
খাই খাই করো কেন, এসো বসো আহারে
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।
পূজা আর ঈদ তো গেল, এখনো রয়ে গেছে উৎসবের রেশ। এখনো চলছে বিস্তর খাওয়াদাওয়ার আয়োজন। টেবিলে মজাদার নানা খাবার থাকলে অনেকেই ভুলে যান পরিমিত আহারের কথা। ষোল আনা জমিয়েই উদর পূর্তি করেন। এই সময়টা বেশ তারিয়ে উপভোগ করলেও খাওয়া শেষে পড়ে যেতে পারেন বিপদে। অতিরিক্ত তেল-চর্বি-মসলার এই খাবারগুলো আপনার গ্যাসট্রাইটিসের সমস্যা উসকে দিতে পারে। কারও হতে পারে হজমের গোলযোগ। উচ্চরক্তচাপ, হৃদ্রোগীদের জন্যও সুবিধের নয় খাবারগুলো। তাই বলে উৎসবে দাওয়াতে হাত গুটিয়ে বসে থাকা তো কাজের কথা নয়। খাওয়াদাওয়ার বেলায় যদি খানিকটা কৌশলী হন, এসব সমস্যা অনেকটাই কমবে। তবে যিনি অতিথি আপ্যায়ন করবেন তাঁকেও খেয়াল করতে হবে এ বিষয়গুলো।
বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বললেন, ‘বেঁচে থাকতে যেমন খেতে হয়, ঠিক তেমনি সুস্থ থাকতেও খাওয়াদাওয়ায় কিছু বিধিনিষেধ মানতে হয়। অ্যাসিডিটি, পেটের পীড়া এড়াতে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে যাওয়াই ভালো। আর যারা উচ্চরক্তচাপ কিংবা হৃদ্রোগে ভুগছেন, তাঁরা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পরিমিত খাবেন।’
বিয়ে কিংবা দাওয়াতে গেলে গরু কিংবা খাসির মাংসের বাটিকে পাশ কাটিয়ে মুরগির মাংসকে প্রাধান্য দিন। যদি খেতেই চান তবে ঝোল বাদ দিয়ে খেতে পারেন শুধু মাংসটুকু। অ্যাসিডিটির শঙ্কা খানিকটা হলেও এড়ানো যাবে।
কারও বাড়িতে দাওয়াতে খাওয়ার অনেকগুলো বিকল্প থাকে। সেখান থেকে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবার বাছাই করুন। নিজের সুস্থতার ভার নিজে নেওয়াই ভালো। অনুরোধে ঢেঁকি গিলবেন না।
যদি মাছের সঙ্গে ডিম থাকে, ডিমটা ছোটদের পাতেই পাচার করে দিন। আখেরে আপনারই ভালো হবে।
যাদের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, তারা ভুঁড়ি, কলিজা, মগজ বাদ দিন। পেট ভরে ফেলুন সবজিতে।
পর পর কয়েক দিন বাইরে দাওয়াত থাকলে বাড়িতে কম ক্যালরিযুক্ত খাবার খান। কিছুটা হলেও ক্যালরিতে ভারসাম্য আসবে।
বেশি খাওয়ার দিনে বেশি হাঁটুন, জোরে হাঁটুন। কমপক্ষেÿ৩০ মিনিট হাঁটলে শরীরে ক্যালরি সঞ্চিত হওয়ার পরিমাণ কমে যাবে।
খেয়েই ভাতঘুম দিলে, কিংবা শুয়ে পড়লে গ্যাসট্রাইটিসের শঙ্কা বেড়ে যায়। জেগে থাকুন, আড্ডায় মেতে উঠুন।
যেদিন দাওয়াত খাবেন পানি খাওয়ার পরিমাণটা সেদিন বাড়িয়ে দিন। অ্যাসিডিটিসহ হজমে গোলযোগ, পেট ফাঁপা ভাব এমন সমস্যাগুলো এড়ানো যাবে।
ঢাকা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সরোজ কুমার মজুমদার বলেন, ‘যাদের উচ্চরক্তচাপ এবং হৃদ্রোগের ইতিহাস আছে তাদের কোলেস্টেরলযুক্ত খাবার যেমন চিংড়ি, কাঁকড়া, খাসির মাংস ইত্যাদি অবশ্যই বাদ দিতে হবে। এদের কখনো বুক জ্বালা করলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিশ্চিত হয়ে নিন এটি গ্যাসট্রাইটিস, না অন্য কোনো রোগের লক্ষণ।’
বাড়িতে কাউকে দাওয়াত করে তো শুধু সবজি দিয়ে খাইয়ে দেওয়া যায় না, মাংসের পদও রাখতে হয়। স্বাস্থ্যসম্মতভাবে এই মাংস রান্নার প্রক্রিয়া সম্পর্কেও বললেন শামছুন্নাহার নাহিদ, ‘মাংসের সঙ্গে লেগে থাকা সাদা চর্বি ফেলে দিয়ে, গরম পানিতে মাংসকে ভিজিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ পর এই পানি ফেলে দিয়ে, কম তেল-মসলায় রান্না করে নিন। এ ছাড়া বাসায় রান্না করা পোলাও বা বিরিয়ানিতে ঘি, ডালডা না দিয়ে ভোজ্যতেল ব্যবহার করতে পারেন। ’
শেষপাতে মিষ্টির বদলে দিতে পারেন টকদইয়ে তৈরি লাচ্ছি, বোরহানি কিংবা শুধুই টকদই। টকদই হজমে সহায়ক। লেবু পানিও খেতে পারেন, হজমে সহায়তা করবে, তবে যাদের গ্যাসট্রাইটিসের পূর্ব ইতিহাস আছে, তাঁদের জন্য এটি বাদই থাকুক।
তেল-মসলার খাবারগুলো খাওয়া শেষে খেতে পারেন ধনে অথবা জিরার পানি। সবশেষে ফল খেতে পারেন ইচ্ছেমতো। হজমও হবে, আয়েশও হবে। সুকুমার রায়ের ‘খাই খাই’ ছড়া দিয়েই শেষ করা যাক—
এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা—
খাও তবে কচু পোড়া, খাও তবে ঘন্টা...