ভোল্টেজের ওঠানামায় ভোগান্তি খাগড়াছড়ির বিদ্যুৎ গ্রাহকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের বিভ্রাটের কারণে খাগড়াছড়ি সদর হাসপাতালে অধিকাংশ সময় পাখা ঘোরে না। ফলে গরমে হাঁসফঁাস অবস্থা রোগীদের। হাতপাখাই তখন একমাত্র ভরসা। ছবিটি ৫ আগস্ট খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে তোলা l নীরব চৌধুরী
বিদ্যুতের বিভ্রাটের কারণে খাগড়াছড়ি সদর হাসপাতালে অধিকাংশ সময় পাখা ঘোরে না। ফলে গরমে হাঁসফঁাস অবস্থা রোগীদের। হাতপাখাই তখন একমাত্র ভরসা। ছবিটি ৫ আগস্ট খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে তোলা l নীরব চৌধুরী

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ মিললেও কম ভোল্টেজের কারণে খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার গ্রাহকেরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। বিদ্যুৎ সমস্যার কারণে হাসপাতাল, আবাসিক হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেনারেটর চালানোর কারণে বাড়ছে খরচ। এ ছাড়া জেলায় সপ্তাহের পাঁচ দিন বিদ্যুৎ সরবরাহ চালু থাকলেও শনিবার ও সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
বিদ্যুৎ সঞ্চালন লাইন ও খুঁটি পুরোনো হয়ে যাওয়ায় এমন সমস্যা দেখা দিচ্ছে বলে গ্রাহকেরা অভিযোগ করেছেন। খাগড়াছড়িসহ জেলার নয়টি উপজেলারই এমন অবস্থা। জোরে বাতাস প্রবাহিত হলে এবং আকাশে বিদ্যুৎ চমকালে সরবরাহ বন্ধ হয়ে যায়। দিনের অধিকাংশ সময় ভোল্টেজ থাকে কম। বিদ্যুৎ থাকলেও এ সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যায় না। আবার অনেক সময় ভোল্টেজের ঘন ঘন ওঠানামার কারণেও গ্রাহকদের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হয়। এ সমস্যার সমাধানে খাগড়াছড়িতে নতুন বিদ্যুৎ গ্রিড স্টেশন স্থাপন এবং সরবরাহ লাইন সংস্কার প্রয়োজন বলে জানান গ্রাহকেরা।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয় ৯০ কিলোমিটার দূরের হাটহাজারী গ্রিড স্টেশন থেকে। সঞ্চালন লাইনের দূরত্ব বেশি হওয়ায় ও সঞ্চালন তার পুরোনো হয়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এ ছাড়া বৈদ্যুতিক খুঁটি পরিবর্তনের কাজ চলায় সপ্তাহের শনিবার ও সোমবার নয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী আবু জাফর জানান, জেলার নয়টি উপজেলায় দিনের বেলায় ১৪ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আর রাতের বেলায় চাহিদা ১৭ থেকে ১৯ মেগাওয়াট দাঁড়ায়। কাঙ্ক্ষিত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হলেও বিদ্যুৎ সঞ্চালন তার অনেক পুরোনো হয়ে পড়ায় ১৯ মেগাওয়াট বিদ্যুৎ ধারণ করতে পারে না। খাগড়াছড়িতে পাওয়ার গ্রিড স্থাপন না হওয়া পর্যন্ত বিদ্যুতের এই সমস্যা সমাধান সম্ভব নয়।
বিদ্যুৎ সমস্যার কারণে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সরকারি এই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নয়নময় ত্রিপুরা প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ না থাকায় ও কম ভোল্টেজের কারণে হাসপাতালে পানির পাম্প চলছে না। এক শ শয্যার হাসপাতালে অন্তর্বিভাগের বিভিন্ন ওয়ার্ডে গড়ে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী থাকে। সপ্তাহে দুদিন নয় ঘণ্টা বিদ্যুৎ না থাকায় রোগীরা গরমে কষ্ট পান। এক্স-রে যন্ত্র, আলট্রাসনোগ্রাম যন্ত্র এমনকি নেবুলাইজারও চালানো সম্ভব হয় না। জেনারেটর থাকলেও তা দিয়ে চিকিৎসার যন্ত্রপাতি চালানো সম্ভব হয় না। এ ছাড়া হাসপাতালে প্রতি মাসে সাড়ে চার শ লিটার পেট্রল ব্যবহার করতে হচ্ছে। ফলে প্রতি মাসে জেনারেটরের পেছনে ৪০ থেকে ৫০ হাজার টাকা বাড়তি ব্যয় হচ্ছে।
খাগড়াছড়ি জেলা কারাগারের ভারপ্রাপ্ত কারাধ্যক্ষ মাহবুব কবীর প্রথম আলোকে বলেন, বর্তমানে জেলা কারাগারে ১৮০ জন বন্দী রয়েছে। কারাগারের এখন বড় সমস্যা হলো পানির সমস্যা। বিদ্যুৎ থাকলেও কম ভোল্টেজের কারণে পানির পাম্প চালানো সম্ভব হয় না। ১৮০ জন বন্দীর গোসল, খাবার পানি ও রান্নাবান্নার কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া কারাগারে কোনো জেনারেটরের ব্যবস্থাও নেই।
খাগড়াছড়ির আবাসিক হোটেল অরণ্য বিলাসের ব্যবস্থাপক এম এ রশিদ বলেন, হোটেলে ২৪ ঘণ্টা পানির সরবরাহ, বৈদ্যুতিক বাতি, পাখা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র সচল রাখতে প্রতিদিন জেনারেটরে ৩০ লিটার পেট্রল ঢালতে হচ্ছে। প্রতি মাসে ৮০ হাজার টাকা শুধু জ্বালানি তেলের পেছনে খরচ হচ্ছে। অপরদিকে বিদ্যুৎ বিলও পরিশোধ করতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো থাকলে ও ভোল্টেজের সমস্যা না থাকলে ব্যবসায় লাভ বেশি হতো। খাগড়াছড়ি সদর ছাড়াও মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি, মানিকছড়ি, গুঁইমারা, মহালছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলারও একই দশা। বিদ্যুৎ সমস্যার কারণে ভোগান্তি পোহাচ্ছেন এসব উপজেলার গ্রাহকেরা।
দীঘিনালার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের আটটি কম্পিউটার অলস পড়ে আছে। বিদ্যুৎ সমস্যা ও কম ভোল্টেজের কারণে কম্পিউটার ল্যাব বন্ধ রয়েছে।