
চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাছনদন্ডি গ্রামের সাতছড়ি-যতেরমুখ খালে একটি সেতুর অভাবে তিন গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে তাঁদের। এলাকার জনপ্রতিনিধিরা সেতু করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করেননি বলে অভিযোগ এলাকাবাসীর।
হাছনদন্ডি এলাকার বাসিন্দারা জানান, খালের ওপর সেতু না থাকায় হাছনদন্ডি, কাজীরপাড়া ও মোহাম্মদখালী গ্রামের মানুষজন বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করে। সেতু না থাকায় চর এলাকায় উৎপাদিত ফসল পরিবহনে সমস্যা হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরাও।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতবাড়িয়ার হাছনদন্ডি কাজীরপাড়া ও মোহাম্মদখালী গ্রামের বিস্তীর্ণ এলাকার সবজি চাষ করা হয়েছে। এই তিন গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজের সঙ্গে জড়িত। নড়বড়ে সাঁকো পার হয়ে মাঠ থেকে কৃষিপণ্য আনা-নেওয়া করতে সমস্যা হয় বলে তাঁরা জানান। এ ছাড়া সাঁকো দিয়ে হাজিরপাড়া প্রাথমিক বিদ্যালয়, হাজিরপাড়া উচ্চবিদ্যালয়, শাহ আমানত মাদ্রাসা, রশিদিয়া মাদ্রাসার ও গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে।
হাছনদন্ডি গ্রামের কৃষক মোহাম্মদ আলী আক্ষেপ করে বলেন, ‘ভোট এলে সবাই সেতু করে দেওয়ার আশ্বাস দেন। ভোট চলে গেলে আবার ভুলে যান।’ তিনি আরও বলেন, সেতুটি হলে তাদের উৎপাদিত সবজি বিভিন্ন এলাকায় দ্রুত পৌঁছানো যেত। খেত থেকে ফসল তুলে বাজারে নিয়ে যেতে দেরি হওয়ার কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন তাঁরা।
সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সেতু নির্মাণের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেননি বলে জানান। তবে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন।
চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাতছড়ি-যতেরমুখ খালে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, এ বছর সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।