চলে এই হাট।
দূর-দূরান্ত থেকে পাইকারি ক্রেতারা হাজির হন এই হাটে। আসেন আশপাশের এলাকার ক্রেতারাও।
এ ছাড়া যানবাহন থামিয়েও অনেকে বাঙ্গি কিনে নিয়ে যান।
বিক্রেতারা জানালেন, প্রায় দুই শ চাষি নিজেদের খেতের বাঙ্গি নিয়ে বসেন এই রাস্তায়। ওই এলাকায় শঙ্খের চরের প্রায় পাঁচ একর জমিতে বাঙ্গির চাষ করেন তাঁরা। উৎপাদিত বাঙ্গি বেশ মিষ্টি বলে তাঁরা জানান।
হাটে ঘুরে নানা আকারের বাঙ্গি দেখা গেল। দামও আকার অনুযায়ী। সর্বনিম্ন ৩০ টাকা থেকে ২৫০ টাকার বাঙ্গি আছে।
চাষিরা জানান, ২০১১-১২ সাল থেকে তৈলারদ্বীপ সেতুর পূর্ব প্রান্তে নিয়মিত এই হাট বসছে। হাটে প্রতিদিন ৫০-৬০জন পাইকারি ও খুচরা বিক্রেতা বাঙ্গি কিনতে আসেন।
বাঁশখালী উপজেলার পশ্চিম পুকুরিয়ার কলেজ পড়ুয়া মো. তারেক (২৪) বলেন, ‘আমাদের তিন কানি জমিতে বাঙ্গির চাষ করেছেন বাবা। খেতে উৎপাদিত সব ফলই আমরা এই হাটে বিক্রি করি।’
তিনি আরও জানান, গত চার বছর ধরে এ হাট বসছে। এতে স্থানীয় চাষিরা তাঁদের খেতের ফল বিক্রি করতে পারছেন। বাজারে নিয়ে যাওয়ার ঝামেলাও কমে গেছে।
বাঁশখালীর সরল এলাকার খুচরো ব্যবসায়ী মো. সেলিম বলেন, ‘আমি প্রতিদিন এখান থেকে বাঙ্গি ও তরমুজ কিনে উপজেলার বিভিন্ন হাটে বিক্রি করি। এ হাটে কোনো হাসিল দিতে হয় না বলে আমাদের অনেক সুবিধা।’
বাঁশখালী যাওয়ার গাড়ি থামিয়ে বাঙ্গি কিনছিলেন আনোয়ারার বাসিন্দা কাছেদুর রহমান। তিনি বলেন, এখানে অনেক কম দামে ভালো বাঙ্গি পাওয়া যায়। তাই এই পথে যাতায়াত করার সময় সুযোগ থাকলেই বাঙ্গি কিনে নেই।