ভোগান্তিতে ৩০ হাজার গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের বেলা এক ঘণ্টার জন্যও বিদ্যুৎ পাওয়া যায় না। রাতে আধা ঘণ্টা দিলে চার ঘণ্টায় রাখে অন্ধকারে। এভাবে চলছে তিন সপ্তাহ ধরে। অথচ মাস শেষে দেখা যাবে ঠিকই বাড়তি বিলের বোঝা। ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন চাতরী বাজারের ব্যবসায়ী মো. মুছা (৩৪)। শুধু মুছা নয়, আনোয়ারার ৩০ হাজার গ্রাহকের ভোগান্তি এখন চরমে। লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ।
গ্রাহকদের অভিযোগ, পুরো দিন মিলিয়ে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। এ কারণে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হচ্ছে। লেখাপড়ায় ব্যাঘাত হচ্ছে শিক্ষার্থীদের।
পল্লী বিদ্যুৎ সমিতির আনোয়ারা আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়ন ও কর্ণফুলী থানার দুই ইউনিয়নে বিদ্যুতের গ্রাহক আছেন ৩১ হাজার ৫৭৮ জন। এখানে দিনের বেলায় ১২ আর রাতে ১৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় মেগাওয়াট। তার ওপর জাতীয় গ্রিডে বিদ্যুৎ থাকে না দুই ঘণ্টারও বেশি। এ কারণে লোডশেডিং ছাড়া কোনো বিকল্প নেই।
পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানান, কর্ণফুলী সার কারখানা (সিইউএফএল) চালু হওয়ার কারণেও বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। আর এ সমস্যা থাকবে এই মাসজুড়ে। আনোয়ারা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ইব্রাহিম খলিল বলেন, ‘সার কারখানা চালু হওয়ায় আমরা চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছি না। এ কারণে লোডশোডিং হচ্ছে। আশা করছি, এ মাসেই সমস্যা কেটে যাবে।’