ভোটার ফরম-সংকটে ব্যাহত হালনাগাদ কার্যক্রম
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহ করেছেন নির্বাচন কমিশনের নিয়োগ-করা তথ্য সংগ্রহকারীরা। কিন্তু ভোটার ফরমের সংকট দেখা দেওয়ায় হালনাগাদ কার্যক্রম ব্যাহত হচ্ছে।জানা গেছে, সারা দেশের মতো মহেশখালীতেও গত ১৬ সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হয়েছে। ভোটার ফরম সরবরাহ করা হয়েছে ১৪ হাজার। তবে গত রোববার এই ফরম শেষ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে হালনাগাদের কাজ।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালীতে নতুন করে আরও ২০ হাজার ভোটার বাড়তে পারে। ভোটার ফরম সংকটের কথা স্বীকার করে মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হক বলেন, ১৪ হাজার ভোটার ফরম তথ্যসংগ্রহকারীদের বিতরণ করা হলেও তা গত রোববার শেষ হয়ে গেছে। তাই জরুরি ভিত্তিতে অতিরিক্ত ভোটার ফরম বরাদ্দ দেওয়ার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।