ভোটযুদ্ধের টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তন না প্রত্যাবর্তন?পশ্চিমবঙ্গে মহাসমারোহে চলছে ভোটযুদ্ধ। ৩৪ বছর পর সরকার বদলের সম্ভাবনায় জমে উঠেছে ভোটের লড়াই। মসনদে বসার স্বপ্নে বিভোর মমতা ব্যানার্জির তৃণমূল বলছে রাজ্যজুড়ে বইছে আসলে ‘মমতা-ঝড়’। তাদের কথা, ইতিমধ্যে এই ঝড়ের তিন ঝাপটায় ১২টি জেলায় তছনছ হয়ে গেছে বামফ্রন্টের সাজানো বাগান। ৩, ৭ আর ১০ মে নির্ধারিত ঝড়ের বাকি তিন ঝাপটা হবে আরও শক্তিশালী। ওই ঝড়ে রাজ্যের বাকি সাতটি জেলার বামফ্রন্টের ভরাডুবির চূড়ান্ত হবে। কিন্তু বামফ্রন্ট বলেছে, ঝড় উঠেছে ঠিকই, তবে তা পরিবর্তন বা মমতা-ঝড় নয়। এই ঝড় প্রত্যাবর্তনের ঝড়। বামফ্রন্টই ক্ষমতায় থাকবে।কী বলছেন সাধারণ মানুষ?এবার ভোটকেন্দ্র-ফেরতা মানুষকে জিজ্ঞেস করে এক্সিট পোল ধরনের জরিপ করেননি কেউ। তাই ভোটের পাল্লা এ পর্যন্ত কার দিকে ভারী তা স্পষ্ট করে বোঝার উপায় নেই। ফল কী হতে পারে সে ব্যাপারে সাধারণ মানুষ দ্বিধাবিভক্ত। কেউ বলছেন, বিপুল ভোটে মমতা জিতছেন। তাঁকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আবার কেউ বলছেন, না, পরিবর্তন নয়। এবার প্রত্যাবর্তন ঘটছে বামফ্রন্টের। বেশ সাড়া জাগালেও শেষ পর্যন্ত মমতার গদির স্বপ্ন অধরাই থেকে যাবে। অষ্টমবারের মতো গদিতে বসবে বামফ্রন্ট। ভুলভ্রান্তি শুধরে নতুন করে যাত্রা শুরু করবে তারা।মমতার পদযাত্রাতৃণমূল নেত্রী মমতা এবার নির্বাচনী প্রচারণায় পায়ে হেঁটেছেন বিস্তার পথ। রাজ্যের নানা প্রান্তে গেছেন তিনি। ছয়টি পদযাত্রায় ৪০ কিলোমিটারের বেশি পথ হেঁটেছেন বলে সংবাদপত্রের খবরে প্রকাশ। স্বভাবতই পায়ে ব্যান্ডেজ বাঁধতে হয়েছে একপর্যায়ে। কিন্তু হাঁটায় ক্ষান্ত দেননি ‘দিদি’। বুদ্ধদেবেরও নাকি খুব ইচ্ছা ছিল হাঁটার। কিন্তু অতিরিক্ত ভিড়ের ভয়, নিরাপত্তা আর অনভ্যাসের যোগফলে তাঁকে শেষ পর্যন্ত উঠতে হয়েছে হুডখোলা জিপে।কালো টাকা নিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রার্থীপিছু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচের সীমা বেঁধে দিলেও বাস্তবে তা মানা হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এবার নির্বাচনী প্রচারণার কায়দায় এসেছে নানা চমক। নতুনত্ব এসেছে দেয়াললিখনে। মিছিলগুলোও হচ্ছে বেশ জাঁকজমকপূর্ণ। প্রচারের নতুনত্বে যেন খানিকটা এগিয়েই কংগ্রেস-তৃণমূল জোট। এদিকে বামফ্রন্ট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচারণায় কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলেছে। তাদের অভিযোগ, এবারের নির্বাচনে অন্তত ১০০ কোটি রুপি কালো টাকা খরচ করছে তৃণমূল। সিপিএমের কেন্দ্রীয় নেতা গৌতম দেব অভিযোগ করেছেন, তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায়ের তত্ত্বাবধানে দলটির ২২৬ জন প্রার্থীর মধ্যে ২২৫ জনকেই নগদ ১৫ লাখ রুপি করে ‘অনুদান’ দেওয়া হয়েছে। একজন শুধু এই টাকা নেননি। গৌতমের দাবি, এই টাকাকে বৈধ করার জন্য প্রতি প্রার্থীকে ১৫ লাখ রুপি সমমানের চাঁদার কুপনের অর্ধাংশ দেওয়া হয়, যাতে ওই প্রার্থী বলতে পারেন তিনি জনগণের কাছ থেকে কুপন বিক্রি করে চাঁদা তুলেছেন। গৌতম দেব বলেন, কুপনের বাকি যে অংশ চাঁদাদাতার কাছে থাকার কথা তা পুড়িয়ে ফেলা হয়েছে। সেই কুপন পোড়ানোর ছবিও তাঁদের কাছে আছে। গৌতমের প্রশ্ন, এত টাকা পেলেন কোথায় মমতা? নগদ দিলেন ৩২ কোটি ৯০ লাখ। টেলিভিশনে প্রচারের জন্য খরচ করছেন অন্তত ৩০ কোটি। হেলিকপ্টারে প্রচারণার খরচই বা দিচ্ছে কে?মমতাও কম যান না। এক জনসভায় প্রকাশ্যে বলে দেন, ‘হ্যাঁ, চাঁদার কুপন পুড়িয়েছি। তাতে ওদের কী? ওদের টাকা কি গঙ্গাজলে ধোয়া?’ বামফ্রন্ট সরকারই পাপের সরকার বলে মন্তব্য করেন মমতা। তিনি অভিযোগ তোলেন, রাজ্যজুড়ে হাজার হাজার পার্টি অফিসের নামে অট্টালিকা তৈরি করেছে তারা। কার টাকা সাদা আর কার কালো তা মানুষই বিচার করবে। প্রণবের সাইক্লোন ও আইলানির্বাচন নিয়ে প্রবীণ কংগ্রেসনেতা কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, উত্তরবঙ্গে পরিবর্তনের সাইক্লোন হয়ে গেছে। মানুষ ভোট দিয়েছে পরিবর্তনের পক্ষে। এবার দক্ষিণবঙ্গে আসছে আইলা। এখানেও মানুষ ভোট দেবে পরিবর্তনের পক্ষে। মানুষ ইতিমধ্যে ছুড়ে দিয়েছে বামফ্রন্টকে। গ্রহণ করেছে কংগ্রেস-তৃণমূল জোটকে। নিশ্চিত জয় মমতার। পরিবর্তনের প্রতিশ্রুতি?বামদের ৩৪ বছরের অপশাসনের অবসান ঘটিয়ে পরিবর্তনের সুবাতাস বহাতে চান মমতা ব্যানার্জি। কাজেই তৃণমূলের নির্বাচনী ইশতেহারেই লোকের আগ্রহ ছিল বেশি। সিঙ্গুর আর নন্দীগ্রাম নিয়ে বামদের যে লেজেগোবরে অবস্থা, তা থেকে শিক্ষা নিয়ে ভূমিব্যাংক করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ক্ষমতায় গেলে কর্মসূচি বাস্তবায়নের জন্য দুই পর্যায়ের সময়সীমা বেঁধে দেবেন মমতা। কিছু কাজ সম্পন্ন করা হবে ক্ষমতায় যাওয়ার ২০০ দিনের মধ্যে। অপেক্ষাকৃত সময়সাপেক্ষগুলোর জন্য ধরা হয়েছে এক হাজার দিন। বাম জমানায় ‘অবহেলিত’ শিক্ষা, শিল্প আর স্বাস্থ্য খাতে প্রাণসঞ্চারের জন্যও তৃণমূল নানা পরিকল্পনার কথা শুনিয়েছে।