গতকাল সকাল সাড়ে নয়টা। পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা নুরিয়া এবতাদিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষেরা। বিভিন্ন লাইনেই ভোটারদের সঙ্গে কথা বলছেন কিছু ব্যক্তি। তাঁদের প্রত্যেকের গলায় ঝোলানো নৌকা প্রতীক সংবলিত প্রার্থীর পরিচয়পত্র। ভোটারদের অভিযোগ, লাইনে এসেই নৌকা প্রতীকে ভোট দিতে হুমকি দেওয়া হচ্ছে। এদিকে পুরো কেন্দ্র ঘুরে ধানের শীষ প্রতীকের কোনো কর্মীকে দেখা যায়নি।
কুসুমপুরার মতো একই অবস্থা দেখা গেছে পটিয়ার হাইদগাঁও উচ্চবিদ্যালয়, চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় ও পাঠানদণ্ডী সরকারি প্রাথিমক বিদ্যালয় কেন্দ্রে। সকাল থেকে বেলা একটা পর্যন্ত এসব কেন্দ্র ঘুরে এই চিত্র পাওয়া যায়। চারটি কেন্দ্রেই ছিল নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের দাপট। তবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান, কেউ প্রভাবিত করছেন না। ভোট অবাধ ও সুষ্ঠু হচ্ছে।
পটিয়ার ২১টি ও চন্দনাইশের সাত ইউপিতে গতকাল ভোট গ্রহণ করা হয়।
কুসুমপুরা থানা মহিরা নুরিয়া এবতাদিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণকারী কর্মকর্তারা জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৩০১ জন। সাড়ে নয়টা পর্যন্ত চার শ ভোট পড়েছে।
ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিপ্লব কুমার বসু বলেন, ‘ভোট এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। পরে কী হবে জানি না।’
হাইদগাঁও উচ্চবিদ্যালয় কেন্দ্রেও বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতি দেখা গেছে। সকাল সোয়া ১০টা পর্যন্ত এই কেন্দ্রে চার শতাধিক ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জামাল উদ্দিন। তিনি বলেন, এখানে ঝামেলা ছাড়া ভোট হচ্ছে।
সরকার সমর্থকদের প্রভাব বিস্তারের বিষয়ে জানতে চাইলে জামাল উদ্দিন বলেন, কে কার সমর্থক জানি না। এখানে সব প্রার্থীর লোকজনের আনাগোনা আছে।
ওই কেন্দ্রে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর বলেন, কেন্দ্রে কোনো ঝামেলা হয়নি। কোনো বহিরাগতও নেই।
তবে কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়া এক ভোটার বলেন, বাইরে লাইন থাকলেও ভেতরে নৌকার কর্মী এবং এজেন্টরা ভোটদানে সমস্যা করছেন। তঁারা প্রভাবিত করার চেষ্টা করছেন।
পটিয়া বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা কেন্দ্র দখল করেছেন।
এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন পটিয়া আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার। তিনি বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে।
চন্দনাইশেও সরকার–সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ভোটদানে প্রভাবিত করার অভিযোগ ছিল। কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকালে লাইন থাকলেও বেলা সোয়া ১১টার দিকে তেমন ভোটার দেখা যায়নি। কেন্দ্রটির বিভিন্ন কক্ষে নৌকার এজেন্ট থাকলেও ধানের শীষের কাউকে পাওয়া যায়নি। একাধিক ভোটার তাঁদের কাছ থেকে চেয়ারম্যান প্রতীকের ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন।
কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা দেবাশীষ বড়ুয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। ১ হাজার ৪৩৫ ভোটের মধ্যে সাড়ে ১১টা পর্যন্ত সাড়ে ৫০০ সংগ্রহ হয়েছে।
পাঠানদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দুপুর ১২টায় কিছু ভোটারকে লাইনে দেখা গেছে। তবে ভেতরে সরকার সমর্থকদের আনাগোনা ছিল বেশি।
চন্দনাইশ বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বেলা একটায় প্রথম আলোকে বলেন, এখানে আওয়ামী লীগ প্রার্থী এবং তাঁদের কর্মীদের দাপটে ভোটাররা অসহায়। কাঞ্চনাবাদ, হাশিমপুর, বরকল ও পাঠানদণ্ডী ইউনিয়নে তাঁরা কেন্দ্র দখল করে ভোট নিচ্ছেন।
জানা গেছে, দুপুর ১২টার দিকে বরকল ইউনিয়নের তাহেরিয়া সাবেরিয়া মাদ্রাসা কেন্দ্রে জোরপূর্বক ভোট গ্রহণের সময় পুলিশ ও বিজিবি সদস্যরা বাধা দেন। ওই কেন্দ্রে ১৫ মিনিটের বেশি সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে জোরপূর্বক নেওয়া ভোটগুলো বাতিল করে আবার ভোট গ্রহণ শুরু হয়। এর সত্যতা নিশ্চিত করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ বলেন, ‘আমাদের এখানে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। বিএনপির অভিযোগ ভিত্তিহীন।’