ভোগান্তি বাড়ে নারী শ্রমিকদের
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালে ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম সমস্যায় পড়তে হয়েছে পোশাকশ্রমিকসহ অন্যান্য পেশাজীবীদেরও। তবে সবচেয়ে ভোগান্তির শিকার কর্মজীবী নারী পোশাকশ্রমিকেরা। বিএনপিসহ চার দলীয় জোটের বুধ ও বৃহস্পতিবারের দুই দিনের ডাকা হরতালে সবচেয়ে ভুক্তভোগী ছিলেন নারী পোশাকশ্রমিকেরা। হরতালের কারণে গন্তব্যস্থল কিংবা কর্মস্থলে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এসব হাজার হাজার নারী শ্রমিককে। গত বৃহস্পতিবার খুব সকালে কথা হয় সিইপিজেডের ওয়াইএসএস নামের একটি জুতার কারখানার কর্মী কাঞ্চন বারৈয়ের সঙ্গে। আলাপকালে তিনি জানান, ‘জামালখান এলাকায় স্বল্প খরচে একটি মেসে থাকি। হরতালের দিনগুলো ছাড়া অন্যদিন প্রতিষ্ঠানের বাস এসে নিয়ে যায়। কিন্তু হরতালের দিন পাওয়া যায় না কোনো বাস কিংবা টেম্পু। সেই ভোর পাঁচটায় উঠেছি। রান্নাবান্না সেরে অনেকটা দূর হেঁটে যেতে হবে লালদীঘির পাড় পর্যন্ত। ভাগ্যগুণে যদি টেম্পু কিংবা রাইডারও পাই, ঠিক সময়ে কারখানায় পৌঁছাতে পারব কি না নিশ্চিত নই। যানবাহনে উঠতে গেলেও আবার ছেলেদের সঙ্গে প্রতিযোগিতা করে উঠতে হবে।’ এ ছাড়া বৃহস্পতিবার সকালে ইপিজেড মোড়ে গিয়ে কিছু সংখ্যক সিটি বাস শ্রমিকদের নিয়ে আসতে দেখা গেছে। তবে বেশির ভাগ লোকজনই পায়ে হেঁটে এসে ইপিজেডের ফটকে প্রবেশ করে।বাসচালক মোহাম্মদ করিম জানান, ‘ঝুঁকি নিয়ে সকাল থেকে যাত্রী নিয়ে তিন বার এসেছি। সকালে কিছু সংখ্যক যানবাহন চললেও বেলা বাড়তে না বাড়তেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। কী করব, আমাদেরও তো চলতে হবে।’ বুধবার হরতালের দিনে কাজ শেষে রাত আটটায় পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন লাকী আক্তার, রীনা আক্তার, সজরী চাকমাসহ আরও অনেকে। তাঁরা সবাই বায়েজীদের একটি পোশাক-কারখানায় চাকরি করেন। থাকেন নগরের হামজারবাগ এলাকায়। হরতালকে কেন্দ্র করে তাঁদের ভোগান্তির কথা জানালেন এ প্রতিবেদককে। তাঁরা বলেন, প্রতিষ্ঠান থেকে যাতায়াতের জন্য বাস দেয় না ঠিকই কিন্তু স্বল্পখরচে টেম্পু এবং সিটি বাসে করে যাতায়াত করা যায়। কিন্তু হরতালের কারণে যানবাহন চলাচল কম থাকায় সকাল-সন্ধ্যা কারখানায় আসতে এবং কারখানা থেকে যেতে হয় পায়ে হেঁটে। পৌঁছতে পৌঁছতে নয়তো দ্বিগুণ থেকে তিনগুণ খরচে বাস, রিকশা কিংবা টেম্পু ভাড়া দিয়ে যেতে হয়।