ভোক্তা হিসেবে আপনার অধিকার জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গতকাল ১৫ মার্চ ছিল আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস। কোনো দোকানে গেলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বা সেবা বিক্রয় করা ভোক্তা অধিকার-বিরোধী কাজ। শুধু এটিই নয়, খাবার পানীয় বা অন্য কোনো খাবারে বিষাক্ত বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা নিষেধ। মিথ্যা বা চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে নিম্নমানের পণ্য কিনতে উদ্বুদ্ধ করা, দাম অনুযায়ী মান বা সেবা প্রদান না করা, ওজনে বা পরিমাপে কম দেওয়া বা এ সংক্রান্ত কোনো জালিয়াতি করা, নকল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ তৈরি বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।
এমনকি সরকারি যেসব সেবা আপনাকে দেওয়া হয় যেমন যোগাযোগ, পানি, বিদ্যুৎ, গ্যাস, পয়োনিষ্কাশন—এসব নিয়েও আপনি অভিযোগ করতে পারবেন। খাবার দোকান, আবাসিক হোটেল বা স্বাস্থ্যসংক্রান্ত সেবা নিয়েও অভিযোগ থাকলে মামলা করতে পারবেন। একই আইনে এ সংক্রান্ত ভোক্তাবিরোধী কাজের জন্য এক বছর থেকে তিন বছর এবং ৫০ হাজার টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা রাখা আছে।
আপনি কীভাবে এর প্রতিকার পেতে পারেন?
খুব সহজে পেতে পারেন। প্রতারিত হওয়ার এক মাসের মধ্যে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত ভোক্তা অধিদপ্তরে বিনা মূল্যে লিখিত অভিযোগ করতে হবে। প্রাথমিক তদন্ত করবে ভোক্তা অধিদপ্তর এবং তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে করা হবে মামলা। অভিযোগ প্রমাণিত হলে যে পরিমাণ আর্থিক জরিমানা করা হবে, তার ২৫ শতাংশ অভিযোগকারী ভোক্তাকে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়।

ধরুন, আপনি বাসার পাশের একটা রেস্তোরাঁয় খেতে গেলেন। যেখানে তাঁরা খাবার পানি বা কোমল পানীয় সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে। তাহলে আপনি সেই ক্রয় রসিদসহ ভোক্তা অধিদপ্তর অভিযোগ করতে পারেন। কারণ, বেশি মূল্যে বিক্রি করা আপনার ভোক্তা অধিকারের লঙ্ঘন বা কোনো পণ্য কিনলেন। কিন্তু কেনার পর দেখা গেল সেটা ভেজাল বা নকল পণ্য, সে ক্ষেত্রেও আপনি অভিযোগ করতে পারেন।
ভোক্তা আইনের সঠিক প্রয়োগের জন্য প্রয়োজন ভোক্তাদের সচেতনতা। পৃথিবীতে ভোক্তা অধিকার বহুদূর এগিয়ে গেছে। ১৯৯৪ সালে ইসা লিসবেক নামের এক মার্কিন নারীর শরীরে ম্যাকডোনাল্ডসের ৫০ সেন্টের কফি পড়ে পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিপূরণ দিতে হয়েছে ছয় লাখ ডলার! শুধু স্বাভাবিক তাপমাত্রা থেকে অতিরিক্ত তাপমাত্রার কফি দেওয়ার অভিযোগে। আমাদের উচিত নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট