নগরের দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত সড়কের সম্প্রসারিত অংশ ট্রাক ও বিভিন্ন আসবাবপত্র বিক্রেতাদের দখলে চলে গেছে। বাকি সড়কের কাজ করা হচ্ছে সড়কের ওপর নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রেখে। বেশির ভাগ জায়গায় সড়কের পাশের নালার কাজ এখনো শেষ হয়নি। এ ছাড়া, কিছু কিছু জায়গায় নালার ভেতরের আবর্জনা পরিষ্কার না করেই ওপরে স্ল্যাব বসানো হয়েছে। এ অবস্থায় জনদুর্ভোগ থেকে রেহাই মিলছে না এলাকাবাসীর। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অলংকার থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত সড়ক সম্প্রসারণকাজ শুরু করে গত বছরের জুন মাসে। ৪ দশমিক ৩০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ শেষ হওয়ার কথা ২০১৪ সালের জুন মাসে। কিন্তু সিডিএ কর্তৃপক্ষ বলছে, তারা আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ করার সম্ভাব্য তারিখ ঠিক করেছে। ভোগান্তির নানা চিত্র: গতকাল বুধবার সরেজমিনে সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায় ভোগান্তির চিত্র। সড়কের দুই পাশে নালা তৈরির পুরো কাজ শেষ হয়নি। পাহাড়তলী চালের বাজার এলাকায় এক পাশের নালায় বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা জমে একাকার হয়ে রয়েছে। পথচারীদের চলাচলের সুবিধার জন্য দোকানিরা নালার ওপর কাঠের তক্তা কিংবা বাঁশ বিছিয়ে দিয়েছেন। স্থানীয় ব্যবসায়ী মো. আকতার হোসেন বলেন, ‘প্রায় প্রতিদিনই আমাদের ঝুঁকি নিয়ে পণ্য ওঠানো-নামানোর কাজ করতে হয়। দীর্ঘদিন ধরে আমরা এ ধরনের ভোগান্তি পোহাচ্ছি।’ অলংকার মোড়ের কাছে আবদুল আলীর হাট, সিডিএ মার্কেট, হাজিক্যাম্প, পাহাড়তলী বাজার ঢাকা ট্রাংক রোড, বারো কোয়ার্টার ও দেওয়ানহাট খাদ্যগুদামের এক পাশের সড়কের ওপর স্ল্যাব বসানো হয়েছে। তবে এর মধ্যে কোথাও কোথাও ফাঁকা রাখা হয়েছে। এতে নালায় পড়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তা ছাড়া নালার ভেতর জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার না করেই স্ল্যাব বসানো হয়েছে। বারো কোয়ার্টার এলাকার বাসিন্দা আমীর পারভেজ বলেন, ‘নালার ভেতরের ময়লা অপসারণ না করায় নালা তৈরির উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।’সরেজমিন দেখা যায়, পাহাড়তলী ঢাকা ট্রাংক রোড ও হাজিক্যাম্প এলাকায় রাস্তার ওপরই ইট, সুড়কি বিছানো রয়েছে। বালু সিমেন্ট মেশানো হচ্ছে রাস্তার ওপরে। হাজিক্যাম্প হাককানি পেট্রোল পাম্পের সামনে একটি নবনির্মিত সেতুর ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। এতে রাস্তার এক পাশ দিয়ে যানবাহন ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া হাজিক্যাম্প এলাকায় সমপ্রসারিত রাস্তার ওপরে বাঁশ, গাছ, স্টিলের দোকানের আলমারি, কাঠের আসবাব বসিয়ে দখল করে রেখেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই চিত্র দেখা গেছে ঈদগাহ ওয়াপদা কলোনি এলাকায়। বারো কোয়ার্টার, ঈদগাহ, আসকারাবাদ থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়কের দুই পাশেই গড়ে উঠেছে অস্থায়ী স্ট্যান্ড। এদিকে অলংকার থেকে দেওয়ানহাট মোড় সড়কের ঈদগাহ কাঁচা রাস্তার মোড়, আবুল বিড়ি কারখানার সামনে, পাহাড়তলী বাজার ঢাকা ট্রাংক রোড, লাকি হোটেলের মোড়, হাজিক্যাম্প ও সিডিএ মার্কেট সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সমন্বয়হীনতা: অলংকার থেকে দেওয়ানহাট মোড় সড়কে দুটি স্থাপনা এখনো অক্ষত রয়েছে। এর একটি হলো পাহাড়তলী আবুল বিড়ি কারখানা, অপরটি হচ্ছে পাহাড়তলী বাজারসংলগ্ন সিটি ব্যাংক ভবন। অথচ এগুলোর আশপাশের সড়কের সমপ্রসারণ ও নালা নির্মাণকাজ শেষ করা হয়েছে অনেক আগে। এ ছাড়া মনছুরাবাদ এলাকায় হজরত খাজা মনছুর আলী শাহ (র.) মাজারে সামান্য জায়গা ছেড়ে কর্তৃপক্ষ সীমানা প্রাচীর তৈরি করেছে, যা আশপাশের মূল সড়কের সঙ্গে কোনোভাবেই মিলছে না। হঠাৎ করেই মাজারের সামনে এসে রাস্তা সরু হয়ে গেছে। এর পাশের দোকানপাটগুলো এখানো অক্ষত। পাশেই সড়কের ওপর বিছিয়ে রাখা হয়েছে বড় বড় টায়ার।সমপ্রসারিত সড়কের ওপর থেকে বৈদ্যুতিক খুঁটি সরানো এবং গ্যাসের লাইন স্থানান্তরের কাজও এখনো শেষ হয়নি। পাহাড়তলী চল্লিশ কোয়ার্টার এলাকার বাসিন্দা আইনজীবী জামাল আহমেদ অভিযোগ করেন, ‘আমাদের গ্যাসের লাইন সরানোর ব্যবস্থা না করেই সড়কের খোঁড়াখুঁড়ি শুরু করা হয়। পরে আমি ঠিকাদারকে অনুরোধ করে লাইনটি ওপরে তুলে রাখার ব্যবস্থা করেছি।’ এলাকায় গিয়ে দেখা যায়, গ্যাসের সংযোগ উঁচু করে একটি গেটের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।প্রকল্প পরিচালকের বক্তব্য: অলংকার থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত সড়ক সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে নালাসহ সড়ক সংস্কারের সব কাজ শেষ করব। আবুল বিড়ি ফ্যাক্টরি ও সিটি ব্যাংক ভবনের জায়গা ছেড়ে দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। তবে ধর্মীয় অনুভূতির কারণে মনছুর আলী শাহ (র.) মাজার এলাকা থেকে সড়কের জন্য বেশি জায়গা ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না।’ এ ছাড়া তিনি জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটি সরিয়ে আনার ব্যাপারে কথা হয়েছে। গ্যাস-লাইন স্থানান্তরের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দও দেওয়া হয়েছে। রাস্তার ওপর ট্রাক ও অন্যান্য মালামাল সরানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক।