কক্সবাজারের রামু উপজেলা পরিষদ উপনির্বাচনে তিন চেয়ারম্যান পদপ্রার্থীর লড়াই জমে উঠেছে। রাত-দিন সমানে চলছে তাঁদের গণসংযোগ ভোট প্রার্থনা আর নির্বাচনী সভা-সমাবেশ। ২১ ডিসেম্বর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের চার মাসের মাথায় ১১ আগস্ট ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমেদুল হক চৌধুরী মারা গেলে এই উপজেলার পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
উপনির্বাচনের জন্য আটজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন।
তাঁরা হলেন বিএনপি-সমর্থিত প্রার্থী ও আহমেদুল হক চৌধুরীর ছেলে মেহরাজ আহমেদ (আনারস), আওয়ামী লীগের রিয়াজুল আলম (মোটরসাইকেল) এবং জামায়াতে ইসলামীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান (ঘোড়া)।
এলাকা ঘুরে ও ভোটারদের সঙ্গে আলাপে জানা গেছে, জামায়াত নেতারা আসনটি ছিনিয়ে নিতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিম উল্লাহের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এখন রাত দিন রামু চষে বেড়াচ্ছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জি এম রহিম উল্লাহ বলেন, জামায়াত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সুন্দর পরিবেশ বজায় রাখার রাজনীতি করে। এ কারণে বেশির ভাগ ভোটার জামায়াত প্রার্থীর পক্ষে রয়েছেন।
এদিকে বিএনপিও বসে নেই। চেয়ারম্যান পদটি পুনরুদ্ধার করতে বিএনপির জেলা পর্যায়ের নেতারা রামুর ১১টি ইউনিয়ন ভাগাভাগি করে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কক্সবাজার-৩ আসনের বিএনপির সাবেক সাংসদ লুৎফুর রহমান নির্বাচনের পুরো কার্যক্রম নজরদারি করছেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছিদ্দিক ওসমানী বলেন, রামু হচ্ছে বিএনপির দুর্গ। বিএনপির এবং মরহুম আহমেদুল হক চৌধুরী জনপ্রিয়তায় তরুণ প্রার্থী মেহরাজের বিজয় নিশ্চিত করবে।
কিন্তু আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজুল আলমের পক্ষে দলীয় সাংসদ সাইমুম সরওয়ার ছাড়া জেলার শীর্ষ নেতারা এখনো মাঠে না নামায় বিভ্রান্তি দেখা দিচ্ছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারাও নীরব রয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কচ্ছপিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার বলেন, ‘আমরা দলীয় স্বার্থে রাজনীতি করি। কিন্তু এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে? সেটা আমরা জানি না। তাই নীরব থাকছি।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ ভঁুইয়া বলেন, ‘শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’