ভোগান্তির সড়ক কাপাসগোলা
নগরের কাপাসগোলা সড়কে এখন পথচলা দায় হয়ে পড়েছে। এ সড়কে চলাচলকারী লোকজন চরম ভোগান্তি আর দুর্ভোগ পোহাচ্ছে। সমানে উড়ছে ধুলোবালু, তার ওপর ঘণ্টার পর ঘণ্টা যানজট। সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের কাজ চলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন নির্ধারিত সময়ে প্রকল্প কাজ শেষ হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে। ঠিকাদারেরা জানিয়েছেন, ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে কিছু ব্যক্তি উচ্চ আদালতে মামলা করায় এ আশঙ্কা করা হচ্ছে। প্রকল্প কর্মকর্তা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্বাহী প্রকৌশলী এ এম হাবিবুর রহমান বলেন, ‘প্রয়োজনে বিরোধপূর্ণ অংশ বাদ রেখে আগামী মার্চ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করব।’ তবে এ পর্যন্ত কাজ কতটুকু শেষ হয়েছে, তা নিয়ে চউক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কথার মধ্যেও অমিল রয়েছে। সরেজমিনে ৫ ফেব্রুয়ারি প্রকল্প এলাকায় (বহদ্দারহাট পুলিশবক্স কালভার্ট থেকে বালতি কোম্পানি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশ) দেখা যায়, দুটি কালভার্টের সম্প্রসারণকাজ শেষ হলেও আরও দুটির কাজ এখনো শেষ হয়নি। বালতি কোম্পানি এলাকা থেকে বহদ্দারহাট পুলিশবক্স কালভার্ট পর্যন্ত ম্যাকাডম (ইটের খোয়ামিশ্রিত বালু) বিছানো হলেও বেসটেক-১ (পাথরমিশ্রিত বালু)-এর কাজ শেষ হয়নি। আবার কিছু ভবনের ওপর আদালতের স্থিতাবস্থা থাকায় সেগুলো এখনো ভাঙা হয়নি। মামলার কারণে এসব স্থাপনা ভাঙা সম্ভব না হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। সৃষ্টি হচ্ছে যানজট। কাপাসগোলা মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈমা ইসলাম বলেন, ‘গত বছরের জুন মাস থেকে কলেজে যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে।’ স্থানীয় বাসিন্দা পরিমল ঘোষ বলেন, ‘সারা দিন ধুলোবালু উড়ে এসে নাক-মুখ বন্ধ হওয়ার উপক্রম হয়। কখন যে এই কাজ শেষ হবে জানি না।’ রিকশাচালক তসলিম উদ্দীন বলেন, ‘রাস্তায় শুধু ধুলোবালু ওড়ে। যাত্রী নিয়ে এই রোড দিয়ে আসতে ইচ্ছা হয় না।’ চউক সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে চউক বহদ্দারহাট থেকে গণিবেকারি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের (কলেজ সড়কসহ) সম্প্রসারণ ও উন্নয়নের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে গত বছরের জুন থেকে কাপাসগোলা সড়ক সম্প্রসারণ ও উন্নয়নকাজের প্রক্রিয়া শুরু হয়। ৬৭ কোটি টাকা ব্যয়ের (এর মধ্যে ভূমি অধিগ্রহণ বাবদ ৩০ কোটি টাকা) এই প্রকল্পের কাজ শুরু হয় মূলত গত বছরের অক্টোবর মাসে। এই প্রকল্পের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান আশা কনস্ট্রাকশন ও রায়হান ইন্টারন্যাশনাল। আশা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন বলেন, ‘অধিগ্রহণের বিরুদ্ধে কিছু লোক আদালতে মামলা ঠুকে দেওয়ায় আমাদের কাজে বিঘ্ন ঘটছে। তবে আমরা এ পর্যন্ত ৭০ ভাগ কাজ শেষ করেছি।’ কী কী কাজের দায়িত্ব আপনারা পেয়েছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের কাজ নালা নির্মাণ, কালভার্ট সম্প্রসারণ, ম্যাকাডম বিছানো ও বেসটেক-১-এর কাজ সম্পন্ন করা।’ আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগামী মার্চে আমরা কাজ শেষ করব। প্রকল্প এলাকায় কাজ তদারক করতে আসা রায়হান ইন্টারন্যাশনালের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আমরা প্রায় ৮০ ভাগ কাজ শেষ করলেও আগামী মার্চ মাসের মধ্যে বাকি কাজ শেষ হবে কি না—তা নিয়ে সন্দেহ রয়েছে।’ এ প্রসঙ্গে চউকের নির্বাহী প্রকৌশলী (নির্মাণ) এ এম হাবিবুর রহমান বলেন, ‘৯০ শতাংশ কাজ আমরা শেষ করেছি। প্রয়োজনে বিরোধপূর্ণ জায়গা বাদ রেখে প্রকল্পের কাজ শেষ করব।’ তিনি জানান, আলোচ্য প্রকল্প এলাকার ভূমি সড়কের জন্য ১৯৫৪ সালে প্রথম অধিগ্রহণ করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অধিগ্রহণের সময় সড়কটির প্রস্তাবিত দৈর্ঘ্য ছিল এক কিলোমিটার প্রস্থ ছিল গড়ে ৭০ ফুট। দীর্ঘ সময় পর্যন্ত সওজ প্রকল্পটি বাস্তবায়ন না করায় বেশ কিছু ভূমি চলে যায় অবৈধ দখলদারদের হাতে। পরবর্তীকালে অবৈধ দখলদারেরাই পিএস ও বিএস খতিয়ান বানিয়ে নেয়। উচ্চ আদালতে মামলা দায়েরের ব্যাপাারে ভূমি মালিক মোজাহের হোসেন বলেন, ‘১৯৫৪-১৯৫৫ এবং ১৯৬১-১৯৬২ সালে পৃথক দুটি এলএ কেস মূলে জেলা প্রশাসন আমাদের জায়গার (মৌজা-শুলকবহর-দাগ নম্বর- আরএস-৭১০) মোট ২১ শতক ভূমি থেকে আট শতক জমি সড়কের জন্য অধিগ্রহণ করে। এই দাগের অবশিষ্ট ১৩ শতক জায়গার ওপর আমরা স্থিত আছি। সুতরাং আমরা অবৈধ দখলদার হওয়ার প্রশ্নটি অবান্তর।’ চউকের নির্বাহী প্রকৌশলী এ এম হাবিবুর রহমান বলেন, ‘সড়ক সম্প্রসারণের জন্য ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দেওয়া বাবদ সরকার ৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তবে আমাদের জেলা প্রশাসক জানিয়েছেন, ১৯৫৪ সালে সড়কের এই ভূমি সওজ কর্তৃপক্ষ অধিগ্রহণ করে, ফলে এক জায়গা দুবার অধিগ্রহণ হয় না। এ ছাড়া ১৯৫৪ সালেই সংশ্লিষ্ট ভূমি মালিকেরা ক্ষতিপূরণ পেয়েছেন বলে তিনি দাবি করেন। ভূমি অধিগ্রহণ বাবদ সরকার থেকে বরাদ্দ পাওয়া ৩০ কোটি টাকার কী হবে—প্রশ্ন করলে চউকের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার বলেন, ‘এই টাকা সরকারি কোষাগারে ফেরত যাবে।’