ভোগান্তি কমাতে ব্যবস্থা নিচ্ছি: চউক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহদ্দারহাট এলাকায় উড়ালসড়ক নির্মাণ প্রসঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম গত রোববার রাতে তাঁর কার্যালয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন হামিদ উল্লাহ।প্রথম আলো: বহদ্দারহাট উড়ালসড়কের কাজ ২০১২ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে মনে করেন কি?আবদুচ ছালাম: আমরা খুবই আশাবাদী। যথাসময়ে উড়ালসড়কের কাজ শেষ হবে। সেভাবেই কাজ চলছে। প্রথম আলো: উড়ালসড়ক নির্মাণের কাজ চলায় আশপাশের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চান্দগাঁও থানার সামনে ও আশপাশে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে জনগণের ভোগান্তি বেড়েছে। এ ভোগান্তি কি কমানো যেত না?আবদুচ ছালাম: চান্দগাঁও থানার সামনের সড়কটি সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের অধীনে। তারা এটি চার লেনে উন্নীত করছে। ভূমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছে। প্রকল্পের কাজ শুরু হলে সাধারণত কোনো সংস্থা অন্তর্বর্তী কাজের জন্য টাকা খরচ করতে চায় না। আমরা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। সওজকে বারবার অনুরোধ করেও কোনো সাহায্য পাইনি। তাই জনগণের কষ্ট লাঘব করতে আমরা নিজ উদ্যোগে সংস্কারকাজ শুরু করেছি। ইতিমধ্যে কিছু গর্তও ভরাট করা হয়েছে। আশা করি, এতে মানুষের ভোগান্তি দূর হবে। প্রথম আলো: যেকোনো বড় ধরনের নির্মাণকাজ শুরু হলে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়। এখানে তা করা হয়নি। এতে লোকজন ঝুঁকির মধ্যে আছে। এটা কেন করা হয়নি? আবদুচ ছালাম: আপনার কথার সঙ্গে আমি একমত। তবে নিরাপত্তাবেষ্টনী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দেওয়ার কথা। আমাদের চাপাচাপিতে তারা বিচ্ছিন্নভাবে কিছু বেষ্টনী দিয়েও আবার তুলে নেয়। আমরা এ জন্য তাদের নিয়মিত চাপ দিয়ে যাচ্ছি।প্রথম আলো: বিশেষজ্ঞরা দাবি করছেন, উড়ালসড়ক যানজট না কমিয়ে বরং বাড়াবে। আপনি কী মনে করেন?আবদুচ ছালাম: চট্টগ্রামের উন্নয়নের মহাপরিকল্পনায় যানজট নিরসনে প্রতিটি জংশনে ওভারপাস নির্মাণের কথা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী এই উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে। তা ছাড়া শাহ আমানত সেতু নির্মাণের পর বান্দরবান, কক্সবাজার ও টেকনাফের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ সহজতর হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম একটি বিশাল সম্ভাবনাময় অঞ্চল। সেতু হওয়ার পর এ সম্ভাবনা অনেক বেড়েছে। দক্ষিণ চট্টগ্রামে কলকারখানা গড়ে তুলতে ও পর্যটনশিল্পের বিকাশ ঘটাতে হলে বহদ্দারহাটকে যানজটমুক্ত রাখতেই হবে। কারণ, বহদ্দারহাট দক্ষিণ চট্টগ্রামের প্রবেশপথ। বর্তমানে বহদ্দারহাটের যানজট সহনীয় পর্যায়ে নেই। ব্যস্ততার সময় নগরবাসীকে এখানে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। বহদ্দারহাট উড়ালসড়ক সুদুরপ্রসারী পরিকল্পনার ফসল। এমন সময় আসতে পারে, যখন উড়ালসড়ক নির্মাণের অবস্থা থাকবে না। এসব চিন্তা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তা ছাড়া বহদ্দারহাট চট্টগ্রামের সবচেয়ে বড় জংশন। উড়ালসড়ক ব্যবহার শুরু হলে বহদ্দারহাটে যানজট থাকবে না। প্রথম আলো: অভিযোগ রয়েছে, কোনো ধরনের জরিপ ছাড়াই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। আপনি কি একমত?আবদুচ ছালাম: এটা ঠিক নয়। যথেষ্ট গবেষণা শেষেই এটা শুরু করা হয়েছে। বহদ্দারহাটকে যানজটমুক্ত করতে আর কোনো ব্যবস্থা নেই বিধায় আমরা উড়ালসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। প্রথম আলো: বহদ্দারহাট ছাড়াও মুরাদপুর ও ষোলশহরেও উড়ালসড়ক নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। এগুলো পুরোটাই কি সংযুক্ত থাকবে, নাকি আলাদাভাবে নির্মাণ করা হবে? আবদুচ ছালাম: কেবল বহদ্দারহাটই নয়, সারা শহরকেই যানজটমুক্ত করতে হবে। মুরাদপুরের যানজটের কারণে আশপাশের মানুষের ভোগান্তি বেড়েছে। মহাপরিকল্পনাকে বিবেচনায় নিয়ে আমরা আরও তিনটি উড়ালসড়ক নির্মাণের কাজ শুরু করেছি। পাশাপাশি তিনটি উড়ালসড়ককে একটিতে রূপান্তর করারও চেষ্টা চলছে। প্রস্তাবটি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।