ভোঁ কাট্টা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজাপতির পেছন পেছন ছুটছে তাসমিয়া, তাকে আকাশে ওড়ানোর চেষ্টায়। প্রজাপতি অবশ্য তার কথায় তেমন পাত্তা দিচ্ছে না। খেয়ালখুশি মতো গোত্তা খাচ্ছে। তাসমিয়ার বোন বৃষ্টিও বসে নেই। ঘুরছে তাদের পেছনে। দূরে দাঁড়িয়ে দুই বোনের ছোটাছুটি উপভোগ করছেন তাদের বাবা তৌহিদুল ইসলাম। ঢাকা থেকে এসেছে ওরা, কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের বালুচরে ঘুড়ি উৎসবে। তাসমিয়া বলল, ‘অনেক কষ্টে এই প্রজাপতি ঘুড়িটা আকাশে তুললাম। এই জীবনে প্রথম ঘুড়ি ওড়াচ্ছি। তাই খুব মজা পাচ্ছি। এখান থেকে একটি ঘুড়ি নিয়ে যাব ঢাকায়। সময় পেলে বাড়ির ছাদে উঠে ওড়াব।’সমুদ্রসৈকতের নির্মল এই আকাশে ২৮ ও ২৯ জানুয়ারি ওড়ানো হয় সামুদ্রিক প্রাণী হাঙর, ডলফিন, অক্টোপাস, জেলিফিস, মৎস্যকন্যা আর বনের বিষাক্ত সাপ অজগর, হিংস্র প্রাণী রয়েল বেঙ্গল টাইগার, প্রজাপতি, মিকিমাউশ, স্পাইডারম্যানসহ আরও কত কিছু। আকাশ ভরে যায় রংবেরঙের এসব জীবজন্তুতে। তবে সবই কাগুজে ঘুড়ি।বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে সৈকতে জাতীয় ঘুড়ি উৎসব-২০১১-এর আয়োজন করে। উৎসব উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহসভাপতি ম. হামিদ, সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেণু, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, সদস্য কামরুল ইসলাম খান প্রমুখ। মন্ত্রী বলেন, ‘ঘুড়ি ওড়ানোর মহোৎসব দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তখন ঢাকা শহর অন্য রকম ছিল। পাড়ায় পাড়ায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলত। আর এখন এসব দেখাই যায় না। ঘুড়ির এই মেলা সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে মানুষ আগের ঐতিহ্য ফিরে পেত।’ উৎসবে নজরে পড়ে বড় একটি ব্যানার। তাতে লেখা, ‘...ওই তো এখানে, ঘুড়ি ধরে টানে/ ঘোষেদের ননী/ আমি যদি পাই, তাহলে উড়াই/ আকাশে এখনি।’সন্ধ্যা পর্যন্ত ভ্রমণে আসা অসংখ্য মানুষ মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল নাটাই টেনে একটু ঘুড়ি ওড়াতে। অনেকের এই ইচ্ছা পূরণ হলেও বিপুলসংখ্যক মানুষ আকাশের দিকে তাকিয়েই উৎসব মাতিয়ে রাখে। ঢাকা থেকে আসা দিদারুল আলম বলেন, ‘গত ৩০ বছরে একবারও ঘুড়ি ওড়ানো হয়নি। অথচ ছোটবেলায় এই ঘুড়ির জন্য মা-বাবার কত মার ও বকুনি খেতে হয়েছে। আজ খুশিমনে মুক্ত আকাশে ঘুড়ি ওড়াচ্ছি ঠিক, কিন্তু মনের ভেতর কষ্ট। কারণ মা-বাবা কেউ এখন বেঁচে নেই।’ কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিশাত নাওয়াল ঐশী বলল, ‘আকাশে বাঘ, সাপ, হাঙর, অক্টোপাস উড়ছে ঠিক, কিন্তু এসবের কোনোটির প্রাণ নেই। রশি দিয়ে বেঁধে নানা কৌশলে বশ মানিয়ে বাতাসের তালে তালে এদের ওড়াতে হয়। কৌশল না জানলে বড়রাও ঘুড়ি উড়াতে পারে না।’ ২৮ জানুয়ারি দুপুর থেকে ঘুড়ি ফেডারেশনের ৩৫ সদস্য বালুচরে তৈরি করা বিশাল প্যান্ডেলে বসে ঘুড়ি তৈরিতে ব্যস্ত ছিলেন। ভ্রমণে আসা পর্যটকেরা নাম নিবন্ধন করে পছন্দের ঘুড়িটি নিয়ে আকাশে ওড়ান। সন্ধ্যায় আবার তা জমা দিয়ে দেন। এক থেকে ৪০ ফুট লম্বা ঘুড়ি এখানে প্রস্তুত রাখা হয়। শাহজাহান মৃধা বেণু বলেন, ‘ঘুড়ি ওড়ানোর দুটি পূর্বশর্ত হচ্ছে বাতাস আর শুকনো আবহাওয়া। এই সৈকতে দুটোই রয়েছে। তাই আমরা ঘুড়ি ওড়ানোর জন্য বারবার এই সৈকত বেছে নিই।’