ভোগান্তির নাম জন্মনিবন্ধন সনদ
ফটিকছড়িতে ভুলে ভরা জন্মনিবন্ধন সনদের কারণে ভোগান্তি বাড়ছে শিক্ষার্থীদের। জন্মনিবন্ধন সনদ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই বেশির ভাগ গ্রামবাসীর। বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই সনদ বাধ্যতামূলক করায় ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে জন্মনিবন্ধন সনদ তুলছেন অভিভাবকেরা। তবে ভুলের বিষয়টি তাঁরা জানতে পারছেন সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করাতে এসে। ভুল সনদ নিয়ে বিপাকে পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষও। তথ্যবিভ্রাট এড়াতে ভুল সংশোধন করার তাগিদ দিচ্ছেন তাঁরা। অভিভাবকেরা ভুল সংশোধন করতে গিয়েও নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে। সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবছার উদ্দিন ভুলে ভরা কয়েকটি জন্মনিবন্ধন সনদ দেখিয়ে বলেন, ‘বিদ্যালয়ে ভর্তি হতে আসা শতকরা ৫০ ভাগ শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদে ভুল রয়েছে।’দক্ষিণ দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল আলম বলেন, ‘ভুল জন্ম সনদ নিয়ে বিড়ম্বনা বাড়ছে শিক্ষার্থীদের।’জাফতনগর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈন উদ্দিন বলেন, ‘৫০-৬০ ভাগ শিশুর নামের বানানে ভুল থাকছে। অনেক সময় জন্মনিবন্ধন সনদের সঙ্গে মিল রেখে ভুল বানানই লিখতে হচ্ছে আমাদের।’জন্মনিবন্ধন সনদ নিতে গিয়ে নানা বিপত্তির সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। এ কাজে অনেক সময়ই পুরোদিন চলে যায়। তাই দিনের আয়-রোজগার বাদ দিয়ে অধিকাংশ শ্রমজীবী অভিভাবক ভুল জন্ম সনদ সংশোধন করতে চান না। জন্ম সনদ আনতে যেমন টাকা লাগে তেমনি ভুল সংশোধনের জন্য গেলেও টাকা দিতে হয় বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। বাগান বাজারের রহিমা বেগম বলেন, ‘জন্মনিবন্ধন সনদে আমার ছেলের জন্ম তারিখ ও নাম ভুল ছিল। পরে বিদ্যালয়ের শিক্ষক শুদ্ধ করেছেন।’জন্মনিবন্ধনের নানা ভুল প্রসঙ্গে সুয়াবিল বারমাসিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. বুদরুছ আলম বলেন, ‘এলাকার বেশির ভাগ মানুষ অশিক্ষিত। এ কারণে তাঁদের জন্মনিবন্ধন করার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোসাংগিরী ইউনিয়ন পরিষদের সচিব মো. জাকারিয়া সিকদার বলেন, ‘আমরা টাকা নেই না। আর যে যেমন নাম বলে, তেমন বানান-ই লেখি।’ দাঁতমারা ইউনিয়ন পরিষদের সচিব মো. এমরান বলেন, ‘টাকা নেওয়া হয়, কথাটা ঠিক নয়। তথ্য যাতে ভুল না হয়, আমরা সেদিকে লক্ষ রাখি।’ লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুতুবুদ্দিন মুহুরি বলেন, ‘আগে জন্মনিবন্ধন হতো না, এখন হচ্ছে। এটাই সরকারের বড় অর্জন। ভুলভ্রান্তি একসময় ঠিক হয়ে যাবে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মমিন বলেন, ‘সঠিকভাবে জন্মনিবন্ধন সনদ নিয়ে শিক্ষার্থী ভর্তি করার জন্য প্রধান শিক্ষকদের বলা হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা দরকার।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আজম বলেন, ‘ভুলে ভরা সনদের জন্য ভবিষ্যতে শিক্ষার্থীদের বহু সমস্যা হতে পারে। সে জন্য সতর্কতার সঙ্গে এগুলো লিপিবদ্ধ করতে হবে।’ টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।