ভোগান্তির নাম শিলক সেতু সংযোগ সড়ক
রাঙ্গুনিয়া উপজেলার শিলক সেতুর সংযোগ-সড়ক পাকা না করায় সড়কে গর্তের সৃষ্টি হয়ে যানচলাচল বন্ধের উপক্রম হয়েছে। ফলে সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ বাড়ছে। মাটি ভরাট করে নির্মিত সড়কটিতে খানাখন্দে পড়ে প্রতিদিন যানবাহন আটকে পড়ার ঘটনা ঘটছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের জুন মাসে শিলক সেতুর কাজ শেষ করলেও সংযোগ-সড়ক করেনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এরপর ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় মাটি ভরাট করে সড়কটি নির্মাণ করে। কিন্তু পাকা না করায় গর্তের সৃষ্টি হয়ে সড়কে যানচলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ জানান, সওজ বিভাগ ২০০২ সালে শিলক সেতুর নির্মাণকাজ শুরু করে। এ সময় বরাদ্দ ছিল নয় কোটি টাকা। পরে বন ও পরিবেশমন্ত্রী ২০০৯ সালে বিশেষ বরাদ্দ থেকে আরও ১০ কোটি টাকা দেন। এরপরও সংযোগ-সড়ক করেনি সওজ। তিনি আরও জানান, সড়ক পাকা করা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের দায়িত্বের মধ্যে পড়ে না। ফলে কাবিখার আওতায় ৩৫ টন খাদ্যশস্য দিয়ে মাটি ভরাট করে সেতুর দুপাশে ৩০০ মিটার সড়ক করলেও পাকাকরণ সম্ভব হয়নি। তবে সড়কে স্থানীয়ভাবে সংগৃহীত ভাঙা ইট বিছিয়ে দেওয়া হয়। এর পরও যানচলাচলে সড়কে গর্তের সৃষ্টি হয়। শিলক ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ চৌধুরী জানান, সড়কের গোডাউন এলাকা থেকে পদুয়া পর্যন্ত প্রতিদিন শতাধিক অটোরিকশা, মাইক্রোবাস ও জিপ চলাচল করে। এতে সড়কের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়। সেতুর দুপাশের অবস্থা এখন বেহাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, কাবিখার আওতায় গর্তগুলো পুনরায় ভরাট করে দেওয়া হবে। বর্ষায় ভোগান্তি কমাতে আরও কংক্রিট বিছানো হবে। পাকাকরণের বিষয়ে সওজকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সওজের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, সঠিক সময়ে কাজ শেষ না করায় বরাদ্দ বাড়ালেও সংযোগ-সড়ক করতে পারেনি ঠিকাদার। নতুন বরাদ্দ পেলে সড়কটি পাকা করা হবে।