ভোটযুদ্ধে দুই প্রার্থীর নতুন চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দ্রুত নির্বাচনী ইশতেহার প্রকাশ ও কৌশলী প্রচারণাকে ভোটের রাজনীতিতে চমক হিসেবে দেখছেন নেতা-কর্মীরা। এবার ভোটারদের কেন্দ্রে যাওয়া নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রচারণা চালাচ্ছেন মহিউদ্দিন। অতীতে গরিব-দুঃখী মানুষের পাশে থাকার কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি। অন্যদিকে নিজ দলের বিরোধীপক্ষের প্রভাবশালী নেতাদের মন গলাতে পেরে এবং তাঁদের মাঠে নামাতে পেরে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। বিশেষ করে কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমানকে পাশে পাওয়ায় মঞ্জুরের অবস্থান সংহত হয়েছে বলে মনে করছেন দলীয় নেতা-কর্মীরা। মহিউদ্দিনের কৌশলী প্রচারণা ও মঞ্জুরের কেন্দ্রীয় নেতাদের মান ভাঙানোকে ভোটের মাঠে নতুন চমক হিসেবে দেখা হচ্ছে।তবে মঞ্জুরকে জামায়াতের সমর্থন মহিউদ্দিনের জন্য শাপেবর হবে বলে অনেকে মন্তব্য করেছেন। কারণ ভাসমান ভোটার ও আওয়ামী লীগের অনেক সমর্থক মেয়র থাকাকালে মহিউদ্দিনের কিছু কর্মকাণ্ড নিয়ে বিরক্ত ছিলেন। কিন্তু জামায়াত বিএনপির প্রার্থীর পক্ষে যাওয়ায় অন্তত আওয়ামী লীগ সমর্থকেরা নতুন হিসাব করতে পারেন বলে অনেকে মন্তব্য করেন।এ প্রসঙ্গে আওয়ামী লীগ খুলশী থানার যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘মঞ্জুর প্রতি জামায়াতের সমর্থন মহিউদ্দিনের জন্য শাপেবর হয়েছে। মঞ্জু যেহেতু জামায়াত ঘরানার সঙ্গে হাত মিলিয়েছেন, মুক্তিযুদ্ধের পক্ষের সবাই মতভেদ ভুলে মহিউদ্দিনের পক্ষে কাজ করার জন্য মাঠে নেমে পড়েছেন। এতে মহিউদ্দিনের শক্তি আরও বাড়ল।’ ‘অবহেলিত মানুষের জন্য আমি। এতে আমি বিহারি বা বাঙালি, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল বুঝি না। আমি বুঝি, নগরবাসীর স্বার্থ, অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। আগেও আমি ছিলাম। ভবিষ্যতেও থাকব।’ এ বি এম মহিউদ্দিন চৌধুরী মানুষের কাছে ভোট চাইতে গিয়ে এমন কথা বলছেন। অন্যদিকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আটঘাট বেঁধে গণসংযোগে নেমে নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন এম মঞ্জুর আলম। আর বলছেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা হবে।’ চট্টগ্রাম সিটি নির্বাচনের আর ১০ দিন বাকি। সময় কম থাকার কারণে দুই প্রার্থীই গণসংযোগ ও প্রচারণা বাড়িয়ে দিয়েছেন। তবে মাইকে প্রচারণায় এগিয়ে আছেন মঞ্জুর আলম। মঞ্জুরের পক্ষে প্রতিটি ওয়ার্ডে একাধিক মাইকে প্রচার চলছে বলে জানান স্থানীয় লোকজন। ১৭ জুনের নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী জাহাজ ও মঞ্জুর আলম আনারস প্রতীক নিয়ে লড়ছেন। এর আগে তিনটির মধ্যে দুটি নির্বাচনে হারিকেন প্রতীক নিয়ে লড়েছিলেন মহিউদ্দিন চৌধুরী। মাঝখানে ২০০০ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার নতুন প্রতীক নিয়ে লড়লেও মহিউদ্দিনের কোনো আফসোস নেই বলে জানান তিনি। ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আনারস প্রতীক নিয়ে হেরে যান মঞ্জুর আলম। এবারও তাঁর পছন্দ ছিল আনারস। প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন অবশ্য তাঁকে হতাশ করেনি। এদিকে, নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সংযতভাবে প্রচারণা করতে হচ্ছে প্রার্থীদের। এরপরও কর্মী-সমর্থকেরা আচরণবিধি ভঙ্গ করছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে রাস্তায় সমাবেশ করে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে। নাগরিক কমিটি: মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরী বিভিন্ন এলাকার গণসংযোগ করতে গিয়ে বলেছেন, ‘এক-এগারোর সরকার আমাকে গ্রেপ্তার ও হয়রানি করেছে। তবে ওই সরকার ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করে দিয়েছে। এখন কেউ আর জাল ভোট দিতে পারবে না। আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’ মহিউদ্দিন চৌধুরী ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন বেশি। তিনি মনে করেন, সাধারণ মানুষের কল্যাণের জন্য তাঁর অনেক কিছু করার বাকি আছে। ১৭ জুনের নির্বাচনে জয়ী হয়ে তিনি অসমাপ্ত কাজ করবেন বলে ঘোষণা দেন, গত বৃহস্পতিবার বিকেলে নগরের নন্দনকাননে অবস্থিত নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে নির্বাচনী ইশতেহার থেকে এ ঘোষণা দেওয়া হয়। ইশতেহারে ‘সিটি গভর্নমেন্ট’ পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর সেবা সুনিশ্চিত করার কথা বলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। নাগরিক কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ ইশতেহার পাঠ করেন। এ সময় নাগরিক কমিটির সদস্যসচিব মেজর (অব.) এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।ইশতেহারে বলা হয়, নগরে পানি সরবরাহের জন্য ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পুলিশ বিভাগের কর্মকাণ্ড সমম্বয় করা প্রয়োজন। এসব সেবামূলক সংস্থার কাজ অপরিকল্পিতভাবে বাস্তবায়িত হয়, যে কারণে নাগরিকজীবনে নানা সমস্যা দেখা দিচ্ছে। সমম্বয়হীন কাজের কারণে বিপুল সম্পদ ও অর্থের অপচয় হচ্ছে। সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে অপচয় রোধ করে নাগরিকসেবা নিশ্চিত ও করের হার কমানো সম্ভব হবে। ইশতেহারে বলা হয়, বন্দরনগর চট্টগ্রাম দেশের সবচেয়ে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর। এ জন্য মহিউদ্দিন চৌধুরী তিনবার প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছেন। সিটি গভর্নমেন্ট হলে বায়ু ও শব্দদূষণ থেকে নগরকে রক্ষা করা সম্ভব হবে। নগরের বর্জ্য পরিশোধন (রি-সাইক্লিং) করে জ্বালানি ও জৈব সারে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত রেখে ভবিষ্যতে নগরকে পুরোপুরিভাবে বর্জ্যমুক্ত করা হবে। ইশতেহারে শিক্ষা ও স্বাস্থ্য খাতের সাফল্য তুলে ধরে বলা হয়, ভবিষ্যতে নগরের ৪১টি ওয়ার্ডে আরও স্কুল-কলেজ ও হাসপাতাল করা হবে। মাতৃসদনগুলোর শয্যাসংখ্যা বাড়িয়ে প্রসূতি ও নবজাতকদের জীবন রক্ষার উদ্যোগ নেওয়া হবে। ইশতেহারে বলা হয়, নগরের রাস্তাঘাট, ফুটপাত, আচ্ছাদিত ও অনাচ্ছাদিত নালা-নর্দমা এবং খাল হচ্ছে নাগরিক সুবিধার অন্যতম ভিত্তি। নগরে ২৫ শতাংশ রাস্তাঘাট থাকা প্রয়োজন। অথচ ইশতেহারে সরকারের সহায়তায় দেওয়ানহাট থেকে পতেঙ্গা পর্যন্ত উড়ালপথ (ফ্লাইওভার) নির্মাণ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল চালু, চট্টগ্রামে ‘বিটিভি-২’ পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল চালু, রাস্তায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সৌরবাতির ব্যবস্থা, কমিউনিটি ট্রেন চালু এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল চালুর কথা বলা হয়েছে। সিটি করপোরেশন এলাকায় হোল্ডিং কর বাড়ানো হবে না বরং কাঁচাঘরের কর পুরোপুরি মওকুফ করারও ঘোষণা দেওয়া হয় ইশতেহারে। রিকশাচালকের সনদ ফি মওকুফ ও মালিকানা সনদ ফি আগের মতো অর্ধেক থাকবে। সিটি করপোরেশন থেকে কোনো রিকশা উচ্ছেদ হবে না বলেও ঘোষণা দেওয়া হয়।চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন: শুক্রবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেননি। ফলে নগর ও নগরবাসী নিয়ে মঞ্জুর আলমের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানা যায়নি। ইশতেহার ঘোষণা না হলেও চট্টগ্রামকে সিঙ্গাপুর ও ম্যানচেস্টারের মতো আধুনিক শহর করার প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়ন আন্দোলনের নেতারা। মেয়র প্রার্থী মঞ্জুর আলম এ প্রস্তাবের সঙ্গে একমত। তিনি বলেছেন, নগরের অনেক সম্ভাবনা আছে, আর সে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। নালা-নর্দমা পরিষ্কার করে নগরকে জলাবদ্ধতামুক্ত করা হবে। নাগরিকসেবা বাড়ানো হবে।নগরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে গিয়ে মেয়র প্রার্থী মঞ্জুর আলম আরও বলেন, ‘১৭ বছর ধরে সিটি করপোরেশন থেকে নাগরিক সুবিধা তেমন পাওয়া যায়নি। বরং দুর্নীতির আখড়ায় পরিণত হয় করপোরেশন। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করব।’ এদিকে, মঞ্জুরের পক্ষে বিএনপির বিবদমান পক্ষগুলো মাঠে মেনেছে। জোর প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম বসবাসকারী দলের কেন্দ্রীয় নেতারা। এঁদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, এম মোরশেদ খান আছেন। আর আমীর খসরু মাহমুদ চৌধুরী তফসিল ঘোষণার পর থেকে মঞ্জুরের পক্ষে নীরবে-সরবে কাজ করছেন। দলীয় সূত্র জানায়, দলীয় নেতারা জোরেশোরে প্রচারণায় নেমে যাওয়ায় মঞ্জুর অবস্থান দিন দিন সুসংহত হচ্ছে। আবদুল্লাহ আল নোমান বলেন, ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে কাজ করলে বিজয় কঠিন ব্যাপার নয়। তবে নোমান ও তাঁর অনুসারীরা আলাদাভাবে প্রচারণা চালাচ্ছেন। তাঁরা খসরুর সঙ্গে একমঞ্চে আসতে রাজি নন। মঞ্জুরও এমন প্রত্যাশা করেছিলেন, যাতে একমঞ্চে আসা সম্ভব না হলে আলাদা মঞ্চ থেকে যেন প্রচারণা চালানো হয়। এর আগে নোমানকে মাঠে নামাতে দুদফা বৈঠক করেন মঞ্জুর আলম। নোমানের ভিআইপি টাওয়ারের বাসায় ওই বৈঠক হয়।