ভোটযুদ্ধ জমজমাট
১৮ জানুয়ারি ভোটযুদ্ধ। শেষ মুহূর্তের প্রচারে এখন মহাব্যস্ত প্রার্থীরা। আজ (রোববার) রাত ১২টার পর থেমে যাবে নির্বাচনী কোলাহল। এরপর ভোটারদের হিসাব-নিকাশ। সমর্থকেরা নিজ নিজ প্রার্থীকে জেতাতে নির্ধারণ করছেন ভোটের দিনের কৌশল। ভোটযুদ্ধের খবর নিয়ে বিশেষ আয়োজন চন্দনাইশপ্রচারণায় সাংসদ ও জেলার নেতারা!এম এ রাজ্জাক, চন্দনাইশআর মাত্র দুদিন বাকি। ১৮ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে এক মুহূর্তও অপচয় করতে চাইছেন না প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতা-কর্মীরাও দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। ভোটারদের মতে, এলডিপি, বিএনপি ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর মধ্যে হবে ত্রিমুখী লড়াই। চন্দনাইশ পৌরসভা নির্বাচনে এবার চারজন মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলডিপি-সমর্থিত প্রার্থী বর্তমান পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব লড়ছেন আনারস প্রতীক নিয়ে। আওয়ামী লীগ-সমর্থিত মোহাম্মদ শেখ টিপু চৌধুরীর প্রতীক দোয়াত-কলম। দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপি ও নাগরিক কমিটি-সমর্থিত নুরুল আনোয়ার। ইসলামী ফ্রন্ট-সমর্থিত মোহাম্মদ আলমগীর ইসলামের প্রতীক জাহাজ। ১২ জানুয়ারি সন্ধ্যায় চৌধুরী মার্কেট এলাকায় সাংসদ কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম তাঁর ভাইপো মোহাম্মদ আইয়ুবের পক্ষে ভোট চেয়েছেন। ওই দিনই একই এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন দলীয় প্রার্থী নুরুল আনোয়ারের পক্ষে প্রচার চালান। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শেখ টিপু চৌধুরীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম চৌধুরী। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ৩৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ছয়জন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী। ৩ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয় প্রার্থীদের গণসংযোগ। মোহাম্মদ জামাল উদ্দীন, শেখ রাসেল, জালাল উদ্দীনসহ একাধিক ভোটারের সঙ্গে আলাপ করে জানা যায়, মেয়র পদে এলডিপি, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে।বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। প্রার্থীরাও খুব সতর্কভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা এমদাদুল হক চৌধুরী জানান, প্রার্থীরা বিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন। পৌরসভার ১৬টি ভোটকেন্দ্রের কোনোটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়নি। তবে একাধিক প্রার্থী বেশ কিছু ভোটকেন্দ্র সম্পর্কে আপত্তি তুলেছেন। ১১ জানুয়ারি আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভায় প্রার্থী ও তাঁদের এজেন্টরা ভিন্ন ভিন্ন ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করার দাবি জানান। আওয়ামী লীগের পক্ষ থেকে জোয়ারা বিশ্বম্ভর উচ্চবিদ্যালয়, বণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হারালা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার দাবি জানানো হয়। এলডিপির পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ দাবি করা হয় গাছবাড়িয়া নিত্যানন্দ উচ্চবিদ্যালয় ও দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে। বিএনপির পক্ষ থেকে চৌধুরীপাড়া দীঘিরপাড় কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, শাহ মদিনা মজিদিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার দাবি উঠেছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয় বলে জানান।পটিয়াপ্রচারণায় প্রার্থীদের স্ত্রী-পুত্র, আত্মীয়স্বজনআবদুর রাজ্জাক, পটিয়াপৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পটিয়া এখন জমজমাট হয়ে উঠেছে। শেষ মুহূর্তের প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীদের স্ত্রী-পুত্র, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবেরাও। সঙ্গে আছেন দলীয় নেতা-কর্মীরাও। প্রতিটি ওয়ার্ডে প্রার্থীদের কার্যালয়, পাড়া-মহল্লার দোকানপাট, প্রার্থী ও সমর্থকদের বৈঠকখানা রাতদিন মুখর আড্ডায়। আড্ডার মূল বিষয়—কে হচ্ছেন মেয়র কিংবা এলাকার কাউন্সিলর। অন্যদিকে বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মাইকিং, শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ভোর থেকে প্রার্থীদের ভোটারদের বাড়ি বাড়ি ছোটাছুটিতে পুরো এলাকায় এনেছে অন্য রকম প্রাণচাঞ্চল্য। দক্ষিণ চট্টগ্রামের চার পৌরসভার মধ্যে পটিয়া হচ্ছে প্রথম শ্রেণীর। ১৯৯০ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর এখানে এবার নিয়ে চতুর্থবার নির্বাচন হচ্ছে। মোট ৩০ হাজার ৩৯৭ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৩৫ ও নারী ভোটার ১৪ হাজার ৩৬২ জন। মোট ভোটকেন্দ্র ১৩টি। নির্বাচনে মেয়র পদপ্রার্থী হচ্ছেন পাঁচজন। তাঁরা হচ্ছেন বিএনপি-সমর্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র নুরুল ইসলাম (টেলিভিশন), আওয়ামী লীগ-সমর্থিত পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক হারুণর রশিদ (দেয়ালঘড়ি), জাতীয় পার্টি ও মহাজোট মনোনীত জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর চেয়ারম্যান সামশুল আলম মাস্টার (তালা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বদিউল আলম (দোয়াত-কলম) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সমর্থিত পৌরসভা এলডিপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলী (আনারস)। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ১১ ও সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৫৭ জন। প্রত্যেক মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীই প্রচারণা চালাতে গিয়ে নিজের জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। পৌরসভা প্রতিষ্ঠার পর একবার বিএনপি-সমর্থক মোহাম্মদ আলী প্রশাসক (বর্তমানে এলডিপি), দুবার জাতীয় পার্টির নেতা সামশুল আলম মাস্টার এবং সর্বশেষ গতবার বিএনপির নেতা নুরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগের কেউ এখনো পৌরসভায় কর্তৃত্ব করার সুযোগ পাননি। এ জন্য দলের সাধারণ কর্মী ও ভোটাররা দলীয় কোন্দলকেই দায়ী করছেন। তাঁদের মতে, এবারও মেয়র পদটি সহজে পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকলেও দলের নামে একাধিক প্রার্থী থাকায় তা কঠিন হতে পারে। খোঁজ নিয়ে দেখা গেছে, বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে স্থানীয় বিএনপির নেতারা ছাড়াও উপজেলার চেয়ারম্যান ইদ্রিচ মিয়াও মাঠে নেমেছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে পৌরসভা ছাড়াও জেলা-উপজেলার অনেক শীর্ষস্থানীয় নেতাকে কাজ করতে দেখা যাচ্ছে। এদিকে, প্রতীক বরাদ্দের আগে থেকে কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিশেষ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত বদিউল আলমের পক্ষে এলাকায় একসঙ্গে চারটি মাইকে প্রচারণা চালানোর সময় সিএনজিচালিত অটোরিকশাসহ পুলিশ চারটি মাইক আটক করে। এ ছাড়া, প্রায় সব প্রার্থীই স্থানীয়ভাবে সভাগুলোতে প্রকাশ্যে আপ্যায়নের ব্যবস্থা রেখেছে। যোগাযোগ করলে হারুণর রশিদ বলেন, ‘আমি নির্বাচিত হলে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াবান্ধব পৌর নগর গড়ে তুলব।’ এ ব্যাপারে ১৮ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। বর্তমান মেয়র নুরুল ইসলাম বলেন, ‘আমি জলাবদ্ধতা দূরীকরণ, দুটি বাজারসহ রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছি। নির্বাচিত হলে বাকি কাজ শেষ করব।’ বদিউল আলম বলেন, ‘আমি নির্বাচিত হলে পটিয়াকে “সিটি অব জয়” (উন্নত নগরে যা থাকে) হিসেবে গড়ে তুলব।’ শামসুল আলম মাস্টার পৌরভবন, গ্যাস সরবরাহ, বাস টার্মিনাল, শ্রীমাই খালের বেড়িবাঁধ নির্মাণসহ ১২টি কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।খাগড়াছড়িত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাসৈকত দেওয়ান, খাগড়াছড়িদুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর খাগড়াছড়িতে মেয়র পদে ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করছেন ভোটাররা। নির্বাচনী লড়াইয়ে থাকা তিন প্রার্থী জনসংযোগ করতে ছুটে বেড়াচ্ছেন শহরের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে।সরে দাঁড়ানো দুই মেয়র পদপ্রার্থী হলেন নজরুল ইসলাম ও মোকতার মিয়া। বাকি তিন মেয়র পদপ্রার্থী হলেন মহাজোটের প্রার্থী নূর নবী চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা ও নাগরিক পরিষদের প্রার্থী রফিকুল আলম। ২ জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। শেষ মুহূর্তে দুই মেয়র প্রার্থীর সরে দাঁড়ানো ভালো চোখে দেখছেন না ভোটারেরা। ১১ জানুয়ারি সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন নজরুল ইসলাম। কারও হুমকি বা প্রলোভনে নয়, ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানান।মেয়র পদপ্রার্থী মোকতার মিয়া ১৩ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বিএনপির রাজনীতির সঙ্গে বহু বছর জড়িত থাকলেও দলের সমর্থন না পাওয়ায় তিনি হতাশ। তিন প্রার্থী—নূর নবী চৌধুরী, ধীমান খীসা ও রফিকুল আলম এখন শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় নূর নবী চৌধুরী শালবন এলাকার টেক্সটাইল ভোকেশনাল মাঠে পথসভা করেন। পথসভায় তিনি বলেন, নির্বাচিত হলে ডিজিটাল বাংলাদেশের উপযোগী করে খাগড়াছড়ি পৌরসভার উন্নয়ন করবেন। পৌরসভাকে স্বনির্ভর ও সমৃদ্ধশালী করার প্রতিশ্রুতি দেন তিনি। একই সময়ে নাগরিক কমিটির প্রার্থী রফিকুল আলম আনন্দনগর এলাকায় জনসংযোগ করেন। তিনিও ভোটারদের বিভিন্ন অসুবিধা দূর করার প্রতিশ্রুতি দেন।শুক্রবার স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা মহাজনপাড়া এলাকায় জনসংযোগ করেন। তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন।তিন মেয়র পদপ্রার্থী পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। তবে কেউই লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে কোনো অভিযোগ করেননি।পৌরসভায় বিএনপির কোনো প্রার্থী নেই। বিএনপির নেতা-কর্মীরা মেয়র পদে কাকে সমর্থন দেবেন তা স্পষ্ট নয়। এ ব্যাপারে মুখ খুলছেন না তাঁরা।লামাজয়-পরাজয় আদিবাসী-চাটগাঁর হাতেহাতিয়া-নোয়াখালীর লড়াইমাইনউদ্দিন হাসান, লামা থেকে ফিরে লামা পৌরসভায় কনকনে শীতও রুখতে পারছে না প্রার্থীদের। শেষ মুহূর্তের প্রচারণা মহাব্যস্ত তাঁরা। ঘরে-বাইরে এখন শুধুই ভোটের আলোচনা। ভোটাররাও নানা হিসাব কষা শুরু করে দিয়েছেন। তাঁরা জানান, এখানে পাহাড়ি-বাঙালির মধ্যে কোনো বিভেদ নেই। দলীয় বিবেচনার চেয়ে প্রার্থীর সততা ও যোগ্যতা বেশি প্রাধান্য পাচ্ছে। যদিও আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র পদপ্রার্থী দলীয় ব্যানার নিয়েই নির্বাচন করছেন। আবার এই দুই প্রার্থীর আলাদা পরিচয় হচ্ছে, একজন হাতিয়ার ও অন্যজন নোয়াখালীর। এ বিষয়টিও বিবেচনায় আসছে। তবে দুই প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণ করবে আদিবাসী ও চাটগাঁ অঞ্চলের ভোটারেরা। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লামা পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৫৬৮ জন। প্রায় নয় বছর পর এখানে নির্বাচন হচ্ছে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত মো. জহিরুল ইসলাম (দেয়ালঘড়ি), বিএনপি-সমর্থিত মো. আমির হোসেন (দোয়াত-কলম), বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আবু মুছা (আনারস) এবং স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম আরিফ চৌধুরী (চশমা)। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—১ নম্বর ওয়ার্ডে রুবী শর্মা (বই), সুলতানা আক্তার (কলস), সামশুন্নাহার গণি (নলকূপ), শ্যামলী বিশ্বাস (সেলাইযন্ত্র) ও উম্রাচিং মার্মানী (পদ্মফুল), ২ নম্বর ওয়ার্ডে ফাতেমা পারুল (কলস) ও জোসনা বেগম (নলকূপ), তিন নম্বর ওয়ার্ডে জাহানারা বেগম (কলস), সালেহা বেগম (পদ্মফুল), শারাবান তহুরা (নলকূপ) ও জাহানারা (সেলাইযন্ত্র)। সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।চাম্পাতলী মার্মাপাড়ার বুদ্ধ ক্য হ্য চিং মার্মা (৬৫) বলেন, ‘আমরা দল বুঝি না, সালিস-বিচারে ভালো এমন প্রার্থীকে ভোট দেব।’ পাশের গ্রামের রা তুই প্রু (৭০) বলেন, ‘বছরে একবার রিলিফ পাওয়ার জন্য কাউকে ভোট দেব না। আমরা পাহাড়ি মানুষ রাস্তাঘাটও আমাদের বেশি দরকার নেই। আমরা শান্তি চাই। শান্তির জন্য ভালো মানুষ দেখে ভোট দেব।’লামা জনসংহতি সমিতির সভাপতি অং গ্য মার্মা বলেন, এবারের নির্বাচনে দলীয় বিবেচনার চেয়ে প্রার্থীর ভালো-মন্দই বেশি প্রাধান্য পাবে। আর প্রার্থীর কিছু অঞ্চলগত দিক বিবেচনায় আনবেন ভোটাররা। তবে অঞ্চলগত সমস্যার দিক এড়িয়ে সবার ভোট পাওয়ার আশা করছেন প্রার্থীরা। প্রার্থী জহিরুল ইসলাম বলেন, ‘ভোটারেরা এলাকার উন্নয়নের স্বার্থে তাঁকেই নির্বাচিত করবেন।’ আমির হোসেন বলেন, ‘দলমত-নির্বিশেষে এলাকার সম্প্রীতি রক্ষায় ভোটাররা তাঁকে ভোট দেবেন।’ আরিফ চৌধুরী বলেন, ‘দলীয় প্রভাবের বাইরে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেবেন।’ রাঙামাটিতীব্র শীতকে হার মানাল প্রচারণাহরি কিশোর চাকমা, রাঙামাটিতীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে চলছে প্রচারণা। চারটি মেয়র, ৫১টি কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত আসনে আট নারী প্রার্থী ভোর থেকে রাত পর্যন্ত চালাচ্ছেন জনসংযোগ। বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে আশীর্বাদ, দোয়া আর সহযোগিতা চাইছেন। ভোটযুদ্ধে নামা মেয়র পদপ্রার্থীরা হলেন—আওয়ামী লীগ-সমর্থিত আবদুল মতিন, বিএনপি-সমর্থিত সাইফুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আইনজীবী প্রতিম রায় ও ব্যবসায়ী মনিরুজ্জামান মহসিন।এবারের নির্বাচনে বিভিন্ন প্রার্থী ও সমর্থকেরা পারস্পরিক সহিষ্ণুতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদ্বেষমূলক ও সাম্প্রদায়িক উক্তি করেননি কোনো প্রার্থী। তবে প্রচারণার শেষ পর্যায়ে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের তেমন কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি শুরু থেকেই ছিল। ১৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাত্র দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই দুই প্রার্থীর মধ্যে একজন রঙিন পোস্টার ও একজন রঙিন প্রতীক ব্যবহার করেছিলেন। তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহিদুর রহমান জানান, তাঁরা প্রথম অবস্থায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীদের সতর্ক করেছেন। এখন (১৪ জানুয়ারি) কারও বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে। মেয়র পদপ্রার্থীদের চারজনই কর্মসংস্থান সৃষ্টি ও রাঙামাটিকে আধুনিক পর্যটননগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। এ ছাড়া সব মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর বিশেষ নজর রয়েছে বস্তিবাসীর দিকে। সে কারণে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের সবাই বস্তিবাসীর স্বাস্থ্য-চিকিৎসা ও বিশুদ্ধ পানি সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছেন।একমাত্র আদিবাসী প্রার্থী প্রতিম রায় ভোটের জোয়ার তাঁর পক্ষে রয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমার পক্ষে পাহাড়ি বাঙালি ভোটারের সমর্থন রয়েছে। অনেক রাজনৈতিক দলের নেতা-কর্মীর গোপন সমর্থন রয়েছে।’ আরেক স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মহসিন বলেন, ‘জনগণ যদি সঠিক ও যোগ্য নেতৃত্ব চায় তা হলে আমাকে ভোট দেবেন।’ সুবিধাবঞ্চিত জনগণ তাঁর পক্ষে রয়েছেন বলে তিনি দাবি করেন। দুটি বড় রাজনৈতিক দলের প্রার্থীরা সুবিধাবঞ্চিত ভোটারদের ভোট কেনার চেষ্টা করছেন বলে তাঁর অভিযোগ। অবশ্য আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম জানান, তিনি খুবই আশাবাদী। দলমত ও সম্প্রদায় নির্বিশেষে সব ভোটারের সমর্থন তাঁর পক্ষে রয়েছে বলে উল্লেখ করেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল মতিন বলেন, ‘আমি সরকারি দলের একজন প্রার্থী হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য। পৌরসভার উন্নয়ন করতে হলে সরকারের সহযোগিতা প্রয়োজন। সে সহযোগিতা আদায় করা আমার পক্ষে সম্ভব। আশাকরি ভোটারেরা সেটা বুঝবেন।’ রাউজানশেষ মুহূর্তে হুমকি আর অভিযোগের ছড়াছড়িমীর আসলাম, রাউজানরাউজান পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থীরা অভিযোগ-পাল্টা অভিযোগ করছেন। সন্ত্রাসীরা প্রার্থী ও ভোটারদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ফলে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন পৌরবাসী। ভোটের দিন সংঘাতের আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা। প্রশাসনের অভয়েও আশ্বস্ত হতে পারছেন না তাঁরা।ভোটাররা জানান, আওয়ামী লীগের দুই মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরী (আনারস) ও সাবেক চেয়ারম্যান দেবাশীষ পালিত (তালা) পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন সমানে। একজন অভিযোগ করলে অপরজন পাল্টা অভিযোগ করছেন। এ উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যেও। আবার পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলামও (টেলিভিশন) নির্বাচন করছেন। ফলে এ নিয়ে ভোটারেরা বিভ্রান্ত হচ্ছেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বলেন, ‘এখানে শফিকুল ইসলাম চৌধুরী ও দেবাশীষ পালিত—দুজনই আওয়ামী লীগের প্রার্থী। যিনি জয়ী হয়ে আসবেন তাঁকে বরণ করে নেওয়া হবে।’মেয়র পদপ্রার্থী দেবাশীষ পালিতের অভিযোগ, শফিকুল ইসলাম চৌধুরী হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করেছেন। তিনি নির্বাচনী মাঠে টাকা ছাড়ছেন এবং নির্বাচনের সময় পৌর এলাকায় বিদ্যুৎলাইন সমপ্রসারণের কাজ করে আচরণবিধি লঙ্ঘন করছেন। অন্যদিকে শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমার কোনো মামলা নেই। বিদ্যুৎলাইন সম্প্রসারণকাজ হচ্ছে তফসিল ঘোষণার আগে দেওয়া কার্যাদেশ মূলে। আর টাকা ছাড়ার অভিযোগ থাকলে প্রমাণ করুন।’ অন্যদিকে দেবাশীষ পালিতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও তথ্য গোপনের অভিযোগ করেছেন আহসান হাবিব নামের এক ভোটার। তিনি অভিযোগ করেন, দেবাশীষ পালিত তাঁর বিপক্ষে থাকা সংখ্যালঘু ভোটারদের হুমকি দিচ্ছেন। এ ছাড়া তিনি হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। অবশ্য দেবাশীষ পালিত এসব অভিযোগ অস্বীকার করেন।এদিকে, বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল হাসান (জাহাজ) নির্বাচন সুষ্ঠু হবে কি না সংশয় প্রকাশ করেছেন। এর আগে তিনি নির্বাচনী প্রচারকাজে গিয়ে হামলার শিকার হয়েছিলেন। তিনি বলেন, ‘আমার সমর্থকদের অব্যাহত হুমকির মধ্যে রেখেছে সন্ত্রাসীরা। রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ করলে তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’ তবে বিএনপি থেকে আধ্যাপক মোহাম্মদ মুছাও (দোয়াত-কলম) নির্বাচন করছেন। পৌর নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী আবু বকর ছিদ্দিকী (দেয়ালঘড়ি) নির্বাচনী প্রচারে সন্ত্রাসীদের হুমকি পাওয়ার কথা বলেছেন। তাঁর অভিযোগ, কোনো কোনো প্রার্থী ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করছেন।কাউন্সিলর প্রার্থী রাজিবুল হাসান ও জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁদের এবং সমর্থকদের হুমকি দিচ্ছে। তাঁরা থানা প্রশাসনকে বিষয়টি একাধিকবার মৌখিকভাবে জানিয়েছেন। রাউজান কলেজের অধ্যক্ষ ভোটার আবদুর রশীদ জানান, শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারেরা শঙ্কিত। ভোটার আশুতোষ বড়ুয়া বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা আর প্রশাসনিক তৎপরতায় মানুষ হতাশ। প্রশাসনের বর্তমান প্রস্তুতিতে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে ভোটারেরা কেউ আশ্বস্ত হতে পারছেন না।’ সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন সন্ত্রাসীদের বাধার মুখে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দানে ব্যর্থ হন। রিটার্নিং কর্মকর্তা অঞ্জনচন্দ্র পাল বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত প্রশাসন। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ছাড়া সেনাবাহিনীসহ পর্যাপ্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট কেন্দ্রে থাকবেন। বাঁশখালীপ্রচারণায় এগিয়ে নারী প্রার্থীরামুহাম্মদ নাজিম উদ্দিন, বাঁশখালী থেকে ফিরেবাঁশখালী পৌর নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে গেছেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা। শীতের কুয়াশা ভেদ করে ছুটে যাচ্ছেন পাড়ায় পাড়ায়। শেষ মুহূর্তে ভোটারদের ঘরে ঘরে গিয়ে নিজের যোগ্যতা তুলে ধরে ভোট ও দোয়া চাইছেন তাঁরা। নারীর কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন কোনো কোনো প্রার্থী। কেউ কেউ অবশ্য বলছেন, ‘আগে নির্বাচিত হই, তারপর কাজ।’ গত কয়েক দিনে এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। পৌরসভার তিন ওয়ার্ডে তিনজন করে নয়জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন: ১ নম্বর ওয়ার্ডে শাহেদা বেগম চৌধুরী (নলকূপ), সারাবান তাহুরা ফেরদৌস (পদ্মফুল) ও হামিদা বেগম (কলস)। ২ নম্বর ওয়ার্ডে ঝর্ণা সুশীল (কলস), নিলুফার আকতার (পদ্মফুল) ও ছেনুয়ারা বেগম (নলকূপ)। ৩ নম্বর ওয়ার্ডে নুরুন্নাহার বেগম (পদ্মফুল), ছাদেকা নুর খানম বিউটি (নলকূপ) ও শিল্পী দাশগুপ্ত (কলস)। বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিচ বলেন, ‘নারী প্রার্থীরা প্রচারণায় পুরুষদের চেয়ে এগিয়ে রয়েছেন। তাঁরা ঘরের ভেতরে ঢুকে চা-নাশতা খেতে খেতে খোশমেজাজে ভোট চাইছেন।’ তিনি বলেন, ‘সৎ, যোগ্য ও শিক্ষিত নারীদের নির্বাচিত করা দরকার।’ বিশেষ করে এসিডদগ্ধ, নির্যাতিত নারী মুক্তির আন্দোলনে নেতৃত্বদানকারী যোগ্য নারীকে ভোট দেবেন তিনি। নুরুল আমিন, লাকী শীল, আবদুল হক, কবির চৌধুরী ও নতুন ভোটার লায়লা নূর বলেন, নারীদের কল্যাণে যে প্রার্থী কাজ করবেন, তাঁকে বেছে নেওয়া হবে। ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী হামিদা বেগম অকপটে বলে ফেললেন, ‘মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাভ কী, যদি কাজ করতে না পারি।’ একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী সারাবান তাহুরা ফেরদৌস বলেন, ‘শিশু ও নারী নির্যাতন রোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করার চেষ্টা থাকবে আমার।’ ২ নম্বর ওয়ার্ডের নিলুফার আকতার বলেন, ‘নারীরা সুযোগ-সুবিধা থেকে প্রায় বঞ্চিত। তাঁদের অধিকার আদায়ে কাজ করা হবে।’ অপর প্রার্থী ছেনুয়ারা বেগম মাদকবিরোধী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে গরিবদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। ৩ নম্বর ওয়ার্ডের শিল্পী দাশ বলেন, ‘আগে নির্বাচিত হই, পরে কাজ করব।’ একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী নুরুন্নাহার বেগমও নারীদের কল্যাণে কাজ করবেন বলে জানান। দুসারি এলাকার বাসিন্দা মরিয়ম বেগম, কুমকুম দাশ, জঙ্গল জলদির আয়েশা আকতার, মো. নবী ও আকতার মিয়া জানান, নারী কাউন্সিলর প্রার্থীদের এবার তাঁরা দেখেশুনে ভোট দেবেন। নারী প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও রক্ষা করতে পারেন না বলে মন্তব্য করেন তাঁরা।বান্দরবানছয়-সাত হাজার লোকের খণ্ডকালীন আয়ের উৎস নির্বাচন বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবানবান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মিপাড়ায় কাউন্সিলর পদপ্রার্থী শাহ আলমের পক্ষে মাইকে প্রচার চালাচ্ছিলেন স্থানীয় মোহাম্মদ রাসেল। তিনি প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রিকশা ও মাইকের ভাড়াসহ আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে পান ২০০ টাকা। এ রকম অন্য প্রার্থীরাও প্রতিদিন মাইকে প্রচার করার জন্য কর্মীপ্রতি ২০০-৩০০ টাকা ‘খরচ’ দিচ্ছেন। তবে অটোরিকশা কিংবা টমটম নিয়ে মাইকে প্রচার করলে খরচ আরও বেশি হয় বলে জানালেন রাসেল। এভাবে কার্যালয়-ব্যবস্থাপনা, পোস্টার লাগানো, ভোটার নম্বর বিতরণ এবং প্রচারণায় বাড়ি বাড়ি যাওয়াসহ নানা কাজে ছয়-সাত হাজার লোকের খণ্ডকালীন আয়ের উৎস হয়ে উঠেছে বান্দরবান পৌরসভা নির্বাচন। বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী আছেন ৪৯ জন। এর মধ্যে ছয়জন মেয়র ও ৪৩ জন কাউন্সিলর পদপ্রার্থী। খোঁজ নিয়ে জানা গেছে, এসব প্রার্থীর নির্বাচনী প্রচারণাসংক্রান্ত বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন তরুণ-তরুণী থেকে বিভিন্ন বয়স ও শ্রেণীর ছয়-সাত হাজার কর্মী। তাঁদের মধ্যে বেশির ভাগই দলীয় কর্মী হলেও অনেকেই কাজ করছেন অর্থের বিনিময়ে। এসব কর্মীর পেছনে প্রতি প্রার্থীর দিনে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে বলে কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মেয়র পদপ্রার্থী মোট দুই লাখ ও কাউন্সিলর পদপ্রার্থী ৫০ হাজার টাকার বেশি খরচ করতে পারবেন না। ২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের পর থেকে প্রার্থীরা ব্যাপক প্রচারণায় নেমেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী জানান, প্রচারণায় জনসভা নিষেধ হওয়ায় ভোটারদের দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে। কিন্তু এ জন্য হাতে সময় খুব কম। তাই প্রচুর কর্মী প্রয়োজন হচ্ছে। তবে সমর্থকেরাই কর্মী হিসেবে কাজ করায় তাঁদের কোনো টাকা দিতে হচ্ছে না বলে প্রার্থীরা দাবি করেন। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহ আলমের এক সমর্থক নাম প্রকাশ না করে বলেন, ‘একজন প্রার্থীর প্রচার, মাইক ভাড়া, কার্যালয় ব্যবস্থাপনা, পোস্টার লাগানো ও ভোটার নম্বর বিতরণে চার ধরনের কর্মীর প্রয়োজন। রাজনৈতিক দলের সমর্থিত মেয়র-কাউন্সিলর পদপ্রার্থীদের দলীয় কর্মিবাহিনী থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের আলাদা কর্মী নিয়োগ দিয়ে কাজ চালাতে হচ্ছে।’ এ ছাড়া স্থানীয় রাজনৈতিক দলের বেশির ভাগ কাউন্সিলর পদপ্রার্থীও কৌশলগত কারণে বিশেষ কর্মী নিয়োগ করে কাজ করছেন বলেও সংশ্লিষ্ট প্রার্থীরা জানিয়েছেন। ৪ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলরের পক্ষে প্রচারণা ও ভোটার নম্বর বিতরণ করছিলেন তিন তরুণ—নুরুল ইসলাম, জাকারিয়া ও জামাল হোসেন। তাঁরা জানান, দু-তিন দিন ধরে কাজ করলেও এখনো কোনো টাকা পাননি। তবে প্রার্থী টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অবশ্য টাকার অঙ্ক তাঁরা বলেননি। এ প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দিলীপ কুমার বড়ুয়া জানান, এ রকম টাকা দিয়ে কাজ করানোর সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ৬ নম্বর ওয়ার্ডের কয়েকজন নারী প্রচারকর্মী জানান, ঘরে ঘরে গিয়ে মেয়েদের কাছে প্রচারণা চালানোর জন্য তাঁদের প্রত্যেককে দিনে ১৫০ টাকা করে দেওয়া হয়। এ রকম আরও অনেক নারী নির্বাচনকর্মী হিসেবে কাজ করছেন বলে তাঁরা জানান। জানা গেছে, অনেক কর্মী একাধিক প্রার্থীর পক্ষে কাজ করছেন। ৭ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়ায় পোস্টার লাগাচ্ছিলেন রঞ্জন চক্রবর্তী ও তুহিন দাশ। তাঁরা বলেন, ‘আমরা কোনো দলের বা বিশেষ কোনো প্রার্থীর কর্মী নই। এ জন্য যে প্রার্থী টাকা দেন, তাঁর পক্ষে কাজ করি।’নির্বাচনী খরচের ব্যাপারে জানতে চাইলে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাছির উদ্দিন জানান, তাঁর কর্মীদের বেশির ভাগ আত্মীয় ও বন্ধু-বান্ধব। এ জন্য চা-নাশতা খাওয়ানো ছাড়া তাঁদের কোনো টাকা-পয়সা দিতে হয় না। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মফিজুল হক জানান, তাঁর পক্ষে ৫০-৬০ জন কর্মী কাজ করছেন। কিন্তু তাঁদের ন্যূনতম রিকশা ভাড়া ও পোস্টার লাগানো ছাড়া আর কোনো কাজে টাকা দিতে হয় না। দুজনেই জানান, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রচারণাসহ সব কাজ করছেন। এসব বিষয়ে কোনো মেয়র প্রার্থীর সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেছেন, বান্দরবানের দুটি পৌরসভায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনীকার্যক্রম চলছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন বা ব্যয়সীমার বাইরে অর্থ ব্যয়ের কোনো অভিযোগ তাঁর কাছে নেই। সোনাগাজী ১৮ কেন্দ্রের ১৭টিই ঝুঁকিপূর্ণ নিজস্ব প্রতিবেদক, ফেনীফেনীর পরশুরাম ও সোনাগাজী পৌরসভার ১৮টি ভোটকেন্দ্রের ১৭টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশন পরশুরামে সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা শেষ মুহূর্তে ব্যক্তিগত প্রচারণা, মাইকে প্রচার ও ভোটার স্লিপ বিলিবণ্টনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সঙ্গে রয়েছেন দলীয় কর্মী-সমর্থকেরা। আজ রোববার রাত আটটার পর থেকে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের নারী প্রার্থী নাছিমা আক্তার ১৩ জানুয়ারি চর গণেশ গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করে ভোট চান। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে প্রথম আলোকে জানান। একই কায়দায় শেষ সময়ের দেখা-সাক্ষাৎ করে দোয়া ও ভোট চাইছেন অন্য প্রার্থীরাও। তুলাতলী এলাকার ভোটার আবু আহম্মদ বলেন, ‘ভোট যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যক্তিগত প্রচারণার পাশাপাশি মাইকে প্রচারণাও বেড়ে গেছে। বিকেল হলে মাইকের আওয়াজে কান ঝালাপালা হওয়ার দশা।’ এদিকে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পৌর নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরশুরাম পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী এবং সোনাগাজী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নিয়োজিত থাকবে। পরশুরাম পৌরসভায় মেয়র পদপ্রার্থী দুজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত নিজাম উদ্দিন চৌধুরী ওরফে সাজেল এবং বিএনপি-সমর্থিত বর্তমান মেয়র আবু তালেব। এ ছাড়া তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন, নয়টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৬৫ জন। এর মধ্যে নারী ভোটার আট হাজার ৭৩৭ জন এবং পুরুষ আট হাজার ২২৮ জন। পরশুরাম পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে আটটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী এবং ভোটকেন্দ্রের বাইরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। সোনাগাজী পৌরসভায় মেয়র পদে ছয়জন, তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০ জন ও নয়টি সাধারণ ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৯৪০ জন। এর মধ্যে নারী ভোটার পাঁচ হাজার ৭৫৯ জন এবং পুরুষ পাঁচ হাজার ১৮১ জন। সোনাগাজী পৌরসভায় নয়টি ভোটকেন্দ্র। পুলিশ প্রশাসন সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে।মিরসরাই কনকনে শীত-কুয়াশা উপেক্ষা করে প্রচারণায় মিনসরাই প্রতিনিধিকনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে শেষ মুহূর্তের প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন মিরসরাই ও বারাইয়ারহাট পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। জয়ের নেশায় কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই পৌরসভার ১৪ জন মেয়র, ১৯ জন মহিলা কাউন্সিলর ও ৭১ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। গায়ে শীতের গরম কাপড় মুড়িয়ে দল বেঁধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া-আশীর্বাদ চাইছেন। সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন নিজ নিজ প্রতীক। দল ভাগ করে ছুটে চলেছেন সংশ্লিষ্ট প্রার্থীদের স্ত্রী বা স্বামী, সন্তানসহ অন্য আত্মীয়স্বজনও। প্রার্থীরা পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। কেউ কেউ প্রকাশ করেছেন ইশতেহার। তবে অনেকেই মেয়র পদপ্রার্থীদের নানা প্রতিশ্রুতি শুনে তৃপ্তির ঢেঁকুর তুলতে পারছেন না। কারণ বিগত দিনে প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতি ও পরবর্তী সময়ে তা পালনের উদাহরণ তাঁদের সামনে কম। বিএনপির নেতারা অভিযোগ করেছেন, উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন মিরসরাই পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শাহজাহানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন রাত-দিন। স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের নাম করে মিরসরাই ও বারইয়ারহাটের মেয়র পদপ্রার্থীদের পক্ষে কৌশলে প্রচারণা চালিয়েছেন। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন জানান, কোনো বিধি-নিষেধ না থাকায় তিনি দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে এ কাজে সরকারি গাড়ি ব্যবহার করছেন না। সাংসদ মোশাররফ হোসেন জানান, ‘এলাকায় আমি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছি।’ এর বেশি কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।১২ জানুয়ারি মিরসরাইয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. নাসির উদ্দীন সরকারি দলের প্রার্থীর পক্ষে উপজেলা চেয়ারম্যান এবং সাংসদের প্রচারণা চালানোর বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘ওই পদবির অধিকারীদের প্রচারণা চালানোর ব্যাপারে নির্বাচন কমিশনের আচরণবিধিতে বিধি-নিষেধ নেই।’মিরসরাই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত এম শাহাজাহান (আনারস), বিএনপি মনোনীত ফকির আহম্মদ (তালা), বিএনপির বিদ্রোহী প্রার্থী অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী (জাহাজ) ও নাছির উদ্দিন (টেলিভিশন), আওয়ামী লীগ সমর্থক মাস্টার এনামুল হক (দোয়াত-কলম) ও মো. শহীদুন্নবী (মাইক), জামায়াত মনোনীত শাহ্ মো. কামরুদ্দিন লতিফী (চশমা), স্বতন্ত্র মো. মোশাররফ হোসেন (কাপ-পিরিচ) গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বারইয়ারহাট পৌরসভায় মাঠে রয়েছেন ছয় মেয়র প্রার্থী। এঁরা হলেন আওয়ামী লীগের আবু তাহের (তালা), বিএনপির মঈন উদ্দিন লিটন (আনারস), জামায়াতের ফজলুল করিম (দেয়ালঘড়ি), বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র জালাল উদ্দিন (দোয়াত-কলম), স্বতন্ত্র আলী আহসান (জাহাজ) ও এ এন এম সাহাব উদ্দিন (টেলিভিশন)।মিরসরাই পৌর আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম শাহাজাহান ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগ মনোনীত আবু তাহের জানান, কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে প্রচারণায় সামান্য অসুবিধা হলেও ভোটারদের ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন। প্রত্যেক প্রার্থীই জানান, তাঁরা জয়ের ব্যাপারে আশাবাদী। মিরসরাইয়ে বিএনপির প্রার্থী ফকির আহম্মদ জানান, দলীয় দ্বিধা-দ্বন্দ্বের কারণে আগে প্রচারণায় সময় কম দিলেও এখন শেষ মুহূর্তের প্রচারণা চলছে পুরোদমে। দলীয় নেতা-কর্মীরাও কাজ করে যাচ্ছেন আন্তরিকভাবে। অপর প্রার্থী এনামুল হক বলেন, ‘ভোটারদের সমর্থন ও আশ্বাস শীতের কষ্টের চেয়েও আনন্দের।’ বিএনপির বিদ্রোহী প্রার্থী অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী ও নাছির উদ্দিন—দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী। বারইয়ারহাটে বিএনপির মেয়র পদপ্রার্থী মঈন উদ্দিন লিটন জানান, ভোটারদের ব্যাপক সমর্থন তিনি পাচ্ছেন। বারইয়ারহাট পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. জালাল উদ্দীন জানান, ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে তিনি জয়ী হবেন।ভোট কাকে দেবেন—এ প্রশ্নের উত্তরে মিরসরাই পৌরসভার ভোটার অবদুর রহমান ও মো. আবুল কাশেম জানান, পরিকল্পিত নগরায়ণ ও পৌরভবন নির্মাণসহ নানা সমস্যার সমাধান যিনি করতে পারবেন, তাঁকেই ভোট দেবেন। বারইয়ারহাট পৌরসভার ভোটার ফারুক হোসেন, সুমন দে ও ফজলুর রহমান জানান, বারইয়ারহাটে অন্যতম সমস্যা ময়লা-আবর্জনা দূর করা, পানিনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার উন্নয়ন, এসব যিনি করতে পারবেন তাঁকেই ভোট দেবেন।