ভোগান্তির মহেশখালী ঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ বছরেও কক্সবাজারের মহেশখালী উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র জেটি সম্প্রসারণ করা হয়নি। অথচ প্রতিবছর জেটি থেকে মহেশখালী পৌরসভা কয়েক লাখ টাকার রাজস্ব আদায় করলেও জেটি সম্প্রসারণে কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। ফলে ভাটার সময় ওই জেটি দিয়ে বোটে ওঠানামা করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

পৌরসভা সূত্র জানায়, মহেশখালী উপজেলার গোরকঘাটার পূর্ব পাশে ১৯৮৮ সালে প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্য ও তিন দশমিক ৩ মিটার প্রস্থের একটি জেটি নির্মাণ করা হয়। পরে সমুদ্রপাড় ভরাট হয়ে যাওয়ায় ২০০০ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে জেটির পূর্বপাশে আরও ১০০ মিটার সম্প্রসারণ করা হয়। কিন্তু তা এখন আর কাজে আসছে না। কারণ পাড় ভরাট অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মহেশখালী জেটি থেকে যাত্রীরা ভাটার সময় হাঁটু পরিমাণ কাদা মাড়িয়ে নৌকা ও স্পিডবোটে ওঠানামা করছেন। এ সময় নারী ও শিশুরা দুর্ভোগে পড়ছে বেশি।

স্থানীয় কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার বাসিন্দা সাজ্জাদ বোরহান ও নুরে আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, এই জেটি থেকে প্রতিবছর পৌর কর্তৃপক্ষ কয়েক লাখ টাকার রাজস্ব আদায় করলেও জেটিটি সম্প্রসারণের ব্যাপারে তাদের কোনো মাথাব্যথা নেই। ভাটার সময় বহু কষ্টে বোটে উঠতে হয়।

স্পিডবোট চালক সমিতির সাধারণ সম্পাদক হামিদুল হক বলেন, ‘যাত্রীদের পাশাপাশি আমাদেরও কষ্টের শেষ নেই। ভাটার সময় যাত্রী একেবারে কমে যায়। এ নিয়ে একাধিকবার প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি। জোট সম্প্রসারণের ব্যাপারে জানতে চাইলে মহেশখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইয়েদুল আলম বলেন, দুই বছর আগে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পৌর কর্তৃপক্ষ আপাতত ৫০০ মিটারের একটি কাঠের জেটি নির্মাণ করে। কিন্তু ভাটার সময়ও ওই কাঠের জেটি দিয়েও কাজ হয় না। ফলে ভাটার সময় বোটে ওঠানামা করতে যাত্রীদের কাদা মাটি পাড়ি দিতে হচ্ছে। কিন্তু পর্যাপ্ত বাজেট না থাকায় জেটি সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, জেটি সম্প্রসারণ না হওয়ায় ভাটার সময় যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এটি কমপক্ষে আরও ৫০০ মিটার সম্প্রসারণ করতে হবে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।