‘ভোগ’ ম্যাগাজিনে মডেল হওয়া এই বাংলাদেশি তরুণী কে?
ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ সারা বিশ্বে জনপ্রিয়। বিভিন্ন দেশ থেকে প্রকাশিত হয় এর একাধিক সংস্করণ। সম্প্রতি ‘ভোগ’–এর ভারতীয় সংস্করণের অনলাইনে প্রকাশিত হয়েছে একটি বিশেষ ফিচার, যেখানে মডেল হিসেবে দেখা যাচ্ছে সোবিয়া আমিনকে। এই তরুণী বাংলাদেশি। ভোগের ফটোশুটে একাধিক শাড়িতে স্ট্রিট ফ্যাশন তুলে ধরেছেন তিনি। প্রশ্ন হচ্ছে, কে এই সোবিয়া? কীভাবেই–বা ভোগ ইন্ডিয়া টিম খোঁজ পেল সোবিয়ার?
কে এই সোবিয়া?
অনেকেই হয়তো সোবিয়াকে চেনেন। বিশেষ করে যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কিংবা অনলাইনে ফ্যাশনের খোঁজখবর রাখেন। ঢাকার মেয়ে সোবিয়া আমিন মূলত স্থপতি। বনানীতে ডমুস আর্কিটেক্টস নামের একটা প্রতিষ্ঠানে কর্মরত। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয় নিজের ফ্যাশন ও স্টাইলের কারণে। এখন পর্যন্ত ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার প্রায় ৩০ হাজার এবং টিকটকে তাঁকে অনুসরণ করে ৪৪ হাজারের বেশি ব্যবহারকারী। নিজের রোজকার জীবনযাপনের ছোট ছোট ভিডিও আর ছবি দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন সোবিয়া। শুরুতে শখ করে শুধু বেকিংয়ের নানা রকম কনটেন্টই শেয়ার করতেন। অনলাইনে অর্ডার নিয়ে কেক তৈরিও করতেন। আপাতত সেটা বন্ধ আছে, সোবিয়া এখন ব্যস্ত ফ্যাশন ও স্টাইল নিয়ে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে স্থাপত্যে পড়াশোনা শেষ করে সোবিয়া দেশে ফেরেন ২০১৬ সালে। দেশের বাইরে থাকার কারণে দেখেছেন নানা দেশের ফ্যাশন। অনেকেই মনে করেন, ফ্যাশন বা স্টাইল করতে হলে চাই ‘জিরো ফিগার’। সে ধারণা আপনার মুহূর্তে বদলে যাবে সোবিয়া আমিনকে দেখলে।
আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে প্লাস সাইজ মডেলদের চাহিদা বেড়েছে বেশ কয়েক বছর ধরে। তাই সোবিয়া মনে করেন, ‘সময়ের সঙ্গে চলতে হলে আমাদের ইন্ডাস্ট্রিটাকেও বদলাতে হবে। পাশের দেশ ভারতও অনেকটা এগিয়ে আছে। আমি যেদিন দেশেই পশ্চিমা ধাঁচের পোশাক পরি, আশপাশের লোকজন ঠিকই অদ্ভুতভাবে তাকায়। অথচ শাড়ি পরে বের হলে সেই মানুষেরাই স্বাভাবিক থাকে। কিন্তু আমার কাছে তো মনে হয়, শাড়িও কোনো দিক থেকে কম আবেদন সৃষ্টি করে না। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।’
যেভাবে পরিচিতি বাড়ল
সোবিয়া এবার কয়েক বছর পেছনে ফিরে গেলেন, ‘আমি নিজের বানানো কেকের ছবি নিয়মিত ইনস্টাগ্রামে শেয়ার করতাম। সেই সঙ্গে দিতাম নিজের বিভিন্ন সময়ের সাজগোজের ছবি। করোনাকালে আমার বোনের বিয়ের সময় নিজের একটি পোশাকই বদলে দিয়েছে পুরো পরিস্থিতি।’
কীভাবে? সোবিয়া বলেন, ‘বোনের বিয়ে উপলক্ষে ভারতের বিখ্যাত ডিজাইনার মাসাবা গুপ্তের একটা আউটফিট কিনেছিলাম আমি। সেই পোশাক পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলাম সামাজিক যোগাযোগমাধ্যমে। হঠাৎ দেখি, সেই পোস্ট শেয়ার করেছেন মাসাবা। ব্যস, সেই থেকে শুরু।’
অনেকেই সোবিয়ার সেই ছবি দেখে উৎসাহ দিলেন। ছবির নিচে লাভ রিঅ্যাকশনে পোস্ট ভারী হতে শুরু করল। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেকেই চিনলেন সোবিয়াকে। কেউ কেউ খোঁজ নিতে শুরু করলেন সোবিয়ার। এ ঘটনার কদিন পরই মাসাবার ম্যানেজার যোগাযোগ করেন সোবিয়ার সঙ্গে। তাঁরা তাঁদের পোশাকের একটা ফটোশুটের প্রস্তাব দেন সোবিয়াকে। সানন্দে প্রস্তাবটা লুফে নেন সোবিয়া।
তবে করোনার কারণে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। গত বছরের মাঝামাঝি এসে যায় সুযোগটা। করোনার প্রভাব কমতে শুরু করার পর সোবিয়া অংশ নেন ফটোশুটে। এই ফটোশুটে সোবিয়া আমিনের জনপ্রিয়তা বেড়ে যায় আরও কয়েক ধাপ। দেশি–বিদেশি অনেকেই একের পর এক যোগাযোগ করতে শুরু করেন সোবিয়ার সঙ্গে। চলতি বছর ভোগ ইন্ডিয়া টিম যোগাযোগ করে সোবিয়া আমিনের সঙ্গে।
কাকতালীয়ভাবে সে সময় দিল্লিতেই ছিলেন তিনি। সোবিয়া আমিন বলেন, ‘একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে দিল্লি গিয়েছিলাম কিছুদিন আগে। সে সময় ভোগ ইন্ডিয়া টিম আমাকে প্রস্তাব দেয় একটা ফটোশুটের। যেখানে তারা শাড়ি নিয়ে স্ট্রিট ফ্যাশনের ওপরে কাজ করতে চায়। তবে পুরো স্বাধীনতা আমার থাকবে। যেখানে পোশাক ও জুয়েলারির ব্র্যান্ড থেকে শুরু করে সাজ, স্টাইলিং—সবই আমার ইচ্ছেমতো করতে পারব। এরপর সবকিছু ঠিক করে আমি দিল্লির ফুলের বাজার, যমুনা ঘাট, বাগান ও মন্দিরের কাছে পাঁচ ধরনের শাড়িতে দিনব্যাপী ফটোশুট করি। ২৮ মে ভোগ ইন্ডিয়ার অনলাইন সংস্করণে সেসব ছবি প্রকাশিত হয়েছে।’
ভারতের অনেকগুলো এজেন্সি আগ্রহ দেখাচ্ছে সোবিয়া আমিনকে নিয়ে কাজ করার। তবে নিজে এখনো সেভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানালেন। সোবিয়া কাজ করতে চান আনন্দ নিয়ে। নিজের মতো করে বানাতে চান কনটেন্ট। তবে দেশি প্রতিষ্ঠানগুলোতে ইনফ্লুয়েন্সারদের স্বাধীনতা তুলনামূলক কম বলে মনে করেন তিনি। মডেল হিসেবে কাজ করার ইচ্ছা আছে ডিজাইনার বিবি রাসেলের সঙ্গে। সব মিলিয়ে নিজের এ সময়টা দারুণ উপভোগ করছেন সোবিয়া।