ভোগান্তিতে অর্ধ লক্ষাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা তুলাবান-বঙ্গলতলী-গঙ্গারাম সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কটির ১৯ কিলোমিটারের মধ্যে ১৩ কিলোমিটারই যানবাহন চলাচলের অনুপযোগী হয়েছে। বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এ কারণে তিনটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০০০-০১ অর্থবছরে তুলাবান থেকে বঙ্গলতলী পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক নির্মাণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এর মধ্যে এক কিলোমিটার পিচঢালাই ও ১২ কিলোমিটারে ইট বিছানো হয়। সড়ক নির্মাণের পর থেকে সড়কটির আর সংস্কার করা হয়নি। পরে ২০০৯-১০ সালে বঙ্গলতলী-গঙ্গারাম পর্যন্ত ছয় কিলোমিটার সড়কে ইট বিছানো হয়।
স্থানীয় লোকজন জানান, মারিশ্যা, বঙ্গলতলী ও সাজেক ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। এ ছাড়া করেঙ্গাতলী, উজোবাজার ও উপজেলা বাজারের হাটের দিনে ওই সড়কে যাতায়াতকারী লোকজনের সংখ্যা আরও বেড়ে যায়। সড়কের এই দুরবস্থার কারণে প্রায় সময় জিপ ও মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ছে। গত বছর জুন মাসে করেঙ্গাতলী এলাকায় দুজন ও তুলাবান এলাকায় একজন বৃদ্ধ মারা গেছেন।
সরেজমিনে দেখা গেছে, পুরো সড়কই ভাঙাচোরা। এর মধ্যে তুলাবান, হাতিমারাছড়ার মুখ, জারুলছড়ি, করেঙ্গাতলী ও গঙ্গারামমুখ এলাকায় ভাঙন তীব্র। এসব স্থানে সড়কেই চিহ্নই নেই।
জিপচালক মো. জাহাঙ্গীর ও মোটরসাইকেলচালক অর্পণ চাকমা জানান, সড়কের বিভিন্ন অংশে প্রতিদিন চার থেকে পাঁচটি ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। প্রায় সময় গর্তে গাড়ি আটকে যায়। বিকল্প যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে।
বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারুসি চাকমা বলেন, নির্মাণের পর সড়কটিতে কোনো সংস্কারকাজ করা হয়নি। এ কারণে দিন দিন দুর্ঘটনা বাড়ছে। হাটের দিন তো হাজারো মানুষকে ভোগান্তি পোহাতে হয়। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নিরঞ্জন নাথ চক্রবর্তী বলেন, ‘সড়কটি পার্বত্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এ কারণে সংস্কার করতে দেরি হচ্ছে। চাইলে এখন মন্ত্রণালয় সংস্কার করতে পারে। আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বলেছি মন্ত্রণালয়ে সংস্কারের আবেদন করতে।’