ভোগ্যপণ্যের সরবরাহ বাড়লেও দাম অস্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে গত তিন মাসে ভোজ্যতেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে। এ সময়ে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের আমদানি মূল্যও খুব বেশি ওঠানামা করেনি। এর পরও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম না বাড়লেও ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড় করতে বেশি খরচ পড়ছে। আমদানিমূল্য ডলারে পরিশোধ করতে হয় বলে ডলারের বিনিময় মূল্যের ওপরই ভোগ্যপণ্যের দাম ওঠানামা করে। বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়ার ক্ষেত্রে এটি বড় কারণ বলে মনে করছেন তাঁরা। চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস সূত্র জানায়, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে বন্দর দিয়ে সোয়া পাঁচ লাখ টন ভোজ্যতেল আমদানি হয়েছে। প্রতি মাসে ভোজ্যতেলের চাহিদা সোয়া লাখ টন হিসাব করা হলেও চাহিদার চেয়ে বেশি ভোজ্যতেল আমদানি হয়। কাস্টম হাউসের শুল্কায়নের নথি অনুযায়ী, এ সময় ভোজ্যতেলের আমদানিমূল্য খুব বাড়েনি। তবে সাম্প্রতিক সময়ে ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় ভোজ্যতেল আমদানিতে খরচ বেড়েছে। তবে এই অজুহাত ব্যবহার করে বাজারে ভোজ্যতেলের দাম স্বাভাবিকের চেয়ে বেশি বাড়ানো হয়েছে।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, খুচরা বাজারে গত এক মাসের ব্যবধানে লিটারপ্রতি খোলা সয়াবিন ও পামতেলের দাম বেড়েছে ৯ থেকে ১০ টাকা। শতাংশ হিসাবে এই হার ৮ দশমিক ১১ থেকে ৮ দশমিক ৩৭ শতাংশ।কাস্টম হাউসের হিসাবে, ভোজ্যতেল ছাড়াও গত তিন মাসে অপরিশোধিত চিনি এসেছে চার লাখ ৪২ হাজার টন। পরিশোধিত চিনি এসেছে ৭৬ হাজার টন। প্রতি মাসে চিনির চাহিদা সোয়া লাখ টন। এ হিসাবেও চাহিদার তুলনায় চিনির সরবরাহ বেশি।টিসিবির হিসাবে, এক মাসের ব্যবধানে চিনির দাম বেড়েছে কেজিপ্রতি তিন টাকা। শতাংশ হিসাবে এই হার ৪ দশমিক ৪২ শতাংশ।এ প্রসঙ্গে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, এখন ডলারের বিনিময়মূল্য বেশি। প্রতি ডলারে এক মাস আগের চেয়ে ৮ থেকে ১০ টাকা বেশি পরিশোধ করতে হচ্ছে। এ কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যভেদে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি ব্যয় হচ্ছে। তবে ভোজ্যতেলের দাম নতুন করে বাড়বে না বলে তিনি মন্তব্য করেন। কাস্টম হাউস সূত্র জানায়, ভোজ্যতেল ও চিনি ছাড়াও নিত্যপ্রয়োজনীয় গম আমদানিও বেড়েছে। গত তিন মাসে বন্দর দিয়ে প্রায় সাড়ে চার লাখ টন গম আমদানি হয়েছে। এ ছাড়া প্রায় ৭৫ হাজার টন মটর ডাল, প্রায় ২০ হাজার টন মসুর ডাল আমদানি হয়। টিসিবির হিসাবে, গম থেকে তৈরি আটার দামও সামান্য বেড়েছে। তবে মসুর ডালের দাম কমেছে কেজিপ্রতি দুই থেকে পাঁচ টাকা।পাহাড়তলী বাজারের ব্যবসায়ী মোজাহের আলম প্রথম আলোকে বলেন, চিনি ও ভোজ্যতেলের দাম বাড়ার পাশাপাশি সরবরাহও কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। শীতকালে জমাট বেঁধে যায় বলে পাম ও সুপার পামতেলের দাম স্থিতিশীল থাকে। কিন্তু এখন শীত মৌসুমেও এই দুটি পণ্যের দাম বেড়েছে। তিনি বলেন, ‘পাইকারি বাজারে দাম বাড়ার তাৎক্ষণিক প্রভাব পড়ছে খুচরা বাজারে।’