ভোগান্তির দুই বিকল্প সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক থেকে বিকল্প সেতুর উচ্চতা পাঁচ ফুটের বেশি। সেতুতে উঠতে-নামতে প্রায় সময় বিকল হচ্ছে গাড়ি। যানজট লেগেই থাকে, তার ওপর ধুলাবালির অত্যাচার। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাটাহাজারীর কুয়াইশ বুড়িশ্চর এলাকায় এখন নিত্য ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। শুধু যে বুড়িশ্চর এলাকায় তা নয়, ভোগান্তিতে পড়তে হয় মদুনাঘাটেও। এ দুই বিকল্প সড়ক পার হতে পারলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা। জানা যায়, ২০১০ সালের জানুয়ারিতে কাপ্তাই সড়কের মদুনাঘাট ও কুয়াইশ বুড়িশ্চর এলাকার সেতু দুটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। যান চলাচলের জন্য তখন সেতুর পাশে বিকল্প বেইলি সেতু বসিয়ে ইট ও বালু দিয়ে সড়ক নির্মাণ করা হয়, যা খুবই অপ্রশস্ত ও উঁচু-নিচু। একটির বেশি যানবাহন চলাচল করতে পারে না। এর মধ্যে কুয়াইশ বুড়িশ্চর এলাকার সেতুটি সড়ক থেকে উঁচু আবার মদুনাঘাটের সেতুটি নিচু। ফলে দুটি সেতু দিয়ে গাড়ি চালাতে হিমশিম খাচ্ছেন চালকেরা।রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন নিপা মুৎসদ্দী, নবনীতা রায়, মিনতি বিশ্বাস ও সিমা বড়ুয়া। তাঁরা জানান, বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল নয়টায় বাসযোগে রওনা দিলেও সাড়ে ১১টা-১২টার আগে রাঙ্গুনিয়ায় পৌঁছানো সম্ভব হয় না। বাসচালক আবুল বাশার বলেন, সেতু দুটি ভাঙার পর থেকে তিন ঘণ্টায়ও পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেতুটির গোড়ায় প্রতিবারই এক-দেড় ঘণ্টারও বেশি সময় যানজট লেগে থাকে। সূত্র জানায়, সওজ বিভাগ ২০০৮ সালে কাপ্তাই সড়কের হাটহাজারী উপজেলার মদুনাঘাট ও কুয়াইশ বুড়িশ্চর এলাকায় এই দুটি এবং রাউজান ও রাঙ্গুনিয়া অংশে দুটি সেতু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এরপর এগুলো পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। সওজ বিভাগের নিবন্ধিত ঠিকাদার মো. মুছা সেতুগুলোর নির্মাণকাজ পান। তিনি ২০০৯ সালের শেষের দিকে রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন ও রাউজান উপজেলার পাহাড়তলী এলাকার সেতু দুটির নির্মাণকাজ সম্পন্ন করেন। এরপর ২০১০ সালের শুরুর দিকে এ সেতু দুটির কাজ শুরু করেন। অভিযোগ রয়েছে, কাজ চলছে ধীরগতিতে।এ প্রসঙ্গে ঠিকাদার মো. মুছা বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। বেশি যানবাহন চলাচলের কারণে সেতুর নির্মাণকাজ চালাতে খুব কষ্ট হচ্ছে। কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য ধীরগতিতে কাজ পরিচালনা করা হচ্ছে। সওজ বিভাগ চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপনির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন, সেতু দুটির নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি।