বৃহত্তর যশোর-খুলনা অঞ্চলের দীর্ঘতম নদ ভৈরব। তীর্থনদ হিসেবেই শুধু নয়, মধ্যযুগের বাংলার ইতিহাসে এর খ্যাতি ছিল বাংলাজুড়ে। ভৈরব মানে ভয়ংকর। শিবের রুদ্রমূর্তির নাম ভৈরব। কালিকাপুরাণ ও বামণপুরাণ-এ ভৈরবের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, পুরাকালে অন্ধকাসুরের সঙ্গে মহাদেবের যখন যুদ্ধ হয়, তখন অন্ধক মহাদেবের (শিবের অপর নাম) মাথায় পদাঘাত করেন। এতে মহাদেবের মাথা চার ভাগে বিভক্ত হয়ে রক্তধারা নির্গত হয়। এই রক্তধারা থেকে ভৈরবের উৎপত্তি। ভৈরব নদ এককালে ভয়ংকর রুদ্রমূর্তি ধারণ করে প্রবাহিত হতো বলেই মানুষ নাম রেখেছিল ভৈরব। ভৈরবের আজ আর সেই প্রচণ্ড স্রোতপ্রবাহের রুদ্রমূর্তি নেই। ভৈরব যে মধ্যযুগ পর্যন্ত মর্যাদাশীল নদী ছিল, ইতিহাস তার সাক্ষী। খানজাহান আলী এই পথে গৌড় থেকে এসেছিলেন। বারোবাজারে মধ্যযুগের বিখ্যাত শহরে অবস্থান করে ধর্মপ্রচার, মসজিদ নির্মাণ ও অনেক দিঘি খনন করিয়েছিলেন তিনি। তারপর এই নদের প্রবাহ ধরেই মোগল সম্রাট আকবরের শাসনামলে তিনি বাগেরহাটে পৌঁছান। আকবরের শাসনামলে যশোরের রাজা প্রতাপাদিত্যকে দমনের জন্য এই পথেই সেনাপতি মানসিংহ তাঁর বিশাল বাহিনী নিয়ে গিয়েছিলেন। নানা কারণে মধ্যযুগের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নদের স্রোতধারা ক্রমাগত ক্ষীণতর হয়েছে। ১৭৯৪ সালের দিকে যেখান থেকে কপোতাক্ষ নদ বের হয়েছিল, সেখানে একটি চর জেগে ওঠে। যশোর জেলার তৎকালীন কালেক্টরের প্রচেষ্টায় বাঁধ দিয়ে কপোতাক্ষের স্রোত বন্ধ করে ভৈরবকে সচল করার চেষ্টা করা হয়। কিন্তু তাহেরপুরের কাছে বাঁধ ভেঙে পানি পুনরায় দক্ষিণমুখে কপোতাক্ষে প্রবেশ করেছিল। এর ২০-২৫ বছর পর ভৈরবকে দুর্বল করার শেষ পেরেকটি গেঁথে দিয়েছিলেন নদীয়ার কালেক্টর শেক্সপিয়ার সাহেব। তিনি একটি খাল কেটে ওই বাঁকে মাথাভাঙ্গা নদীর পথ সোজা করে দেন। কোনা পথ পেয়ে প্রায় সব জল মাথাভাঙ্গা নদীতে চলতে শুরু করেছিল। তখন পদ্মার জল তেমনটা আর ভৈরবে আসত না। ফলে ভৈরবের স্রোতধারা ক্ষীণ হতে হতে আজ যশোর জেলার রূপদিয়া পর্যন্ত প্রায় শুকিয়ে গেছে। এই বিস্তীর্ণ নদের অববাহিকায় ধান চাষ হয়, ধানের রোপা চারার বেড প্রস্তুত হয়, গরু-মহিষ, ছাগল চরে বেড়ায় নদীর অববাহিকায়। তবে যশোরের দক্ষিণে যেখানে আফ্রা খাল মিশেছে, সেখান থেকে আলাইপুর পর্যন্ত ভৈরব এখনো প্রবাহমান ও বেশ বিস্তৃত রয়েছে। এখনো এই নদীতে খুলনা-নওয়াপাড়া লঞ্চ আসে আমদানি-রপ্তানির মালামাল নিয়ে। যশোরের উজানে ভৈরব নদে বাঁধ দিয়ে পানি ধরে রেখে মাছ চাষ শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে।