ভোগান্তিতে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝরনার ওপর পাকা সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। এ জন্য সেতুতে চলে না যানবাহন। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সড়কের গোলক কটিমাছড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
ঝরনার ওপর পাকা সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। এ জন্য সেতুতে চলে না যানবাহন। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সড়কের গোলক কটিমাছড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

পাহাড়ি ঝরনার (ছড়া) ওপর তৈরি করা হয়েছে পাকা সেতু, কিন্তু তাতে ওঠার সংযোগ সড়ক না থাকায় চলে না যানবাহন। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের তালুকদারপাড়া পুরাতন বাজার সড়কে গোলক কটিমাছড়ার ওপর এ সেতুর অবস্থান। সেতুর দুই পাশে মাটি ভরাট না করায় সড়ক দিয়ে হেঁটেই চলাচল করতে হয় গ্রামবাসীকে। এ নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে পানছড়ির তিনটি গ্রামের মানুষজনকে।
পানছড়ি স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ের সূত্রে জানা যায়, ২ কিলোমিটার দীর্ঘ তালুকদারপাড়া পুরাতন বাজার সড়কে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে ২০১৪ সালের ডিসেম্বরে এ সেতু নির্মিত হয়। সেতুর পশ্চিম দিকে তালুকদারপাড়া এবং পূর্ব দিকে জতিশ মেম্বারপাড়া ও ব্রিকফিল্ডপাড়া নামের তিনটি গ্রামের অবস্থান। ১৯৯০ সালের আগে পানছড়ি উপজেলা থেকে এই পথেই খাগড়াছড়ি সদরে যাতায়াত করতেন লোকজন। তখন গোলক কটিমাছড়ার ওপর কাঠের সেতু ছিল। চলত জিপসহ ছোট যানবাহন। তবে বিকল্প সড়ক তৈরি হওয়ায় এই সড়ক দিয়ে লোকজনের যাতায়াত কমে যায়। সম্প্রতি জতিশ মেম্বারপাড়া ও ব্রিকফিল্ডপাড়ায় নতুন বসতি গড়ে ওঠার পর থেকে তালুকদারপাড়া সড়কে আবারও লোকজনের চলাচল বেড়ে গেছে। তবে ছড়ার ওপর অবস্থিত সেতুর সংযোগ সড়ক না থাকায় সেখানে এখনো যানবাহন চলাচল করে না। যানবাহন চলাচল না করায় তালুকদারপাড়া সড়কের কিছু অংশ দখলও হয়ে গেছে। পাশাপাশি সড়কের কিছু অংশ চেঙ্গী নদের ভাঙনে বিলীন হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তালুকদারপাড়া পুরাতন সড়ক দিয়ে লোকজন হেঁটে গোলক কটিমা সেতুতে উঠছে। সন্ধ্যা হলে সেতুটি দিয়ে চলাচল করতে চায় না অনেকে। তখন এখানে বখাটেদের আড্ডা বসে বলে অভিযোগ করেন পথচারীরা।
তালুকদারপাড়া জামে মসজিদের ইমাম মো. আবদুল্লা আল মামুন বলেন, সেতুর দুই পাশে সড়ক না থাকায় এলাকার লোকজন দুর্ভোগের শিকার হচ্ছে। সড়ক নির্মাণ করা হলে এলাকার চেহারা পাল্টে যাবে।
জতিশ মেম্বারপাড়ার বাসিন্দা রাবেয়া বেগম বলেন, গোলক কটিমাছড়ার পাড়ের দুই গ্রামের বেশির ভাগ মানুষ কৃষক। সড়ক যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় তাদের। অনেকে দুই কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা হয়ে পানছড়ি সদরে যায়। তা ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতেও অসুবিধা হয়।
তালুকদারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আসিফ করিম বলেন, ‘এই সড়ক সংস্কারের জন্য অনেকবার ইউনিয়ন পরিষদের সভায় উত্থাপন করেছি। সেতুর দুই পাশে মাটি ভরাট করে দিলে এলাকাবাসী এতটা দুর্ভোগের শিকার হতো না। পাশাপাশি পুরো তালুকদারপাড়া সড়ক সংস্কার করা হলে এলাকাবাসী উপকৃত হবে।’
এ বিষয়ে পানছড়ি উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাশ বলেন, ‘সেতুটি আমি যোগদান করার আগে নির্মাণ করা হয়েছে। সড়কবিহীন সেতুটি কারও কাজে আসছে না। আগামী অর্থবছরে সেতুর সংযোগ সড়ক ঠিক করা হবে। তালুকদারপাড়া সড়কটিও সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে।’