ভোগ-এর প্রচ্ছদ থেকে হিটলারের বাথটাবে

ভোগ সাময়িকীর প্রচ্ছদপটে হাজির হয়ে মডেলিং ও ফ্যাশন জগতে পদার্পণ। নিউইয়র্ক থেকে প্যারিসে পাড়ি দিয়ে পরাবাস্তববাদী শিল্প-আন্দোলনে যোগদান। তারপর লেন্সের সামনে থেকে লেন্সের পেছনে চলে আসা। ফ্যাশন আইকন থেকে ডাকসাইটে সাংবাদিকের জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে সক্রিয় অন্যতম নারী ফটো সাংবাদিক। কোনো গন্তব্যই যেন অসম্ভব নয় তাঁর কাছে; এমনকি রণাঙ্গনে হিটলারের গোপন আস্তানার বাথটাবও নয়! তিনি লি মিলার। বিশ শতকের কিংবদন্তি এই নারীকে নিয়ে বিবিসি ও দ্য গার্ডিয়ান অবলম্বনে প্রতিবেদন।
‘হিটলারের মৃত্যুসংবাদ ঘোষণার সময়টায় আমি মিউনিখে তাঁর ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে বসবাস করছিলাম।’ এই কথা নািস বাহিনীর কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা মিত্র বাহিনীর কোনো সৈনিক বলেননি। বলেছেন বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ফটো সাংবাদিক লি মিলার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছেছিলেন তিনি। সেদিন মিউনিখে হিটলারের গোপন আস্তানায় লি মিলার ঢুঁ মেরেছিলেন পেশাগত দায়িত্ব পালনের সুবাদেই। রণাঙ্গনে মিত্র বাহিনীর সঙ্গে থেকে কাজ করতে করতে তিনি এবং তাঁর সহকর্মী তখন খুবই ক্লান্ত। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বার্লিনে হিটলারের মৃত্যুর দিনটিতে মিউনিখের পরিত্যক্ত ওই বাড়িতেই তাঁরা বিশ্রাম নিচ্ছিলেন। রণাঙ্গন থেকে ফিরে এতটাই ক্লান্ত ছিলেন যে, কাদামাটিতে মাখামাখি বুট জোড়া বাথরুমের মেঝেতে খুলে রেখে হিটলারের বাথটাবেই গোসলে নেমে পড়েছিলেন মিলার।

হিটলারের বাথটাবে গোসলরত ছবিসহ লি মিলারের সংগ্রহের অনেক ঐতিহাসিক ছবি, নথিপত্র ও দলিল-দস্তাবেজ, যুদ্ধক্ষেত্র থেকে সংগ্রহ করা স্মারকের কথা জানা গেছে অনেকটা দৈবক্রমেই। মিলারের ছেলে অ্যান্টনি পেনরোজ বাড়ির চিলেকোঠায় কিছু পুরোনো ট্রাঙ্কের ভেতর মায়ের এই দুর্লভ সংগ্রহ সম্ভার খুঁজে পান। পেনরোজের উদ্যোগে এসব সংগ্রহের একাংশ সম্প্রতি একত্রে রাখা হয়েছে লি মিলারস আর্কাইভসে। পাশাপাশি মিলারের জবানিতে রণাঙ্গনে মিত্রবাহিনীর পশ্চিম ইউরোপ অভিযানের বিশদ বর্ণনাও একুশ শতকের পাঠকদের কাছে তুলে ধরেছেন পেনরোজ মাকে নিয়ে লেখা তাঁর দ্বিতীয় বই লি মিলারস ওয়ার: বিওন্ড ডি-ডে তে।
পেনরোজ জানিয়েছেন, তাঁর মায়ের সংগ্রহশালায় ৬০ হাজারেরও বেশি অরিজিনাল নেগেটিভ, ২০ হাজারের মতো প্রিন্ট ও কন্টাক্ট শিট এবং কয়েক হাজার নানা নথিপত্র ও পাণ্ডুলিপি আছে। এই বিপুল সংগ্রহের একাংশ সম্প্রতি যুক্ত করা হয়েছে লি মিলারস আর্কাইভসে। এ বছরের ২৩ এপ্রিল মায়ের জন্মদিনে নতুন করে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এই সাইটে প্রায় তিন হাজার ছবি রয়েছে, যার মধ্যে অনেকগুলোই আগে কখনো প্রকাশিত হয়নি। আশা করা হচ্ছে, নতুন বই এবং অনলাইন সংগ্রহশালা থেকে বিশ শতকের এই কিংবদন্তি নারীর জীবন ও কাজের অনেক অজানা অধ্যায় সম্পর্কে জানা যাবে।
বহুমাত্রিক প্রতিভার লি মিলার জন্মেছিলেন ১৯০৭ সালের ২৩ এপ্রিল নিউইয়র্কে। ১৯২৭ সালে ২০ বছর বয়সে প্রথমবারের মতো ভোগ সাময়িকীর প্রচ্ছদপটে আসেন তিনি। তবে, সরাসরি আলোকচিত্রে নয়, শিল্পী জর্জ লিপেপের রংতুলিতে তাঁর মুখচ্ছবি ছাপা হয় ভোগ-এর প্রচ্ছদে। এরপর নিয়মিতই সাময়িকীটির সঙ্গে কাজ করতে শুরু করেন মিলার। মডেলিং ও ফ্যাশনের জগতে তুমুল সাফল্য আসে অল্পদিনেই। এ সময়ই মিলার সঙ্গে পরিচয় হয় সমকালীন পরাবাস্তববাদী শিল্প-আন্দোলনের খ্যাতিমান শিল্পী মান রে-র সঙ্গে। তাঁদের সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেমে গড়ায়। কিছুদিনের মধ্যেই প্যারিসে পাড়ি জমান মিলার।
প্যারিসে এসে মান রে-র হাত ধরে শিল্প-আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন মিলার। ক্যামেরার সামনে থেকে সরে এসে ক্যামেরার পেছনে কাজ করতে শুরু করেন তিনি। প্যারিসে সে সময়কার শিল্পী-সাহিত্যিকদের অনেকেই রে ও মিলারের বন্ধু ছিলেন। পাবলো পিকাসো, জ্যঁ ককতো ও পল এল্যুয়ার তাঁদের অন্যতম। মান রে-র সঙ্গে ছাড়াছাড়ির পর ১৯৩২ সালে আবার নিউইয়র্কে চলে আসেন মিলার। এ সময় নিজের ফটোগ্রাফি স্টুডিও চালু করে নিউইয়র্কে পেশাদার আলোকচিত্রী হিসেবে কাজ করতে থাকেন তিনি। ১৯৩৪ সালে মিসরীয় ব্যবসায়ী আজিজ এলুই বাইকে বিয়ে করে নিউইয়র্ক ছাড়েন মিলার। আজিজকে এবং কায়রো ছেড়ে ১৯৩৭ সালে আবারও প্যারিসে ফিরে আসেন মিলার। প্যারিসে ফেরার পর মিলারের সঙ্গে পরিচয় হয় ব্রিটিশ পরাবাস্তববাদী শিল্পী ও শিল্প-সংগঠক রোলান্ড পেনরোজের সঙ্গে। পরবর্তী সময় তাঁকেই বিয়ে করে ব্রিটেনে পাড়ি জমান মিলার।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময়টায় লন্ডনে বসবাস করছিলেন মিলার। ১৯৪২ সালের ডিসেম্বরে ভোগ সাময়িকীর ফটো সাংবাদিক হিসেবে নতুন পেশা জীবনে পদার্পণ করেন তিনি। লাইফ সাময়িকীর মার্কিন সাংবাদিক ডেভিড ই শারমানের সঙ্গে জোড় বেঁধে যুদ্ধের ছবি তুলতে ফ্রান্সের রণাঙ্গনে চলে আসেন মিলার। মিত্র বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষপর্যন্ত সাফল্যের সঙ্গে রণাঙ্গনে কাজ করেন তিনি। লন্ডনে নািস বাহিনীর বোমা বর্ষণের ঘটনা, প্যারিসকে মুক্ত করার অভিযান এবং জার্মানিতে বুখেনবাল্ড ও দাখাও বন্দিশিবিরে কাজ করার অভিজ্ঞতা মিলারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আলোকচিত্রী হিসেবে খ্যাতি এনে দেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষলগ্নে অ্যাডলফ হিটলার যখন নািস বাহিনীকে নিয়ে ক্রমাগত পিছু হটছিলেন, সে সময়টায় মিউনিখে যান মিলার ও শারমান। ১৯৪৫ সালের এপ্রিলে মিত্র বাহিনীর সঙ্গে কাজ করার সময় সেখানে হিটলারের পরিত্যক্ত গোপন আস্তানাটি খুঁজে পান এই সাংবাদিক জুটি। হিটলারে বাথটাবে গোসলরত মিলারের এই ঐতিহাসিক ছবিটিও মার্কিন সাংবাদিক শারমানের তোলা।
ফটো সাংবাদিক হিসেবে রণাঙ্গনে ঘুরে ঘুরে কাজ করার নতুন পেশা হয়তো নেশার মতোই পেয়ে বসেছিল মিলারকে। ভোগ সম্পাদককে লেখা চিঠিতে মিলার বলেছিলেন, ‘আমার জন্য এখনই প্যারিসে ফিরে যাওয়াটা খুবই পরিতাপের হবে, আমার তো এখন নাকে বারুদের গন্ধই ভালো লাগে।’ পরবর্তী সময় ব্রিটেনের সাসেক্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন মিলার। ১৯৭৭ সালের ২১ জুলাই মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই থিতু ছিলেন তিনি। কিন্তু কখনোই আর যুদ্ধের আগের জীবনে ফেরা হয়নি মিলারের। তারুণ্য থেকে যৌবনভর উন্মাতাল জীবন কাটানো এই মানুষটির মনে, পায়ের তলায় সরষে দানার মতোই অস্থিরতা বাসা বেঁধে থাকত। সে জন্যই কি রণাঙ্গনের সহকর্মী শারমানকে তিনি এক চিঠিতে লিখেছিলেন, ‘কী কারণে জানি না, কিন্তু আমার সব সময়ই অন্য কোথাও যেতে ইচ্ছা করে!’