ভোগান্তি-দুর্ভোগের বহদ্দারহাট
ভোগান্তি আর দুর্ভোগের আরেক নাম এখন বহদ্দারহাট। উড়ালসড়কের নির্মাণকাজ এবং তিন দিকের সড়কের বেহাল দশার কারণে দিনের বেশির ভাগ সময় যানজট লেগেই থাকে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সড়ক মেরামতের দায়িত্ব নিচ্ছে না সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগামী বছরের মার্চের আগে সড়কগুলো যান চলাচলের উপযোগী হওয়ার সম্ভাবনা নেই। মার্চেই উড়ালসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। জানা যায়, প্রায় পৌনে দুই বছর ধরে সড়কগুলোর কোনো সংস্কার হয়নি। বরং কোনো কোনো অংশে খানাখন্দ বেড়েছে। ফলে পথ চলতে দুর্ভোগ পোহাচ্ছেন নগরের চান্দগাঁও-মোহরা অংশ, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এবং উত্তর চট্টগ্রামের কাপ্তাই, দক্ষিণ রাউজান ও রাঙ্গুনিয়ার বাসিন্দারা।এ প্রসঙ্গে নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, পৌনে দুই বছর ধরে বহদ্দারহাটের আশপাশের এলাকার বাসিন্দারা মহাদুর্ভোগে আছেন। তাঁরা মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেছেন। কিন্তু সিটি করপোরেশন ও সিডিএ, কেউ রাস্তা মেরামতের দায়িত্ব নিতে আগ্রহী নয় বলে মনে হচ্ছে। এ দুই সংস্থার রশি টানাটানির খেসারত দিচ্ছে পথচারীরা। পুলিশ সূত্র জানায়, দুই সংস্থার রশি টানাটানির পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে বড় বড় গর্ত ভরাট করার উদ্যোগ নিচ্ছে। বৃষ্টি বন্ধ হলেই এই সংস্কারকাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা গেছে, বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক চওড়া করার কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ করার কথা রয়েছে। অথচ সোয়া দুই বছরে মাত্র আটটি সেতুর পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘তিনটি অর্থবছরে আমরা ১৫৩ কোটির মধ্যে ১১ কোটি টাকা পেয়েছি। আর ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব নয়। তাই প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য ঢাকায় সুপারিশ পাঠাচ্ছি।’উড়ালসড়ক নির্মাণের কারণে বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতুর দিকে প্রথম এক কিলোমিটার সড়কের উন্নয়নকাজে হাত দিতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ফলে এই সড়ক দিয়ে গাড়ি চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। আর সড়কগুলোয় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। রাউজানে রোগী দেখেন নগরের বাসিন্দা ও শিশু চিকিৎসক জাহাঙ্গীর আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি প্রতিদিন নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে রোগী দেখতে যাই। আবার শহরে চলে আসি। বহদ্দারহাটের রাস্তার যে দশা হয়েছে তাতে আমার নতুন গাড়িরও বারোটা বেজে গেছে। ইতিমধ্যে গাড়ির চাকা চারবার বদলাতে হয়েছে। এখন নিজের গাড়ি ওই পথে চালানো বন্ধ করে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে যাতায়াত করছি।’ খাতুনগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশিস কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘গর্তের কারণে প্রতিনিয়ত যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। আমরা সিটি করপোরেশন ও সিডিএর কাছে বারবার গিয়েও কোনো ফল পাইনি। মনে হচ্ছে, বহদ্দারহাটের তিন পাশের আবাসিক এলাকার বাসিন্দারা বিচ্ছিন্ন কোনো দ্বীপে বসবাস করে। আমাদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই। সিটি করপোরেশনও ব্যর্থতার পরিচয় দিয়েছে।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নগরবাসীর দুর্ভোগ দেখার দায়িত্ব সিটি করপোরেশনের। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে অথচ সিটি করপোরেশন নীরব। তাদের উচিত ছিল গর্তগুলো ভরাট করে রাস্তা যান চলাচলের উপযোগী করে তোলা। কিন্তু তারা তা করছে না।