ভোজ্যতেল ও চিনিতে ডিও প্রথা বন্ধ নিয়ে সংশয়
আগামী ১ জুলাই থেকে পরিবেশক পদ্ধতিতে পুরোদমে ভোজ্যতেল ও চিনির বিপণন শুরু হচ্ছে। একই সময়ে ভোজ্যতেল ও চিনিতে ডিও (ডেলিভারি অর্ডার) প্রথা বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে এই দুটি পণ্যে ডিও প্রথা বন্ধ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষামূলকভাবে চট্টগ্রামের ভোজ্যতেল ও চিনির পরিশোধন কারখানার মালিকেরা এখনো পুরোপুরি পরিবেশক নিয়োগের কাজ শেষ করতে পারেননি। শর্তানুযায়ী যোগ্য পরিবেশক না পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এ প্রসঙ্গে নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ প্রথম আলোকে বলেন, শর্তানুযায়ী যোগ্য পরিবেশক পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘আমার অন্তত ৩০০ পরিবেশক দরকার। কিছুসংখ্যক যোগ্য পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। তবে পরিবেশক হতে আগ্রহী এমন বেশির ভাগেরই প্রয়োজনীয় যোগ্যতা না থাকায় এ অবস্থা তৈরি হয়েছে।’ এ সুযোগে খাতুনগঞ্জের ডিও ব্যবসায়ীরা সম্প্রতি সেখানে বৈঠক করে পরিবেশক নিয়োগের শর্ত শিথিল করার দাবি জানিয়েছেন। এ ছাড়া প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশক প্রথা তদারকিতে কমিটি গঠন, জামানত রাখা, এক জেলার পণ্য অন্য জেলায় বিক্রি করা যাবে না বলে যেসব শর্ত রয়েছে, তা শিথিল করার দাবি জানান তাঁরা।এ প্রসঙ্গে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ প্রথম আলোকে বলেন, ‘আগামী আগস্টে রমজান শুরু হচ্ছে। রমজানের আগমুহূর্তে যাতে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, সে জন্য রমজান মাস পর্যন্ত এ দুটি প্রথা বহাল রাখার বিষয়ে সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি।’ তিনি বলেন, দীর্ঘদিনের পুরোনো ডিও প্রথা দ্রুত বন্ধ করা কঠিন। নতুন প্রথায়ও খাপ খেতে একটু সময় লাগবে। এ বিষয়গুলো দেখা দরকার বলে মনে করেন তিনি। জানা গেছে, প্রজ্ঞাপন অনুযায়ী ২১ জুন থেকে সারা দেশে ভোজ্যতেল ও চিনিতে পরিবেশক প্রথা চালু হওয়ার কথা ছিল। এর আগে ১ জুন থেকে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু হওয়ার কথা। কিন্তু ব্যবসায়ীদের অনুরোধে ২১ জুন থেকে পরীক্ষামূলক এবং ১ জুলাই থেকে চূড়ান্তভাবে পরিবেশক প্রথা চালুর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। চূড়ান্তভাবে পরিবেশক প্রথা চালুর পর ডিও প্রথাও বন্ধ করতে হবে বলে জানানো হয়। নাম প্রকাশ না করে কয়েকজন ডিও ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, আগামী ১ জুলাই থেকে ডিও প্রথা বন্ধ হবে বলে মনে হয় না। কারণ, পরিবেশক নিয়োগ পুরোপুরি শেষ না হওয়ায় এখনই এ প্রথা বন্ধ করলে এ দুটি পণ্যের সরবরাহে ব্যাঘাত ঘটবে। খাতুনগঞ্জে এখনো এ দুটি পণ্যের অনেক ডিও রয়ে গেছে, যেগুলোর বিপরীতে পরিশোধন কারখানা থেকে পণ্য খালাস করা হয়নি।