ভোক্তা অধিকার সংরক্ষণ হচ্ছে একজনকে দিয়েই!
জনবলসংকট ও প্রয়োজনীয় উপকরণের অভাবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা সৃষ্টি ও নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অভিযোগ নিষ্পত্তি ও দাপ্তরিক কাজ করতে হচ্ছে একজনকেই। অধিদপ্তরের দুটি বিভাগীয় কার্যালয় এবং ১৫টি জেলার দায়িত্ব একাই পালন করছেন চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক জুবায়ের আহমেদ। জানা গেছে, অধিদপ্তরের জনবল নিয়োগ বিধিমালা মন্ত্রণালয় থেকে অনুমোদন না পাওয়ায় লোকবল নিয়োগ করা যাচ্ছে না।অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ১১টি জেলা কার্যালয়ে ২৮ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত জেলাগুলোতে কোনো কার্যালয়ই নেই।এ বিষয়ে জুবায়ের আহমেদ জানান, পরীক্ষাগার সহকারী না থাকায় আমাকে পণ্যের নমুনা পরীক্ষা করতে হয়। অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানার টাকাও ব্যাংকে গিয়ে জমা দিতে হয়। কোনো যানবাহন নেই। ইচ্ছে থাকলেও সব জেলায় অভিযান পরিচালনা সম্ভব হয় না। তাই এখন পর্যন্ত অধিকাংশ অভিযানই চট্টগ্রাম জেলায় হয়েছে।অধিদপ্তর সূত্রে জানা গেছে, লোকবল না থাকায় গত ১০ মাসে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে মাত্র পাঁচটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্যে ভেজাল পরীক্ষার সরঞ্জামও নিয়মিত সরবরাহ করা হয় না। তাই ফরমালিন শনাক্তকরণের উপকরণ ও মান-ওজন পরিমাপক কিনে নিতে হয় বাজার থেকেই।জানা গেছে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম শুরু হয় গত বছরের মে মাসে। নগরের বন্দরটিলায় টিসিবি ভবনের তৃতীয় তলায় বরাদ্দ দেওয়া একটি কক্ষে চলছে অধিদপ্তরের কাজ। ২০১১ সালের ২৪ মে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে উপপরিচালক পদে প্রেষণে যোগ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জুবায়ের আহমেদ।সেই থেকে অধিদপ্তরের সব কাজ একাই করে চলেছেন তিনি। গত ১০ মাসে বিভাগের বিভিন্ন জেলায় মোট ৫১ দিন অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় মোট ৩৬৯টি বিভিন্ন ধরনের কারখানা, ওষুধের দোকান ও প্রতিষ্ঠানকে ৫৭ লাখ ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি গত বছরের আগস্ট থেকে সিলেট বিভাগীয় কার্যালয়েরও অতিরিক্ত দায়িত্বও পালন করছেন জুবায়ের আহমেদ। জানা গেছে, ২০০৯ সালের ৫ এপ্রিল প্রণয়ন করা হয় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’। এ আইন অনুসারে পণ্য ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য-ওষুধ বা সেবা বিক্রি, ভেজাল পণ্য বা ওষুধ বিক্রি, খাদ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, ওজনে কারচুপি, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রিসহ ১৯ ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ আইন অনুসারে বিভিন্ন অপরাধের জন্য এক থেকে তিন বছর (সশ্রম বা বিনাশ্রম) কারাদণ্ড এবং সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। লোকবল ও যানবাহন-সংকটের বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালে অধিদপ্তরের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে নিয়োগ বিধিটি চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে আছে। আশা করি শিগগিরই এটি অনুমোদন পেয়ে যাবে। তবে যানবাহন-সংকট নিরসনে কিছুটা সময় লাগতে পারে।’