ভোগান্তির মোড় অক্সিজেন

সড়কের দুই পাশে বাস, ট্রাক, টেম্পো ও সিএনজি অটোরিকশা দাঁড়ানো। এলোমেলোভাবে পার্ক করা কোনো গণপরিবহনে যাত্রী উঠছে-নামছে আর কোনোটি ঠায় দাঁড়িয়ে আছে। সড়কের সরু হয়ে আসা মাঝখানের অংশটুকু দিয়ে মন্থর গতিতে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। আর সে কারণেই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
নগরের অক্সিজেন মোড়ের সরেজমিন চিত্র এটি। সম্প্রতি বেশ কয়েকবার এই এলাকায় গিয়ে দেখা গেছে যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা। এ পথে চলাচলকারী খাগড়াছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর যাত্রীদের অভিযোগ— প্রায় সকাল থেকে রাত পর্যন্ত এই মোড়ে যানজট লেগে থাকে। পার্বত্য এলাকাসহ উত্তর চট্টগ্রাম থেকে আসা যানবাহনগুলোকে এ পথে নগরে প্রবেশ করতে হয় বলে স্বাভাবিকভাবে যানবাহনের চাপ অনেক বেশি থাকে। কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা দুর্বল হওয়ায় শহর এলাকা ও দূরপাল্লার যানবাহনগুলো খেয়ালখুশিমতো পার্ক করে এই মোড়ে। ফলে যানজট লেগে থাকে দিনভর।
গত কয়েক দিনে একাধিকবার এই স্থানে গিয়ে ট্রাফিক পুলিশ সদ্যস্যদের দেখা গেলেও তাঁদের যানজট নিরসনে ভূমিকা রাখতে দেখা যায়নি। বরং অনেক সময় মাল বোঝাই গাড়ি থেকে চাঁদা আদায়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা, চাঁদাবাজি, সড়কের ওপর ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড় করিয়ে রাখা, স্থায়ী বাস টার্মিনাল না থাকা, সড়ক প্রশস্ত না হওয়াসহ নানা কারণে উত্তর চট্টগ্রামবাসীর দুঃখে পরিণত হয়েছে অক্সিজেন মোড়।
গত ২২ মে রাত সাড়ে নয়টায় এই মোড় থেকে ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল, আরেফিন নগর ও বালুছড়া পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে যানজট দেখা গেছে। যানবাহনগুলো দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে ছিল। যানজটের কারণে নগর থেকে হাটহাজারীমুখী গাড়ি আর হাটহাজারী থেকে নগরে আসা গাড়িগুলো দীর্ঘ সময় ধরে আটকা পড়েছিল।
যানজটে আটকা পড়া যাত্রী সিরাজুল ইসলাম বলেন, ‘রাত আটটা থেকে রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। কোনো দিকেই যেতে পারছি না। অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সড়কটি প্রশস্ত হলে এমন যানজট সৃষ্টি হতো না।’
পথচারী আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ যদি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখে চাঁদা না নিত তাহলে যানজট হতো না।’
অক্সিজেন মোড় দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহান অভি। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিদিন আসা-যাওয়ার সময় অক্সিজেন মোড়ে আধা ঘণ্টারও বেশি যানজটে আটকে থাকতে হয়। সড়কের ওপর এলোমেলো গাড়ি রাখা ও ট্রাফিক পুলিশের অবহেলার কারণে যানজট তৈরি হচ্ছে।
নগরের মুরাদপুর থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির বাসস্ট্যান্ড সরিয়ে অক্সিজেন মোড়ে স্থানান্তর করা হলেও স্থায়ী কোনো টার্মিনাল নির্মাণ করা হয়নি। ফলে গাড়িগুলো সড়কের ওপর রাখতে হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে জানান, নগরের বালুছড়া এলাকায় বাসটার্মিনাল নির্মাণের প্রকল্প রয়েছে। এটি না হওয়া পর্যন্ত অক্সিজেন মোড়েই বাসস্ট্যান্ড থাকবে।
এ প্রসঙ্গে নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার ফারুক আহমেদ বলেন, বাস টার্মিনাল না থাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে গাড়িগুলো। ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।